বাংলাদেশি প্রার্থীদের ভাগ্যে কী
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ১৩:৪৬
যুক্তরাজ্যের নির্বাচনে এরই মধ্যে ভোট হয়ে গেছে। এখন ফলাফলের অপেক্ষায়
দেশটির নাগরিকরা। এই নির্বাচনে লড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নয় প্রার্থী।
তাদের মধ্যে সাতজনই নারী। লেবার পার্টি থেকে সর্বোচ্চ সাত বাংলাদেশি
প্রার্থীর পাশাপাশি লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকেও একজন
করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়াই করেন। তাদের অনেকেই জয়ী হতে পারেন
বলে আশা করা হচ্ছে। তবে আজ শুক্রবারই জানা যাবে তাদের ভাগ্য।
নির্বাচনে নারী প্রার্থীরা হলেন- বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনার ছোট বোনের মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী, আপসানা
বেগম, রূপা হক, ব্যারিস্টার মেরিনা মাসুমা আহমেদ, ড. বাবলিন মল্লিক ও ডা.
আনোয়ারা আলী। পুরুষ প্রার্থীরা হলেন- নুরুল হক আলী ও আখলাক খান।
টিউলিপ রেজওয়ানা সিদ্দিক :পরপর দু'বার যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে
জয়ী হয়েছেন টিউলিপ সিদ্দিক। তিনি হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন থেকে এবার
তৃতীয়বারের মতো প্রার্থী হন। তার সামনে হ্যাটট্রিক জয়ের হাতছানি। টিউলিপ
ব্যক্তিগত ভাবমূর্তির কারণে জয়ী হতে পারেন বলে মনে করছেন বিশ্নেষকরা। তবে এ
আসনে তীব্র লড়াই হবে বলেও আভাস দেওয়া হয়েছে।
রুশনারা আলী :সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে জন্ম রুশনারা আলীর।
ছোটবেলায় মা-বাবার সঙ্গে লন্ডনে পাড়ি জমান তিনি। রুশনারা ২০১০ সাল থেকে
যুক্তরাজ্যের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে টানা তিন মেয়াদে লেবার পার্টির
মনোনয়নে নির্বাচিত হয়েছেন। এবারও তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে রাজনৈতিক
বিশ্নেষকরা ধারণা করছেন।
আপসানা বেগম :পপলার অ্যান্ড লাইমহাউস আসনে এবার প্রথমবারের মতো কোনো
বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে লেবার পার্টি থেকে লড়াই করেন আপসানা
বেগম। তিনি টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ও মেয়র মনির উদ্দিন আহমদের
মেয়ে। তার জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
রূপা হক :বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক লেবার পার্টির মনোনয়নে টানা দু'বার
এমপি হয়েছেন। তিনি এবারও লড়াই করেন লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন আসনে।
নির্বাচন-পূর্ব জরিপে তার জয়ের সম্ভাবনা একপ্রকার নিশ্চিত বলেই আভাস দেওয়া
হয়েছে।
এ ছাড়া বেকেনহাম আসনে লেবার পার্টির প্রার্থী হন ব্যারিস্টার মেরিনা মাসুমা
আহমেদ। নারায়ণগঞ্জে জন্ম নেওয়া এই নারী জয়ের ব্যাপারে আশাবাদী। কার্ডিফ
সেন্ট্রাল আসন থেকে যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম দল লিবারেল ডেমোক্র্যাটিক
পার্টির (লিবডেম) প্রার্থী হিসেবে লড়াই করেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী
ড. বাবলিন মল্লিক। তিনি মৌলভীবাজার সদর উপজেলার কচুয়া গ্রামের মেয়ে। ১৯৮৬
সালে ৬ বছর বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। লন্ডনের হ্যারো
ওয়েস্ট আসন থেকে কনজারভেটিভ পার্টির হয়ে লড়েন সাবেক কাউন্সিলর ডা. আনোয়ারা
আলী। তার আদি নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।
এদিকে স্কটল্যান্ডের অ্যাবারডিন নর্থ আসন থেকে লেবার পার্টির প্রার্থী হন
বাংলাদেশি বংশোদ্ভূত নুরুল হক আলী। হার্টফোটশেয়ার আসন থেকে লেবার দলের
প্রার্থী হয়ে লড়েন আখলাক খান। আদি বাড়ি সিলেট সদরে। জয়ী হলে তারা প্রথম
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পুরুষ হিসেবে সে দেশের পার্লামেন্টে
প্রতিনিধিত্ব করবেন।
