ভারতে ২৪ ঘণ্টায় সড়কে প্রাণ গেল ১৮ অভিবাসী শ্রমিকের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২০ | ০১:২০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ভারতে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অভিবাসী শ্রমিকরা। মঙ্গলবার ভোররাতে বিহারের ভাগলপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হয়েছেন ৯ শ্রমিক। আহত হয়েছেন বেশ কয়েকজন।
গত ২৪ ঘণ্টায় এ নিয়ে ১৮ জন অভিবাসী শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারালেন। বাকিরা নিহত হয়েছেন মহারাষ্ট্র ও উত্তর প্রদেশে। অন্য রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা লকডাউনে নিজ রাজ্যে ফেরার পথে এর আগেও প্রাণ হারিয়েছেন এরকম বিভিন্ন দুর্ঘটনায়। কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে বিহারে ৯ জন ছাড়াও মহারাষ্ট্রে ৪ শ্রমিক নিহত ও ১৫ জন আহত হন। এর আগে সোমবার উত্তর প্রদেশে পৃথক দুর্ঘটনায় ৩ নারীসহ মারা যান ৫ অভিবাসী শ্রমিক। আগের দিন লখনৌতে ২ শ্রমিক নিহত ও ২৩ জন মারাত্মকভাবে জখম হন।
করোনায় মৃত্যুমিছিলের পাশাপাশি সমান তালে চলছে অভিবাসী শ্রমিকদের মৃত্যুমিছিল। দুর্ঘটনায়, দুর্দশায় তাদের মৃত্যুর খবর ভারতে এখন নিত্যদিনের ঘটনা।