ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা 

৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা 
×

ছবি : রয়টার্স

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৪:৪১

ইউক্রেনজুড়ে রাশিয়ার চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে চালানো এ হামলাটিকে গত কয়েক মাসের মধ্যে বড় মাপের হামলাগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগেই এ ধরনের হামলা হতে পারে বলে সতর্ক করেছিলেন। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষেপণাস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। 

আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বলছে, ইউক্রেনের দিনিপ্রোতে আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে আট বছর বয়সী এক ছেলে ও এক নারীকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, রাজধানী কিয়েভে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। হামলা প্রসঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, দেশজুড়ে বেসামরিক অবকাঠামো ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে। এসব হামলায় আহত হয়েছেন বহু মানুষ। সর্বশেষ হামলায় রাশিয়া ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ভিন্ন ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের আগের হামলার জবাব দিতেই এই আক্রমণ চালিয়েছে তারা। মন্ত্রণালয়টি লক্ষ্য পূরণ হয়েছে বলেও উল্লেখ করেছে। 

জেলেনস্কি বলেন, গতকাল মূল হামলা কিয়েভে চালানো হয়েছে। সেখানে আবারও কয়েক ডজন আবাসিক ভবন ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।  আঞ্চলিক গভর্নর ওলেকসান্ডার হানঝা জানান, রুশ হামলায় এক শিশু নিহত হয়েছে।  হামলার কবলে পড়েছিল উত্তর-পূর্বাঞ্চলের খারকিভও। সেখানেও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অঞ্চলে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

রাশিয়াকে চাপে রাখতে সমুদ্রেও কঠোর হচ্ছে ইউরোপ
রাশিয়ার ওপর চাপ বাড়াতে এবার সমুদ্রেও কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপ। ফ্রান্স ও যুক্তরাজ্যের সহায়তায় আটক করা হয়েছে রুশ ‘শ্যাডো ফ্লিট’-সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কার। তবে রোমানিয়ার ভূখণ্ডে রুশ ড্রোন আঘাত হানার ঘটনায় ন্যাটোজুড়ে উদ্বেগ ছড়ালেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীরবতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে ক্রেমলিনের এই অর্থের উৎস কোনোভাবেই চলতে দেওয়া হবে না।

আরও পড়ুন

×