স্লিপ ওয়াকিং বা ঘুমের মধ্যে হাঁটা
ডা. মোহাম্মদ তারিকুল আলম
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ০৭:২৩
| প্রিন্ট সংস্করণ
মনোবিজ্ঞানের পরিভাষায় ঘুমন্ত অবস্থায় হাঁটা বা সমনাবুলিজমকে ইংরেজিতে স্লিপ ওয়াকিং (Sleep Walking) বলা হয়। এটি এমন একটি অবস্থা, যেখানে ব্যক্তি ঘুমের ঘোরে ঘর থেকে বেরিয়ে যান, কথা বলেন, কাঁদেন বা চিৎকার করেন; কিন্তু ঘুম থেকে ওঠার পর তাঁর কিছুই মনে থাকে না।
স্লিপ ওয়াকিংয়ের বৈশিষ্ট্য
স্লিপ ওয়াকিংয়ের সময় আক্রান্ত ব্যক্তি স্বাভাবিকভাবে ঘুমাতে যান। কয়েক ঘণ্টা পর তারা কথা বলা শুরু করেন, ঘুম থেকে উঠে পড়েন। এ সময় তাদের চোখ খোলা থাকে, কিন্তু চেহারা থাকে ভাবলেশহীন বা অভিব্যক্তিহীন। নিজের অজান্তেই তারা হাঁটেন, কথা বলেন বা কাজ করেন। এটি সাধারণত ছোটদের মধ্যে বেশি দেখা গেলেও বড়রাও আক্রান্ত হতে পারেন।
স্লিপ ওয়াকিংয়ের সম্ভাব্য কারণ
স্লিপ ওয়াকিংয়ের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে–
অত্যধিক ক্লান্তি: খুব ক্লান্ত দেহে বা সারাদিন অতিরিক্ত পরিশ্রমের পর বিছানায় গেলে।
মানসিক অস্থিরতা: উত্তেজনা, ভয় বা মানসিক চাপ-অস্থিরতা থাকলে।
অনিয়মিত ঘুম: প্রতিদিনের ঘুম যদি হয় অনিয়মিত এবং অপর্যাপ্ত।
স্লিপ অ্যাপনিয়া: ঘুমের মধ্যে বিশেষ ধরনের শ্বাসবদ্ধতা থাকলে।
ওষুধের প্রভাব: কিছু নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে।
বংশগত কারণ: মা-বাবার মধ্যে স্লিপ ওয়াকিং করার প্রবণতা থাকলে সন্তানেরও এর আশঙ্কা বাড়ে।
স্লিপ ওয়াকিং থামাতে করণীয়
স্লিপ ওয়াকিং আক্রান্তদের সুরক্ষার জন্য নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করা উচিত–
নিরাপত্তা নিশ্চিত করা: আক্রান্ত ব্যক্তিকে একা থাকতে দেওয়া উচিত নয়। তিনি দরজা খুলে বাইরে চলে যেতে পারেন বা সিঁড়ি-রেলিং টপকে পড়ে যেতে পারেন।
বিছানায় ফিরিয়ে আনা: হাঁটতে দেখলে মমতা মিশিয়ে তাদের শান্তভাবে বিছানায় ফিরিয়ে শুইয়ে দিতে হবে।
ওষুধ পরিবর্তন: যে ওষুধগুলো স্লিপ ওয়াকিং ঘটাতে পারে, সেগুলোর ব্যবহার বন্ধ করা বা পরিবর্তন করা।
স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা: যদি স্লিপ অ্যাপনিয়া থাকে, তবে এর চিকিৎসা করলে স্লিপ ওয়াকিং সমস্যার সমাধান হতে পারে।
ধারালো বস্তু অপসারণ: ঘরে কোনো ধরনের ধারালো বস্তু, ছুরি বা কাঁচি রাখা যাবে না।
অভ্যাস পরিবর্তন: একটি ডায়েরি করে কখন ঘুম শুরু হচ্ছে এবং কখন সমস্যা শুরু হচ্ছে, তা লিপিবদ্ধ করতে হবে। স্লিপ ওয়াকিং শুরু হওয়ার ১০-১৫ মিনিট আগে রোগীকে ঘুম থেকে জাগিয়ে দিন। ৫ মিনিট জাগিয়ে রেখে আবার ঘুম পাড়িয়ে দিন। এভাবে অভ্যাসের পরিবর্তন ঘটানো যেতে পারে। স্লিপ ওয়াকিং গুরুতর কোনো মানসিক সমস্যা নয়। তবে সচেতনতা ও যত্নবান হওয়া প্রয়োজন।
লেখক : বিশেষজ্ঞ চিকিৎসক
- বিষয় :
- ঘুম
