ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

গত বছর রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব: অ্যামনেস্টি

গত বছর রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব: অ্যামনেস্টি
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ২৩:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সৌদি আরবে ২০১৯ সালে রেকর্ড ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এক বছরে দেশটিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এটি। বিশ্বব্যাপী যখন মৃত্যুদণ্ড কার্যকরের হার কমছে তখন সৌদিতে তা বেড়ে গেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য দিয়েছে।

মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইরানে ২৫১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চীনের পর যা সর্বোচ্চ। অ্যামনেস্টির প্রতিবেদনে চীনের পরিসংখ্যানের কথা উল্লেখ করা হয়নি। কারণ রাষ্ট্রীয় গোপনীয়তার নীতি অনুরসণ করে বেইজিং এ সংখ্যাটি প্রকাশ করে না। তবে অ্যামনেস্টির মতে, এ সংখ্যা হতে পারে কয়েক হাজার।

গত বছর ইরাকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে ১০০। যুক্তরাষ্ট্রে ২০১৯ সালে ২২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা গত চার বছর ধরেই কমছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বব্যাপী ৬৫৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৮ সালের তুলনায় যা ৫ শতাংশ কম।

অ্যামনেস্টি তাদের প্রতিবেদনে বলেছে, ইরান, উত্তর কোরিয়া ও ভিয়েতনাম তথ্য গোপন করে। যার কারণে আসলেই কতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

মানবাধিকার সংগঠনটি আরও বলেছে, বিরোধীদের দমন করতে সৌদি আরবে মৃত্যুদণ্ডকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিমাণ বাড়ছে। গত বছরের হিসাব সেই ইঙ্গিতই দিচ্ছে।

আরও পড়ুন

×