বুথ ফেরত জরিপ
জয়ের পথে বরিস জনসন
ভোট গণনা চলছে- বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ২১:৩৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ | ২২:৩৫
বড় ধরনের জয় দিয়ে আবারও ক্ষমতায় ফিরছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
বৃহস্পতিবার দেশটির সাধারণ নির্বাচনের পর এখন চলছে ভোট গণনা; শুক্রবার দুপুরের মধ্যে বেশিরভাগ আসনের ফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগেই বুথ ফেরত জরিপে মিলেছে জনসনের জয়ের আভাস।
সর্বশেষ পাওয়া তথ্যে বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ২২৭ টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বরিস জনসনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি পেয়েছে ১০৭টি আসন এবং জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি পেয়েছে ৮৯ টি আসন।
তবে কনসারভেটিভ পার্টির প্রাপ্ত ভোট ৪০.৯% এবং লেবার পার্টির প্রাপ্ত ভোট ৩৫.৯ %। এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ১৭ টি আসন।
নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন তার অক্সব্রিজ আসনে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৩৫১ ভোট এবং লেবার পার্টির প্রার্থী আলী মিলানি পেয়েছেন ১৮ হাজার ভোট।
প্রায় শতবর্ষ পরে এই প্রথম ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হলো ব্রিটেনের সাধারণ নির্বাচন। তীব্র শীতের মধ্যেও বৃহস্পতিবার দেশটির মানুষ ভোট দিয়েছেন। ১৯৭৪ সালের পর এই প্রথম ব্রিটেনে শীতকালে ভোট হলো। সর্বশেষ ডিসেম্বরে ভোট হয়েছিল ১৯২৩ সালে।
ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডজুড়ে থাকা ৬৫০টি পার্লামেন্টারি আসনে স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এবারও 'ফার্স্ট পাস্ট দ্য পোস্ট' পদ্ধতিতে ৬৫০ এমপি নির্বাচিত করবেন ব্রিটেনের জনগণ। এই পদ্ধতিতে একটি আসনে যে প্রার্থী সর্বাধিক ভোট অর্জন করেন, তিনিই এমপি নির্বাচিত হন। এভাবে কোনো দল ৩২৬টি আসন পেলেই সরকার গঠন করতে পারবে। ব্রিটেনের মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৪৫ দশমিক ৭ মিলিয়ন। যা দেশটির মোট জনসংখ্যার ৬৮ শতাংশ।
প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ নেতা বরিস জনসন, বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন, লিবারেল ডেমোক্র্যাট নেত্রী জো সয়িনসন, স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেত্রী নিকোলা স্টারজন নিজ নিজ শহরের ভোটকেন্দ্রে ভোট দেন। ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফারাজে ডাক ভোটের মাধ্যমে তার ভোট দেন।
আরও অনেক ভোটার তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে ডাকের মাধ্যমে ভোট দিয়েছেন। দুই বছর আগের সাধারণ নির্বাচনে ৭০ লাখেরও বেশি মানুষ ডাকের মাধ্যমে ভোট দিয়েছিলেন। এদিকে ভোটগ্রহণ উপলক্ষ্যে নির্বাচনী কর্তৃপক্ষ কেন্দ্রগুলোতে ভোটারদের সেলফি এবং কোনো ধরনের ছবি তুলতে নিষেধাজ্ঞা দেয়।
ভোটের দিন ব্রিটেনের বেশিরভাগ অঞ্চলের আবহাওয়া ছিল কিছুটা আর্দ্র। বেশিরভাগ অঞ্চলে ছিল তীব্র শীত। এর সঙ্গে ছিল বৃষ্টি। তবে এই বৈরী আবহাওয়া উপেক্ষা করেও বহু মানুষ ঘর থেকে বের হয়েছিলেন ভোট দিতে। অনেক কেন্দ্রের সামনে দেখা যায় ভোটারদের দীর্ঘ সারি।
- বিষয় :
- যুক্তরাজ্য
