মোদির মন্ত্রী বাবুল সুপ্রিয় মমতার দলে
তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আসানসোলের বিজেপি সংসদ সদস্য বাবুল সুপ্রিয়।
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১ | ০৬:৫১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ | ০৭:২৮
তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের বিজেপি সংসদ সদস্য বাবুল সুপ্রিয়। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটির টুইটার একাউন্টে বাবুল সুপ্রিয়ের তৃণমূলে যোগদানের খবরটি জানানো হয়।
টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যায়, বাবুল সুপ্রিয়ের গলায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাবুল সুপ্রিয় বলেছেন, বিজেপিতে কাজের সুযোগ কমে আসছিল। বাংলার হয়ে কাজ করার জন্য সামনে বড় সুযোগ এসেছে। তাই তৃণমূলে কংগ্রেসে যোগ দিয়েছি। তিনি বলেন, ‘মমতাদিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) ও অভিষেক যে দায়িত্ব আমায় দিচ্ছেন, তাতে আমি অত্যন্ত উত্তেজিত।’
কয়েক মাস আগে নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে বাদ পড়েন বাবুল। সেইসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার ক্ষোভ প্রকাশ করেন। পরে জানান, তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন। তবে অমিত শাহ এবং নড্ডাদের অনুরোধে আসানসোলের সাংসদ পদ ছাড়ছেন না বলে জানান তিনি। রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণার মাখানেক পরই সিদ্ধান্ত পরিবর্তন করলেন বাবুল। যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
কেন সিদ্ধান্ত 'পরিবর্তন' করলেন- সে ব্যাখ্যাও দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল। তিনি দাবি করেন, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণার পর বহু মানুষের বার্তা পেয়েছেন। তারা তাকে সিদ্ধান্ত পরিবর্তনের আর্জি জানান।
দল বদলের ফলে আসানসোলের সাংসদ পদ ছেড়ে দেবেন কিনা, তা এখনও স্পষ্টভাবে জানাননি বাবুল। শুধু বলেন, বিষয়টি নিয়ে দু'একদিনের মধ্যে জানানো হবে। সোমবার মমতার সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।
বাবুল বলেন, তার রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নাটক ছিল না। সামনে যে সুযোগ এসেছে, সেটাই তিনি দু'হাত ভরে গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, 'আমি অত্যন্ত গর্বিত। মমতা দিদি ও অভিষেক যে দায়িত্ব আমায় দিচ্ছেন, তাতে আমি অত্যন্ত উত্তেজিত। বাংলার মানুষের উন্নতির জন্য কাজ করব। আমার বিরুদ্ধে অনেক কিছু ট্রেন্ডিং হবে। আমার মনে যেটা ট্রেন্ড করছে, সেটা হল, সামনে যে সুযোগ এসেছে, সে লক্ষ্যেই কাজ করব।'
- বিষয় :
- তৃণমূল কংগ্রেস
- বিজেপি
- দলবদল
- বাবুল সুপ্রিয়
