প্রতিদিন হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছেন, জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২০ | ২৩:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনার ওষুধ কিংবা ভ্যাকসিন আবিষ্কার নিয়ে চিকিৎসাবিজ্ঞানীরা যখন গলদগর্ম, তখন মহামারিটির হাত থেকে বাঁচতে প্রতিদিন হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ ওষুধটি ম্যালেরিয়ার। ট্রাম্প প্রায় দেড় সপ্তাহ ধরে ওষুধটি খাচ্ছেন বলে সোমবার জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বরাবরই দাবি করছেন, করোনা ভাইরাস ঠেকাতে এ ওষুধটি খুবই মোক্ষম দাওয়াই, যদিও যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিশেষজ্ঞরা তার দাবি উড়িয়ে দিয়ে বলছেন, এতে পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতিই বেশি। এদিকে আবারও বিশ্বস্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) ‘চীনের হাতের পুতুল’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। খবর সিএনএন ও বিবিসির।
হোয়াইট হাউসে সোমবার দেশের রেস্তোরাঁ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘করোনায় যাতে আক্রান্ত না হই, সেজন্য আমি প্রতিদিন হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছি। হোয়াইট হাউসের চিকিৎসসকদের পরামর্শেই ওষুধটি খাচ্ছি।’
ট্রাম্প জানান, দেড় সপ্তাহ ধরে ওষুধটি খাচ্ছেন তিনি। সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আপনারা জানলে আশ্চর্য হবেন, কত লোক ওষুধটি খাচ্ছেন, বিশেষ করে করোনার বিরুদ্ধে লড়াইরত ফ্রন্টলাইন কর্মীরাও অনেকে ওষুধটি খাচ্ছেন।’
করোনায় ওষুধটি কাজ করে- এমন কোনো প্রমাণ আছে কিনা, সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এক্ষেত্রে আমিই প্রমাণ। আমি এ নিয়ে ফোনে অনেক ভালো খবর পেয়েছি।’ তিনি আরও বলেন, 'আমি জানি না পুরোপুরি ওষুধটি কাজ করছে কিনা, তবে এটুকু জানি, আপনার যদি ওষুধটি কাজ নাও করে অন্তত মারা তো যাবেন না।'
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের প্রথম দিকেই ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধটি নিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। করোনা চিকিৎসায় এ ওষুধটি ব্যবহারের পক্ষে ট্রাম্প ইতোমধ্যেই এটিকে ‘গেমচেঞ্জার’ ওষুধ আখ্যা দিয়েছেন। হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রধান উৎপাদক ভারতকে চাপ দিয়ে বেশ কিছু আমদানিও সেরে ফেলেছেন তিনি।
তবে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রাশাসন বিভাগ (এফডিএ)। সিংস্থাটি জানায়, এ ওষুধ ব্যবহারের কারণে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। হাসপাতাল ও ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে করোনা রোগীদের ক্ষেত্রে এ ওষুধ প্রয়োগ না করার পরামর্শ দেন চিকিৎসকরা।
তবে শরীরে ভাইরাস শনাক্ত না হলেও তিনি কেন নিয়মিত সেই বিতর্কিত ওষুধই খাচ্ছেন, তা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প। ইতোমধ্যে হোয়াইট হাউসে ট্রাম্পের ব্যক্তিগত খানসামাসহ অন্তত ৩ জন কর্মকর্তা আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এরপর প্রতিদিনই নিজের করোনা পরীক্ষা করছেন ৭৩ বছরের ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে করোনায় এরইমধ্যে আক্রান্ত ১৫ লাখ এবং মৃতের সংখ্যা ৯০ হাজার পেরিয়ে গেছে। সোমবার একদিনেই এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ২২ হাজার। তারপরও লকডাউন শিথিলের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প।