ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আনোয়ার ইব্রাহীমের স্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আনোয়ার ইব্রাহীমের স্ত্রী
×

ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল-মালয় মেইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:২৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৩৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ মাহাথিরের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। ক্ষমতাসীন জোটের সঙ্গী পিকেআরের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহীমের স্ত্রী তিনি। মাহাথিরের পদত্যাগের পর আনোয়ার ইব্রাহীমকে তার সম্ভাব্য উত্তরসূরী হিসেবে ভাবা হচ্ছিল।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলে আজিজাহই হবেন মালয়েশিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।

মালয়েশিয়ার ইংরেজি দৈনিক মালয় মেইল একটি প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মাহাথির পদত্যাগ করায় মালয়েশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন দেশটির বর্তমান উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

পাকাতান হারাপান জোটের সঙ্গী পিকেআরের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দেশটির অর্থমন্ত্রী ও পিকেআরের ডেপুটি প্রেসিডেন্ট আজমিন আলী এবং তার ডান হাত হিসেবে পরিচিত গৃহায়ণ ও স্থানীয় সরকারমন্ত্রী জুরাইদা কামারউদ্দীনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

২০১৮ সালে মাহাথির সরকার গঠন করার পর মালয়েশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আজিজাহ। একইসঙ্গে দেশটির নারী, পরিবার ও সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্বরত তিনি।

ক্ষমতাসীন রাজনৈতিক দল প্রিবুমি বেরসাতু মালয়েশিয়ার জ্যেষ্ঠ কয়েকজন নেতা রোববার জোটের অন্য দলগুলোর সঙ্গে গোপন বৈঠক করে নতুন সরকার গঠনের পরিকল্পনা করে। তবে সেই পরিকল্পনা সফল না হলেও পাকাতান হারাপান জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন পিপিবিএমের প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিন।

পাকাতান হারাপান জোটে ভাঙনের আশঙ্কা জোরালো হওয়ায় বিরোধী দল উমনো অ্যান্ড পার্টি ইসলাম সে-মালয়েশিয়ার (পিএএস) নেতৃত্বে নতুন সরকার গঠনের গুঞ্জনের মাঝে সোমবার মালয়েশিয়ার রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন মাহাথির মোহাম্মদ।

প্রসঙ্গত ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মাহাথির মোহাম্মদ।

নির্বাচনের আগে দুই বছরের মাথায় জোট নেতা আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব দিয়ে বিদায় নেওয়ার কথা থাকলেও এতদিন ক্ষমতা ছাড়েননি মাহাথির।

এর আগে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মাহাথির। সেসময় উপ-প্রধানমন্ত্রী ছিলেন আনোয়ার। 

১৯৯৮ সালে অর্থনৈতিক মন্দা মোকাবিলা করা নিয়ে দ্বন্দ্বে তাকে বহিষ্কার করেন মাহাথির। সমকামিতার অভিযোগে ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত কারাভোগ করতে হয় আনোয়ারকে। পরে ২০১৮ সালের নির্বাচনের আগে মাহাথির আবারও তার সঙ্গে জোট গঠন করেন।


আরও পড়ুন

×