বাইডেনকে নির্বাচনী লড়াই ছাড়তে বললেন সেই নারী
টারা রেডি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২০ | ০০:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনার মহামারীর এই দুঃসময়ে ট্রাম্পের জন্য সুখের সংবাদই বলা যায়। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিরোধীদল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার লড়াইয়ে থাকা জো বাইডেন পড়ছেন গ্যাড়াকলে। বাইডেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন টারা রেডি নামে এক নারী। শুধু অভিযোগ করেই ক্ষ্যান্ত দেননি টারা, আহ্বান জানিয়েছেন, বাইডেন যেন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান। প্রেসিডেন্ট হওয়ার যোগ্য চরিত্র বাইডেনের নেই। খবর বিবিসির।
জো বাইডেন ১৯৯৩ সালে সিনেটর থাকাকালে তার অফিসের সহকারী ছিলেন টারা রেডি। বর্তমানে ৫৬ বছর বয়সী এই নারী সেই সময় বাইডেনের যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ তুলেছেন। ২৭ বছর আগের ঘটনা তুলে তিনি এমন সময়ে অভিযোগ তুললেন যখন বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার লড়াইয়ে অবতীর্ণ।
এপ্রিলের শুরুতে রিড ওয়াশিংটন পুলিশের কাছে যৌন হয়রানির অভিযোগ করেন। রিড বলেন, বাইডেন বেশ কয়েকজন নারীকে যৌন হয়রানি করেছেন। এর মধ্যে তিনিও শিকার হন। বাইডেনের আচরণে নারীরা অস্বস্তিবোধ করতেন। তিনি বলেন, সিনেটর বাইডেন ১৯৯৩ সালে ক্যাপিটল হিলের করিডরে তাকে যৌন হয়রানি করেছিলেন। সে সময় টারার বয়স ছিল ২৯ বছর।
নিজের অভিযোগ বিষয়ে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে টারা রেডি বলেন, আমি চাই জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াক। বাইডেনকে উদ্দেশ্য করে টারা বলেন, দয়া করে সরে দাঁড়ান এবং বিচারের ভেতর দিয়ে আসুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মতো চারিত্রিক দৃঢ়তা আপনার নেই।
বাইডেনের কি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো উচিত- এমন প্রশ্নের জবাবে টারা বলেন, অবশ্যই আমি তা চাই। কিন্তু তিনি হয়তো তা করবেন না।
টারা বলেন, আমি যদি মিথ্যা বলি, তাহলে তা লাই ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হোক। বাইডেনকেও পরীক্ষা করা হোক।
সাক্ষাৎকারের আগে মিডিয়া ব্যক্তিত্ব মেগান কেলিকে ওই ঘটনা সম্পর্কে টারা জানান, বাইডেন তার গলায় চুমু দিয়েছিলেন এবং তার সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছিলেন।
তবে সাবেক সহকারীকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন বর্তমানে ৭৭ বছরের বাইডেন। তিনি বলেন, এমন কিছু কখনো ঘটেনি। যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল এমএসএনবিসির মর্নিং শোতে বাইডেন বলেন, 'এটা সত্য নয়। আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, এমন ঘটনা কখনো ঘটেনি। আমি জানি না ২৭ বছর পর কেন এসব কথা উঠছে।'
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এ নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হতে পারেন জো বাইডেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থীতা নিশ্চিতের পথে রয়েছেন বাইডেন।