ইসরায়েলের গণহত্যা
হামাসের নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ১১:৪৬
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা সাফ জানিয়ে দিয়েছে, তাদের নিরস্ত্র হওয়ার দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গোষ্ঠীটির দাবি, গাজায় ইসরায়েলি ‘গণহত্যা’ অব্যাহত রাখার লক্ষ্যেই এই প্রস্তাব দেওয়া হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
এক টেলিভিশন ভাষণে রোববার হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা বলেন, গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ ইসরায়েল পুরোপুরি বাস্তবায়ন করার আগে অস্ত্র ত্যাগের বিষয়ে আলোচনা করা হবে না। তিনি এই দাবিকে অত্যন্ত বিপজ্জনক এবং ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাওয়ার একটি প্রকাশ্য প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন।
গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার ক্ষেত্রে হামাসকে নিরস্ত্র করার বিষয়টি একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত ৭০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
আবু ওবাইদা বলেন, ‘শত্রুরা আজ আমাদের মধ্যস্থতাকারী ভাইদের মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ওপর যা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তা অত্যন্ত বিপজ্জনক। আমরা কোনো অবস্থাতে এটি মেনে নেব না।’ ভাষণে ওবাইদা ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান। তিনি মধ্যস্থতাকারীদের আহ্বান জানান; যাতে ইসরায়েল চুক্তির প্রথম ধাপের প্রতিশ্রুতিগুলো আগে পূরণ করে।
এদিকে হামাস বলছে, ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। অপরদিকে তেল আবিবের রাস্তায় লাখো মানুষ বিক্ষোভ করেছে। তারা সরকারের কাছে বন্দিদের রক্ষা করা এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। সরকারবিরোধী এই বিক্ষোভে প্রায় ১ লাখ ৩০ হাজারের মতো মানুষ অংশ নেন।
- বিষয় :
- ফিলিস্তিন
- হামাস
- গাজায় হামলা
