ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

উত্তর কোরিয়াকে দেয়া নিষেধাজ্ঞা মেনে চলছে তাইওয়ান

উত্তর কোরিয়াকে দেয়া নিষেধাজ্ঞা মেনে চলছে তাইওয়ান
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২০ | ০২:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

উত্তর কোরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুরোপুরি মেনে চলছে তাইওয়ান। মঙ্গলবার জাতিসংঘে উত্তর কোরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধিকে এ কথা জানান দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার ব্যাপারে তাইওয়ান আন্তর্জাতিক বিধি মানছে না, এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধিকে আশ্বস্ত করেন তাইওয়ানি কর্মকর্তারা।

তাইওয়ান এমন একটি দেশ যারা নিজেদের স্বাধীন ও সার্বভৌম মনে করলেও চীন একে নিজের ভূখণ্ড বলে দাবি করে থাকে। এই বিতর্কের কারণে দেশটি জাতিসংঘের সদস্যপদও পায়নি এখনো। যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাবে বলেছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা নিবৃত্ত করার ব্যাপারে তারাও বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে একই মত পোষণ করে। তারা তাদের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা ও বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সমর্থন করে না।

২০১৮ সালে জাতিসংঘের একটি স্বাধীন পর্যবেক্ষক দল গোপন প্রতিবেদনে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলকে জানিয়েছিল, তাদের তদন্তে দেখা গেছে তাইওয়ানের পতাকাবাহী একটি জাহাজ থেকে উত্তর কোরিয়ার জাহাজে পেট্রোলিয়ামজাত দ্রব্য স্থানান্তর করা হয়েছে।

তাইওয়ানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি জেনারেল চাই মিং-ইয়েন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি আলেক্স ওংকে বলেন, তাইওয়ান আন্তর্জাতিক কমিটির দায়িত্বশীল এক সদস্য। তারা জাতিসংঘের সঙ্গে অব্যাহত সহযোগিতা বজায় রাখবে এবং উত্তর কোরিয়ার ব্যাপারে আন্তর্জাতিক সিদ্ধান্ত মেনে চলবে।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টেলিকনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রতিনিধিরা এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের মধ্যে সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে তাইপে ও ওয়াশিংটনের মাঝে এরকম সরাসরি সংলাপ দেশদুটোর মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিতবাহী বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও পড়ুন

×