অগ্রগতি হলেও ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এখনই নয়
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০৮:২৪ | আপডেট: ২৬ মে ২০২৬ | ০৮:৩৭
| প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি আসন্ন– এমন ধারণায় ইরান পানি ঢেলে দিয়েছে। পূর্ণাঙ্গ চুক্তি সম্পাদনে অসুবিধার মূল কারণ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের অবস্থানে বিভ্রান্তি ও ইসরায়েলের হস্তক্ষেপের কথা উল্লেখ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আলোচনায় অগ্রগতির কথা বলছেন। তবে তিনি এ-ও বলছেন, হরমুজ প্রণালির পরিচালনা নিয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছতে পারেনি।
গতকাল সোমবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ইসমাইল বাঘাইয়ের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ গণমাধ্যমটি লিখেছে, হরমুজ প্রণালির বিষয়টিকে ইরান তাদের ও ওমানের অভ্যন্তরীণ বলে মনে করে। এক সংবাদ সম্মেলনে গতকাল বাঘাই বলেন, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনার বিষয়টি ওমান ও ইরানের সমঝোতার ব্যাপার। তারা হরমুজে কোনো টোল আরোপের প্রস্তাব দিচ্ছেন না, বরং সমুদ্রে পরিষেবার জন্য ফি ধার্য করছেন।
বাঘাই বলেন, ‘এটা বলা সঠিক, আমরা আলোচিত বিষয়গুলোর একটি বড় অংশে সিদ্ধান্তে পৌঁছেছি। কিন্তু একটি চুক্তি সই আসন্ন– এমন দাবি কেউ করতে পারেন না।’ তিনি বলেন, সমঝোতা স্মারকে লেবাননে একটি যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত করতেই হবে। ফলে ইরান প্রণালিটি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেবে এবং যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে।
এ অবস্থায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল ‘একটি চুক্তি হতে পারে’ বলে আশা প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অমীমাংসিত সমস্যাগুলো তুলে ধরেন। রুবিও বলেন, ‘ইরানের কাছ থেকে জবাব আসতে সময় লেগেছে। তবে হয় আমরা একটি ভালো চুক্তি করব, নয়তো বিষয়টি অন্যভাবে মোকাবিলা করব। তবে আমরা একটি ভালো চুক্তি করতেই পছন্দ করব।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে বলেন, চুক্তিটি হয় ‘দুর্দান্ত ও অর্থবহ হবে, অথবা কোনো চুক্তিই হবে না।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের দফা আলোচনায় ইরান বলেছে, তারা সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ কমিয়ে আনতে ইচ্ছুক, কিন্তু এ মজুত যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কাছে হস্তান্তরের অনুমতি দেবে না। তারা সর্বোচ্চ পাঁচ বছরের জন্য অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে। কিন্তু যুক্তরাষ্ট্র চাইছে, অন্তত ২০ বছরের জন্য তা স্থগিত রাখতে।
- বিষয় :
- যুদ্ধবিরতি
- ইরান
- যুক্তরাষ্ট্র
