ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

তালাকপ্রাপ্ত মুসলিম নারীরাও খোরপোশ পাবেন: ভারতের সুপ্রিম কোর্ট

তালাকপ্রাপ্ত মুসলিম নারীরাও খোরপোশ পাবেন: ভারতের সুপ্রিম কোর্ট
×

ভারতীয় সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ১৯:০২ | আপডেট: ১০ জুলাই ২০২৪ | ১৯:২২

বিবাহ বিচ্ছেদের পর স্বামীর কাছে মুসলিম নারীরাও খোরপোশ (ভরণপোষণ) চাইতে পারবেন বলে জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার এ রায় দিয়েছেন দেশটির উচ্চ আদালত।

ভারতীয় সুপ্রিম কোর্ট জানিয়েছে, খোরপোশ কোনও দান বা খয়রাতি নয়, এটি নারীদের অধিকার এবং তা ধর্ম-নিরপেক্ষভাবে। এ ব্যাপারে দেশে যে আইন চালু রয়েছে, তা সমস্ত ধর্মের নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য।

সম্প্রতি ভারতীয় এক মুসলিম নারী বিচ্ছেদের পর স্বামীর কাছে খোরপোশ চেয়ে মামলা করেন। নিম্ন আদালত এ মামলায় ওই নারীর পক্ষে রায় দেন। রায় চ্যালেঞ্জ করে তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টে যান ওই নারীর স্বামী মহম্মদ আবদুল সামসাদ।

তেলেঙ্গানার হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখলে তিনি যান উচ্চ আদালতে। তবে বুধবার ভারতীয় উচ্চ আদালতও সাফ জানিয়ে দেয়, তালাকপ্রাপ্তা মুসলিম নারীরাও স্বামীর কাছে খোরপোশ পেতে পারবেন।

বুধবার ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহর বেঞ্চ এই রায় দিয়েছেন।

আদালত জানিয়েছে, যে কোন তালাকপ্রাপ্তা মুসলিম নারী ফৌজদারি কার্যবিধির ১২৫ ধারায় খোরপোশ চাইতে পারবেন। এই রায় কেবল মুসলিম নারী নয়, সকল নারীদের জন্যই প্রযোজ্য। ভারতীয় খোরপোশ আইনে বলা আছে, একজন ব্যক্তি কখনোই তার স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের প্রতি আর্থিক দায়িত্ব অস্বীকার করতে পারেন না।
 

আরও পড়ুন

×