গল্প
মায়ের ব্ল্যাকবোর্ড ও আমার আকাশ
নাশিরাহ্ বিনতে শফিক দিয়া
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৭:১৪
| প্রিন্ট সংস্করণ
সকাল ৮টা বাজলেই মা বদলে যান। তখন তিনি আর শুধুই আমার মা নন, তিনি তখন একজন-শিক্ষক। পরিপাটি শাড়ি, হাতে একগাদা খাতা আর চোখে এক পৃথিবী শাসন নিয়ে তিনি যখন স্কুলে যান, তখন আমি তাঁর মাঝে এক অচেনা ব্যক্তিত্ব খুঁজে পাই। কিন্তু সেই শাসনের আড়ালে যে কী প্রচণ্ড এক মায়া আর ক্লান্তি লুকিয়ে থাকে, তা হয়তো আমি ছাড়া আর কেউ জানে না! মা সারাদিন অন্য ছেলেমেয়েদের অঙ্ক মেলান, গ্রামার শেখান। বাসায় ফিরে যখন রান্নাঘরে ঢোকেন, তখন সেই শিক্ষক রূপটা কোথায় যেন হারিয়ে যায়।
রাজ্যের ক্লান্তিতেও আমার এসএসসির পড়া কতদূর হলো তা না জেনে তিনি এক গ্লাস জলও মুখে দেন না। আমি যখন গভীর রাতে পড়াশোনায় হিমশিম খাই, মা তখন পাশের ঘরে বসে পরদিনের লেসন প্ল্যান করেন। মাঝে মাঝে দেখি, খাতা দেখতে দেখতেই মা ঘুমিয়ে পড়েছেন। সেদিন মা স্কুল থেকে ফিরে খুব অসুস্থ ছিলেন। জ্বরের ঘোরেও বিড়বিড় করে রোলের নাম ডাকছেন। আমি যখন তাঁর কপালে জলপট্টি দিচ্ছিলাম, মা হঠাৎ হাতটা ধরে বললেন, ‘তোর টেস্ট পেপারটা শেষ হয়েছে? কাল আমিই পরীক্ষা নেবো।’
মা দিবস এলে আমি শুধু এইটুকুই ভাবি– মা কখনও নিজের জন্য ছুটি পান? সম্ভবত না। মায়ের ছুটি নেই, মা অবিরাম চলতে থাকা ভালোবাসা, যার শেষ নেই!
বয়স: ২+৩+৩+৮ বছর। এসএসসি-২০২৬ ব্যাচ, কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম
- বিষয় :
- গল্প
