হাসান হাফিজের ছড়া
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৯
| প্রিন্ট সংস্করণ
ইচ্ছে করে
পাখি পাখি পাখি
তুমি তো ভাই উড়তে জানো
আকাশ তোমায় কেমন করে
পারবে দিতে ফাঁকি?
দুইটি ডানা ঝেড়েঝুড়ে
দাও উড়ানের ঝাঁকি
জরুরি কাজ, বিলম্ব নয়
তাই রেখো না বাকি
তুমি আমার পঙ্খী সোনা পাখি,
আদর যত্ন মায়ায় স্নেহে
সারাজীবন বাসছি ভালো
জড়িয়ে ধরে রাখি
মন-খুশিতে থাকি
কিচিরমিচির শব্দ ঢেউয়ে
করছো ডাকাডাকি
ওগো আমার আদুরে ধন
পিতলা টোনা পাখি,
তোমায় দেখে দৃষ্টি আমার
উছল মাখামাখি–
তোমার আমার এই যে বাঁধন
তার তুলনা নাই সোনামন
গাঢ় গভীর চিরস্থায়ী
সে বন্ধুতার রাখী।
ওরে আমার পাখি
ইচ্ছে করে পুরো জনম
তোকে আমার বুকের মধ্যে
আলতো বেঁধে রাখি।
ভূত ভূতুনি
কাকতাড়ুয়া কাক তাড়ায়
রাত্তিরে সে ভূত ছাড়ায়
ভূত-পেতনি খায় না ধান
বলে, আন্ রে শুঁটকি আন্।
শুঁটকি খেয়ে তাধিন ধিন
নাচনা নাচি মন রঙিন
দুষ্ট যে লোক ঠেঙাই, ধর
ভেঙিয়ে ওকে করছি ভর
দুষ্টুমি ওর করছি বার
দিচ্ছো বাধা, খবরদার!
ভেংচি কেটে বলছি ভাই
দুষ্টু লোকের রক্ষে নাই
আমরা হলুম ভূতের ভালো
আলোর খোঁজে ফিরি
কাকতাড়ুয়ার মধ্যে তো নাই
ভালোমানষির ছিরি–
কাকতাড়ুয়া তোমার ছেঁড়া
পোশাক ভালো নয়,
কচি কাঁচা বাচ্চারা তাই
পায় তোমাকে ভয়।
সাজুগুজু সুন্দর হোক
সেই সে দাবি তোলো
তারপরে এই ভূত-চেহারার
খোলস তুমি খোলো।
- বিষয় :
- কবিতা