আঘাত হানার পরেও শক্তি হারাবে না ‘আম্পান’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২০ | ০৬:৩১ | আপডেট: ২০ মে ২০২০ | ০৭:০১
ভারতের পশ্চিমবঙ্গে বুধবার সন্ধ্যায় স্থলভাগে আছড়ে পড়ার সময় আম্পানের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার৷ তবে প্রাথমিক আঘাত হানার পরও সহজে শক্তিক্ষয় হবে না সুপার সাইক্লোনের৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় তাণ্ডব চালাবে আম্পান।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্থলভাগে আঘাত হানার পর কলকাতার গা ঘেঁষে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে আম্পান৷ এরপর নদিয়া এবং মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের দিকে এগোবে। খবর নিউজ-১৮ এর
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুলবুল বা ফণীর তুলনায় কলকাতার অনেক কাছ দিয়ে বয়ে যাবে আম্পান। ফলে কলকাতাতেও ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে৷ সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দুই চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায়৷
আম্পানের জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ কলকাতা, হাওড়া, হুগলির মতো জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলের পর থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হতে পারে৷