ইসরায়েলের গণহত্যা
ট্রাম্পের শান্তি পর্ষদের কড়া নিন্দা ইইউ নেতাদের
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৫
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠন করা তথাকথিত শান্তি পর্ষদের কড়া নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। তারা বলছেন, এই ‘শান্তি পর্ষদ’ গঠনের মাধ্যমে জাতিসংঘের ম্যান্ডেটকে উপেক্ষা করে একে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন ট্রাম্প। গত শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউরোপীয় নেতারা এই নিন্দা ও উদ্বেগ জানান বলে খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই।
সম্মেলনে ইইউর পররাষ্ট্রবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজাস কাল্লাস অভিযোগ করেন, ট্রাম্প এই ‘শান্তি পর্ষদ’কে তাঁর ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব গাজার যুদ্ধ-পরবর্তী শাসন এবং পুনর্গঠন পরিচালনার জন্য এই পর্ষদকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু ট্রাম্প এই পর্ষদের ঘোষণায় গাজা বা জাতিসংঘের কোনো উল্লেখ রাখেনি। পর্ষদের মূল প্রস্তাবে শর্ত ছিল, এর সময় হবে সীমাবদ্ধ। এতে ফিলিস্তিনিদের মতামতের সুযোগ থাকবে এবং স্পষ্টভাবে গাজার কথা উল্লেখ ছিল। অথচ ‘শান্তি পর্ষদ’ গঠনের পর দেখা গেছে, এর গঠনতন্ত্রে এই বিষয়গুলোর কোনো উল্লেখ নেই।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস একই উদ্বেগ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অন্যতম প্রধান অর্থদাতা ইউরোপের দেশগুলো।
তবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’-এর প্রতি সমর্থন জানিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, গাজা উপত্যকায় কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে হবে। দ্বিরাষ্ট্র কাঠামোর আওতায় এই রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফিও এই তড়িঘড়ি করে গঠিত ‘শান্তি পর্ষদ’ এবং ট্রাম্পের ইউরোপীয় বন্ধুদের বিচ্ছিন্ন করার ধারাবাহিক প্রচারণার সমালোচনা করেছেন।
তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রকৃত কাজের চেয়ে প্রেস রিলিজ এবং ব্যানারের জন্য কারসাজি করছেন। ট্রাম্প গাজায় ত্রাণ প্রবেশ, পুনর্গঠন এবং স্বায়ত্তশাসনের জন্য ইসরায়েলের ওপর তার প্রভাব ব্যবহার করতে ব্যর্থ হচ্ছেন। ট্রাম্পের যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং গাজার ভবিষ্যতের ফ্রেমওয়ার্ক-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মারফি বলেন, যুদ্ধবিরতি কি আদৌ আছে? তাহলে কেন যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে শত শত গাজাবাসী নিহত হয়েছে।
গাজায় ফের ইসরায়েলের হামলায় নিহত ১২
যুদ্ধবিরতি উপেক্ষা করে আবার গাজায় কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল রোববার ভোর থেকে ওই হামলায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে বলে খবর এএফপির। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, হামাস কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে। হামাসের অধীনে হতাহতদের উদ্ধারকাজে দায়িত্ব পালনকারী সংস্থা জানায়, রোববার সকাল থেকে গাজার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুতদের তাঁবুতে একটি হামলা চালানো হয়। আরেকটি হামলা পরিচালিত হয় গাজার দক্ষিণাঞ্চলে। গাজার গণমাধ্যম দপ্তর জানায়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এখন পর্যন্ত এক হাজার ৬২০টিতে দাঁড়িয়েছে।
- বিষয় :
- ফিলিস্তিন
- গাজায় হামলা
