ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হরমুজে ‘বন্ধু’ রাষ্ট্রগুলোকে টোল ছাড় দেবে ইরান: রুশ গণমাধ্যম

হরমুজে ‘বন্ধু’ রাষ্ট্রগুলোকে টোল ছাড় দেবে ইরান: রুশ গণমাধ্যম
×

সাগরে ভাসছে অপরিশোধিত তেলবাহী ট্যাংকার। তীরে মাছ শিকারে ব্যস্ত এক ব্যক্তি। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার লং বিচে। ছবি: এএফপি

আলজাজিরা ও এএফপি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ১৪:০৪

হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে রাশিয়াসহ ‘বন্ধু’ রাষ্ট্রগুলোর জাহাজ থেকে ইরান টোল আদায় করবে না। মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে একটি রুশ সংবাদ সংস্থা। 

রিয়া নভোস্তি নামের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, ‘আমরা কিছু দেশকে ব্যতিক্রমী সুবিধা দিয়েছি। ভবিষ্যতে কী হবে জানি না।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধু দেশগুলোর জন্য এই ব্যতিক্রম সুবিধা কার্যকরের চেষ্টা করছে। যেমন-রাশিয়ার জন্য।’

যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপের কথা বলে আসছে ইরানি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবেই প্রথমবারের মতো টোল আদায়-সংক্রান্ত তথ্য দিয়েছেন। আধাসরকারি গণমাধ্যম তাসনিম নিউজকে তিনি জানিয়েছেন, প্রণালি দিয়ে চলা জাহাজের ওপর টোল বা রাজস্ব আরোপের পর প্রথম সংগৃহীত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে। তবে জাহাজপ্রতি কত করে টোল আদায় হয়েছে এবং সংগৃহীত অর্থের পরিমাণ কত, হাজি বাবেই তা উল্লেখ করেননি।

হরমুজ প্রণালি ও উপসাগরে পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনার মধ্যে ইরানের রাষ্ট্রদূত বন্ধুপ্রতিম রাষ্ট্রকে টোল মওকুফের কথা জানালেন। তবে তেল ও জ্বালানিবাহী জাহাজ ঘিরে শুরু হওয়া উত্তেজনা কবে প্রশমন হবে সে বিষয়ে এখনো ইঙ্গিত পাওয়া যায়নি। 

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, নৌ অবরোধ যতদিন চলবে, ততদিন তারা আলোচনায় বসবে না, হরমুজও খুলে দেবে না। প্রণালিটিতে জাহাজ চলাচলে বড় শঙ্কার জায়গা হলো ইরানের স্থাপন করা মাইন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাইন বসাতে দেখলেই সরাসরি গুলি করতে তিনি নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

গত বুধবার হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে গুলি করে দুটিকে জব্দ করে ইরান। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ভারত মহাসাগরে পতাকাবিহীন ও মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত ‘এমটি ম্যাজেস্টিক এক্স’ নামের জাহাজ জব্দ করে নৌবাহিনী। এতে ইরান থেকে তেল পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছে পেন্টাগন। গত মঙ্গলবারও মার্কিন নৌবাহিনী ভারত মহাসাগরে পতাকাবিহীন ‘এমটি তিফানি’ নামের জাহাজ আটক করেছিল। 

জাহাজ চলাচল ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী এশিয়ার জলসীমায় অন্তত তিনটি ইরানি পতাকাবাহী ট্যাঙ্কার আটকে দিয়েছে। পরে সেগুলোর গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে। জাহাজগুলো ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থানে ছিল।

আরও পড়ুন

×