খুঁজে নাও জানা প্রশ্নের অজানা উত্তর
.
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪ | ২৩:৫৩
ফড়িং সোনা, রাজ্যের প্রশ্ন তোমার মনে। এসব প্রশ্নের অনেক উত্তর জানা। আবার অনেক উত্তর অজানা। এই জানা-অজানা প্রশ্নের সঠিক উত্তর খুঁজে ভাবনার জগৎ রাঙাতে কাকাতুয়া নিয়ে এলো কয়েকটি বই। বইগুলোর খোঁজ দিচ্ছেন আশিক মুস্তাফা
লম্বা গলা যাদের
কথায় বলে, ‘চোরের মায়ের বড় গলা।’ কিন্তু এই বইয়ের প্রচ্ছদে দেখা যাচ্ছে জিরাফের ইয়া লম্বা গলা। তা আর কার কার আছে এই লম্বা গলা? সে আমি বলতে পারবো না বাপু, তোমরাই বইটি পড়ে জেনে নাও!
এই বইটার অর্ধেক তিনকোনা
বইটার নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো কি আছে এই বইয়ে। যদি না বুঝতে পারো তবে বইটা সংগ্রহ করে নিজেই পাঠে মন দিতে পারো। পড়ে কিংবা কেবল দেখেই বনে যেতে পারবে পণ্ডিত মশাই! মানে, তোমার ছোট্ট ভাই কিংবা বোনের মাস্টার বনে যেতে পারবে! এতে নাকের ডগায় চশমা এনে ভয় দেখাতে হবে না। বরং উল্টো সেই তোমাকে ব্যস্ত রাখবে; আর জানতে চাইবে, কী কী আছে তিনকোনায়?
পৃথিবীটা কিসের মতো
‘ডিম আগে না মুরগি আগে’ এই নিয়ে
বাগ্বিতণ্ডা থাকলেও পৃথিবীটা কিসের মতো তা নিয়ে নিশ্চয়ই কোনো বাগ্বিতণ্ডা নেই! তবু অনেকের জানতে ইচ্ছে করে, পৃথিবীটা কিসের মতো?
আচ্ছা ধরো, পৃথিবীটা ডিমের মতো কিংবা জাম্বুরার মতো। তা আর কী কী আছে পৃথিবীর মতো। কিংবা পৃথিবীটার মতো আর কী কী আছে তা জানতে পারবে ‘পৃথিবীটা কিসের মতো’ বইটি পড়লে।
নীল তিমি কতো বড়
নীল তিমি হাতির চেয়ে বড়। মেরু ভালুকের চেয়ে বড়। আবার ইয়াব্বড় হাঙরের চেয়েও বড়ো। কিন্তু বড় ঠিক আছে মানলাম, তা কতো বড় এদের চেয়ে? সেই উত্তর খুঁজতে পারো বইটিতে।
বলবে, বইগুলোর ওপরে তো ৩+ লেখা। সেই বয়সে থাকলেও মূল ৩ বছর তো সেই কবে ফেলে এসেছি। বলি, তা করেছো ঠিকই কিন্তু এই বইগুলো পড়ে নিজে যেমন জানতে পারবে তেমনি পরিবারেে ছোট ভাই–বোনদের মাস্টারও বনে যেতে পারবে। বইগুলো তোমাদের জন্য প্রকাশ করেছে কাকাতুয়া প্রকাশনী। পাওয়া যাবে যে কোনো বইয়ের দোকানে। অনলাইনেও সংগ্রহ করতে পারো KakatuaBookscom– এই ফেসবুক পেজ থেকে।
- বিষয় :
- নীলা
