ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়ার চিন্তা ট্রাম্পের

চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়ার চিন্তা ট্রাম্পের
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০১:০০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০১:৩৯

করোনভাইরাসের সংক্রমণ ছড়ানোকে কেন্দ্র করে চীনকে কথার বাণে বিদ্ধ করেই যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বলেছেন, ভাইরাসের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়ার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে বেইজিংয়ের বিরুদ্ধে ওয়াশিংটন ‘গুরুতর তদন্ত’ শুরু করেছে বলে জানিয়েছেন ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের চিকিৎসা হিসেবে আক্রান্তের শরীরে জীবাণুনাশক ঢোকানোর পরামর্শ দেওয়ার পর রোববার সংবাদ সম্মেলন থেকে বিরত ছিলেন ট্রাম্প। হোয়াইট হাউস অবশ্য বলেছে, রোববারের সংবাদ সম্মেলনটি শেষ মুহূর্তে বাতিল করা হয়।

সংবাদ সম্মেলনে চীনকে সরাসরি আক্রমণ করে ট্রাম্প বলেন, মহামারি ছড়িয়ে পড়ার জন্য বেইজিংকে অনেক উপায়ে জবাবদিহিতার আওতায় আনা যায়। আমরা চীনের প্রতি সন্তুষ্ট নই। আমরা দেশটির বিরুদ্ধে গুরুতর কিছু তদন্ত শুরু করেছি। চীন যদি শুরুতেই পদক্ষেপ নিত, তাহলে ভাইরাসটি বিশ্বব্যাপী এভাবে ছড়িয়ে পড়ত না।

এরপর এক প্রশ্নের জবাবে ট্রম্প জার্মানির একটি সংবাদপত্রের সম্পাদকীয়র প্রসঙ্গ টানেন। ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, ভাইরাসের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য চীনের কাছে ১৬ হাজার ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইতে পারে জার্মানি।

ট্রাম্প বলেন, জার্মানি ক্ষতিপূরণের কথা ভাবছে। আমরাও ক্ষতিপূরণের কথা ভাবছি। তবে জার্মানি যে পরিমাণ ক্ষতিপূরণের কথা ভাবছে আমরা তার চেয়েও বেশি ক্ষতিপূরণের কথা ভাবছি। যদিও আমরা অর্থের পরিমাণ এখনও ঠিক করিনি।

তবে শরীরে জীবাণুনাশক ঢুকিয়ে কোনো মানুষ যদি ক্ষতিগ্রস্থ হতেন তার দায় কে নিতেন বা ক্ষতিপূরণ কী হতো? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এ ব্যাপারে কোনো দায় দায়িত্ব নেবেন না।

সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বিশ্বের দুই শক্তিধর দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্ব›দ্ব চরম আকার ধারণ করেছে। সমালোচকরা মনে করেন, নিজ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েই নানা বিষয়ে চীনের দিকে আঙুল তুলতে শুরু করেছেন ট্রাম্প।

আরও পড়ুন

×