ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল মামলার শুনানি শুরু

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল মামলার শুনানি শুরু
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ১৭:২৪ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ১৭:২৪

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বা অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলার শুনানি শুরু হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে বুধবার মামলাগুলোর শুনানি শুরু হয়।

শীর্ষ আদালত জানিয়েছেন, সোম ও শুক্রবার বাদে প্রতিদিনই ধারাবাহিকভাবে চলবে মামলাগুলোর শুনানি। খবর এনডিটিভির। 

প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের পাশাপাশি সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কিসান কউল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সূর্য কান্ত।

৩৭০ ধারা বাতিলের কেন্দ্রীয় পদক্ষেপের বিরুদ্ধে আবেদনকারী পক্ষের হয়ে বুধবার শুনানিতে অংশ নেন আইনজীবী কপিল সিব্বাল। 

শুনানির সূচনায় তিনি বলেন, জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত আদৌ সাংবিধানিক কোনো পদক্ষেপ নয়। পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত।

২০১৯ সালের ৫ আগস্ট রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দানকারী ৩৭০ নম্বর ধারা প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পর সংসদের দুই কক্ষে ৩৭০ বাতিলের বিল পাসের ফলে বিশেষ মর্যাদা হারায় কাশ্মীর। সেই সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ দাবি করে শীর্ষ আদালতে মোট ২০টি আবেদন জমা পড়ে।


আরও পড়ুন

×