ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বইয়ের খোঁজ

রুমকির সঙ্গে ছড়ার রাজ্যে...

রুমকির সঙ্গে ছড়ার রাজ্যে...
×

আশিক মুস্তাফা

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৯

| প্রিন্ট সংস্করণ

রুমঝুম
রুম ঝুম রুমকি
চোখ জুড়ে
উড়ে এলো ঘুম কি?
পড়ো মুখে
এক দুই নামতা
কী কী আছে ঝুরি ভরা আম–তা।
রুম ঝুম
রুম ঝুম রুমকি–
ঠিক ঠিক 
মুখে দেব চুম কি?

বলি, এই রুমঝুম রুমকিটা কে গো? আর চুমকি? সে কোন মানুষ, নাকি মায়া?
যাই হোক তোমরা রুমকির ছড়াটা পড়লে ঠিকই বুঝতে পারবে। 
এই ছড়াটা পড়লে, এই ছড়ার বইটা পড়লে আর কী কী বুঝতে পারবে? বুঝতে পারবে এই ছড়ার বই কেবলই একটি বই নয়; এত্তো এত্তো ছড়ার রাজ্য! এই রাজ্যে আছে ‘মায়ের হাতের পাখা’, ‘মায়ের কথা ঝুমকো লতা’, ‘কৈ গেলরে কই’, ‘লাল ফড়িংয়ের ছড়া’, ‘রঙিন মেঘের পালকি’, ‘দোল দিয়ে যায় বাতাস এসে’, ‘ঝিকিরমিকির টিনের গাড়ি’, ‘ইঁদুর বিড়ালের ছড়া’, ‘আঁকতে আঁকতে হলদে পাখি’ ও ‘ছুটল হাতি ছুটল বাঘ’ শিরোনামের  দশটি বইয়ের ছড়া। 
এই ছড়াগুলো গাছের ছড়া, মাছের ছড়া, মায়ের ছড়া, বাবার ছড়া, ভূতের ছড়া, টুতের ছড়া! বলবে, টুত আবার কী? ভূত ছাড়া আর যা যা আছে সবই তুট! 
এই ভূত আর টুতসহ রাজ্যের ছড়াগুলো পড়তে পড়তে ভাবনার রাজ্যে হারিয়ে যাবে তোমরা; এটা নিশ্চিত বলতে পারি!
মজার এই ছড়াসমগ্রটি প্রকাশ করেছে ছোটদের সময় প্রকাশনী। ৬০০ টাকা দামের এই সমগ্রের প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। ও ছড়াসমগ্রের লেখকের কথাই তো বলা হলো না! তিনি হচ্ছেন তোমাদের প্রিয় লেখক ও ছড়াকার মামুন সারওয়ার। প্রিয় লেখকের এই ছড়াসমগ্র পাওয়া যাবে যে কোনো বইয়ের দোকানে। পাওয়া যাবে অনলাইনেও। চাইলে তোমরা ০১৯১১ ১৩১২৮১ এই নম্বরে কল করেও সংগ্রহ করতে পারো। পড়ে জানিও আমাদের, কেমন লাগলো; ঠিক আছে? n

আরও পড়ুন

×