করোনা চিকিৎসায় ক্লোরোকুইন ব্যবহারের নির্দেশ দেবে ব্রাজিল
করোনার ওষুধ হিসেবে ক্লোরোকুইন ব্যবহার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২০ | ০১:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা মঙ্গলবার একদিনে এক হাজার ১৭৯ জনে পৌঁছেছে। এর আগে গত ১২ মে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ৮৮১। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কম পক্ষে ১৭ হাজার ৯৮৩। এদিকে গত সোমবার সংক্রমণের দিক দিয়ে ব্রিটেনকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম করোনাক্রান্ত দেশের জায়গায় উপনীত হয়েছে লাতিন আমেরিকার এই দেশটি। মঙ্গলবার একদিনে ১৭ হাজার ৪০৮ জন আক্রান্ত হওয়ায় দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৬২৮। সামনে রয়েছে রাশিয়া আর যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে দেশটির শাসক জায়ের বলসোনারো করোনার ওষুধ হিসেবে ক্লোরোকুইন ব্যবহার করার কথা বলছেন। খবর আল জাজিরার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদর্শিক মিত্র জায়ের বলসোনারো করোনা মোকাবিলায় ব্যর্থ, এমন অভিযোগ রয়েছে। তাছাড়া তার ভ্রান্ত নীতির কারণে দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে, এমন কথাও বলা হচ্ছে। তবে বলসোনারো এসব কথায় খুব একটা কান দিচ্ছেন না। মঙ্গলবার বলসোনারো বলেছেন, অন্তর্বর্তীকালীন স্বাস্থ্যমন্ত্রী একোয়ার্ডো পাযুয়েল্লো করোনা চিকিৎসায় অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ ক্লোরোকুইন ব্যবহারের বিষয়ে একটি নির্দেশিকা জারি করবেন।
সম্প্রতি তার সরকারের প্রথম স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পর দ্বিতীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া গত সপ্তাহে দ্বিতীয় স্বাস্থ্যমন্ত্রী নেলসন টিকের পদত্যাগের পর তৃতীয় স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন একোয়ার্ডো পাযুয়েল্লো।
ওয়েবসাইট ‘ব্লগ ডু মা্গ্নো’র সঙ্গে সাক্ষাৎকারে বলসোনারো বলেন, ওই নির্দেশিকায় স্বাক্ষর করবেন তার নতুন স্বাস্থ্যমন্ত্রী।
ক্লোরোকুইন প্রসঙ্গে ব্রাজিলের এই প্রেসিডেন্ট বলেন, তিনি তার ৯৩ বছর বয়সী মায়ের বিছানার পাশে এক বাক্র ক্লোরোকুইন রাখেন, কখন তা দরকার হয়ে পড়ে ভেবে।