ছড়া-কবিতা
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৭:০৯
| প্রিন্ট সংস্করণ
হা সা ন হা ফি জ
ঘুমপাড়ানি নয়
সে আর
ছড়া এখন র্ছরা বুলেট
প্রতিবাদের তীর
নিজকে জাহির করার জন্যে
উদগ্রীব অস্থির।
ঘুমপাড়ানি বদনামটা
ঘুচেই গেছে কবে,
হিস্টোরিটা নতুন করে
লিখতে এবার হবে।
ছড়া এখন বর্গী তাড়ায়
কণ্ঠে গানের সুর,
কখনো সে অসীম আকাশ
সুনীল সমুদ্দুর।
ছড়া আমার ছড়া
মনটা উদাস করা।
ছড়ার মধ্যে সঞ্জীবনী
সাহস খুঁজে পাই,
সুনীল আকাশ ছড়ার সাগর
কূলকিনারা নাই।
ফা রু ক হো সে ন
বিড়াল পুষি
কখনও নিঝুম নীরব শান্ত
কিচেনের কোনে শুয়ে
কখনও রুক্ষ নাছোড়বান্দা
ঘাড় ত্যাড়া একগুঁয়ে।
কখনও লুকায় বাক্সে কক্ষে
নিজেকে দেখাতে মানা
কী মজা দেখতে বিড়ালের যতো
কাণ্ড ও কারখানা।
হঠাৎ শূন্যে লাফ দিয়ে খাড়া
কোনোই কারণ ছাড়া
কখনও আলসে পড়ছে হেলিয়ে
ঘুমিয়ে যাবার তাড়া।
চাইলে সে শুয়ে থাকছে বেসিনে
ভেঙে ফ্যালে এটা ওটা
গন্ধ নিচ্ছে দেখছে যখন
সামনে বন্ধ কোটা।
রাগ অনুরাগ আবেগে বিড়াল
মাঝে মাঝে অভিমানি
যদি উঠে যায় রক্ত মাথায়
খুঁজে খুঁজে খায় পানি।
আচারে এবং আচরণে এই
বিড়ালেরা বহুরূপি
আড়ালে আড়ালে ঘুরে ফিরে যায়
একদম চুপি চুপি।
তবুও আমরা খুশি
বিড়ালকে পেলে পুষি।
কা জী জ হি রু ল ই স লা ম
দুলছে অমন কি ফুল?
মাথার ওপর দুলছে মেয়ের ফুল
গোলাপ নাকি সুগন্ধি বকুল?
ফুটল বুঝি গোলাপ ফুলই, লাল
পাড়ার লোকে সৌরভে মাতাল
নাকি সে এক রাত্রে ফোটা জুঁই
ছড়াচ্ছে কী আনন্দ খুশবুই
ইনসান ও জ্বিন একসাথে উদ্বেলই
সে কী তবে আধফোটা এক বেলী?
নাম জানো কেউ, দিচ্ছি ধাঁ ধাঁ
মাথার ওপর দুলছে অমন কি ফুল?
ওমা এ যে ঝুঁটি বাঁধা
নভোমনির কুচকুচে কালো চুল।
- বিষয় :
- কবিতা
