ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

এবার জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর অনিশ্চিত

এবার জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর অনিশ্চিত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০০:৫০

নাগরিকত্ব সংশোধনী বিল ও এনআরসির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের আসাম। কারফিউ ভেঙে রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ। এ অবস্থায় দেশটিতে সফর বাতিল করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আসামে বিক্ষোভের কেন্দ্রস্থল গুয়াহাটিতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর অনিশ্চিত বলে জানিয়েছে জাপানি সংবাদ সংস্থা জিজি প্রেস। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী অবশ্য জানিয়েছে, তাদের কাছে এই সংক্রান্ত কোনো খবর নেই।

রোববার থেকে তিন দিনের ভারত সফরে আসার কথা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের। গত সপ্তাহেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার ঘোষণা করেন, আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর ভারত সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের কর্মসূচিও ঘোষণা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের। যদিও তখন বৈঠকের স্থান নির্দিষ্ট করে জানানো হয়নি।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্র জানায়, ওই বৈঠকের প্রস্তুতি চলছিল গুয়াহাটিতে। কিন্তু তার আগেই জিজি প্রেস দাবি করেছে, জাপানের প্রধানমন্ত্রী তার সফর বাতিলের চিন্তাভাবনা করছেন। যদিও শিনজো আবে ইতিমধ্যেই সফর বাতিল করে দিয়েছেন এমন খবর দেয়নি জিজি প্রেস।

সিএবি ও এনআরসির প্রতিবাদে মঙ্গলবার থেকে আসামের বিভিন্ন প্রান্ত প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়ছে। অগ্নিসংযোগ, পুলিশের গুলি, কারফিউ, মোবাইল-ইন্টারনেট বন্ধের জেরে উত্তাল গোটা রাজ্য। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর আসামের চারটি অঞ্চলে নামানো হয়েছে সেনাবাহিনী। বিক্ষোভ থামাতে আশ্বাস দিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রীরা। টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এরপরও বিক্ষোভ থামানো যায়নি। 

বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে তিনজন নিহত হওয়ার খবর দিয়েছে সরকারি সূত্র। তবে বেসরকারি বিভিন্ন সূত্র বলছে, নিহতের সংখ্যা ৫ জন। 

এর আগে বৃহস্পতিবার ভারত সফর বাতিল করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্র ও স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে সফর বাতিল করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। যদিও এই খবর সম্পর্কে রবীশ কুমার বৃহস্পতিবার বলেন, আমাদের কাছে এই ধরনের কোনো আপডেট নেই। সূত্র: আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি


আরও পড়ুন

×