ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

৬৭ দিন বন্ধের পর ইতালির ৮০ শতাংশ ‘লকডাউন’ শিথিল

৬৭ দিন বন্ধের পর ইতালির ৮০ শতাংশ ‘লকডাউন’ শিথিল
×

ছবি: দ্য গার্ডিয়ান

ইউসুফ আলী, ইতালি

প্রকাশ: ১৮ মে ২০২০ | ১৩:১১ | আপডেট: ১৮ মে ২০২০ | ১৩:৪৩

প্রাণঘাতী করোনায় ক্ষতিগ্রস্ত ইতালির পরিস্থিতি এখন অনেকটা আগের মতোই। দেশটির ‘লকডাউন’ প্রায় ৮০ শতাংশ সোমবার থেকে শিথিল করা হয়েছে। করোনার প্রকোপে ৬৭ দিন টানা বন্ধের পর মানুষের সরব উপস্থিতি এবং প্রাণচাঞ্চল্য ফিরেছে প্রায় সর্বত্র।

আগামী ৩ জুন থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ইতালিতে পর্যটক প্রবেশ করতে পারবেন। প্রবেশের পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না পর্যটকদের। ফলে আসন্ন গ্রীষ্মে এ খাতের ব্যবসায়ীরা কিছুটা আশার আলো দেখছেন।

এ দিকে গত ২৪ ঘণ্টায় ইতালির করোনা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। দেশটিতে করোনার প্রকোপ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে এসেছে। নাগরিক সুরক্ষা বিভাগের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫১ জন, মৃত্যু হয়েছে ৯৯ জনের এবং সুস্থ হয়েছে ২ হাজার ১৫০ জন।

ইউরোপের মধ্যে ইতালি প্রথম দেশ যেখানে লকডাউন প্রায় পুরোটাই উঠিয়ে দেওয়া হচ্ছে। খুলে দেওয়া হয়েছে পাইকারি, খুচরাসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষকরে ‘লকডাউন’ ঘোষণার ৬৭ দিন পর খুললো খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো। একইসময় পর খুলেছে ধর্মীয় প্রতিষ্ঠান। সোমবার থেকে শিশু-কিশোরদের চাঞ্চল্য বেড়েছে খেলার পার্কগুলোতে। গণপরিবহনে ফিরে এসেছে স্বাভাবিক অবস্থা। যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়ানো হয়েছে পরিবহনের সংখ্যা। ইতালি যেন আগের অবস্থায় ফিরেছে দু’মাসেরও বেশি সময় পর।

তবে দেশটির ৬ কোটির বেশি নাগরিক পুরোপুরি মুক্ত হবেন আগামী ৩ জুনের পর। উঠিয়ে নেওয়া হবে ভ্রমণ নিষেধাজ্ঞা। দেশটির সীমান্ত খুলে দেওয়া হবে এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অবাধ যাতায়াতে কোন নিষেধাজ্ঞা থাকবে না। রেস্টুরেন্ট এবং বার খুলে দেয়া হলেও এখন কেবল হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। আগামী ১ জুন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরবে রেস্টুরেন্ট ব্যবসা। দেশটির ডিসকো বার এবং ব্যাপক লোকসমাগম হয় এমন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে এখনো। পর্যটন খাত সংশ্লিষ্ট প্রায় সকল ব্যবসা বন্ধ রয়েছে। আগামী ৩ জুনের পর পর্যটক খাতের ব্যবসা কিছুটা শুরু হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

ইতালির দৈনিক পত্রিকা ‘লা রিপুবলিকা’ জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে আগামী ৩ জুনের পর ইতালিতে প্রবেশ এবং ইতালির নাগরিকরা সেনজেনভুক্ত দেশগুলো ভ্রমণ করতে পারবেন। এ সময়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিল, তবে সেটি উঠিয়ে নেওয়া হয়েছে। এর ফলে ইউরোপের দেশগুলো ভ্রমণে পর্যটকদের কোয়ারেন্টাইন হিসেবে নির্দিষ্ট একটি সময় অবরুদ্ধ হয়ে থাকতে হবে না।

এ দিকে, লকডাউন প্রায় পুরোটাই উঠিয়ে নেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। সোমবার রোমের ‘লারগো প্রেনেসতিনা’য় খোলা মাঠে আজান দিয়ে ইফতার ও মাগরিবের সালাত আদায় করেছেন একদল মুসলিম। বৃহত্তর ঢাকা সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। ইতালির অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘ধুমকেতু’র সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শতাধিক মুসলিম অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

×