ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অবরোধ না উঠলে আলোচনা নয়: ইরানের প্রেসিডেন্ট

অবরোধ না উঠলে আলোচনা নয়: ইরানের প্রেসিডেন্ট
×

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

এপি ও এএফপি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৭:২৮

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাদের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে তেহরান কোনো আলোচনায় বসবে না। পাকিস্তানে নতুন করে আলোচনা নিয়ে দোলাচলের মধ্যে পেজেশকিয়ান নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করলেন।

দেশটির বার্তা সংস্থা আইএসএনএ এবং তাসনিম নিউজ এজেন্সি পেজেশকিয়ানের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পেজেশকিয়ান ফোনালাপ করেছেন। ওই সময় তিনি বলেন, নতুন দফা আলোচনার পথ খুলতে হলে প্রথমে যুক্তরাষ্ট্রকে অবরোধ প্রত্যাহার করতে হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শনিবার ওমানে গেছেন। একদিনের ওই সফরে পুনরায় আলোচনা শুরু করার প্রচেষ্টায় কোনো অগ্রগতি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজেদের প্রতিনিধিদের ইসলামাবাদ সফর বাতিল করে দিয়েছিলেন।

তবে ইরানের আরেক গণমাধ্যম আইআরএনএ’র বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ওমান সফরে যাওয়া ইরানের প্রতিনিধি দলের সদস্যরা আবার পাকিস্তানে ফিরবেন। তবে এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে কি না তা জানা যায়নি।

সফরসূচি অনুযায়ী, ওমান থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও প্রতিনিধি দলের সদস্যদের রাশিয়া যাওয়ার কথা ছিল। তবে মাসকাট থেকে দলের একটি অংশ তেহরানে ফিরে গেছেন। আইআরএনএ বলছে, তেহরানে ফিরে যাওয়া কর্মকর্তারা শীর্ষ নেতাদের সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ করবেন। রোববার রাতে এই দল আবার আরাগচির সঙ্গে ইসলামাবাদে যোগ দেবে।

আরও পড়ুন

×