ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট

মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট
×
×

.

মাহবুবর রহমান

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ২৩:০৪

ভ্রমণজনিত ক্লান্তি দূর করতে এবং ‘পুরানো সেই দিনের কথা’ না ভুলতে নিউ ইয়র্কে বসবাসরত ঢাকা মেডিকেল কলেজের বন্ধুরা আমাদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করেছিলেন।
খানাপিনার সাথে দেশ ও বিদেশের যাবতীয় সমস্যাবলি নিয়ে তুমুল তর্কবিতর্ক শেষে সবাই এই সিদ্ধান্তে উপনীত হলো যে, আম্বানীর রূপবতী স্ত্রী এমন কি পূণ্যকর্ম সম্পাদন করলো যে, এক মিলিয়ন ডলারের (মতান্তরে এক বিলিয়ন !) একটি নেকলেস পরিধান করে আমাদের মত খেটে খাওয়া মানুষদের সংসারে হিংসার অগ্নি প্রজ্জ্বলিত করলো?
যাই হোক পরদিন সকালে আমাদের মূল লক্ষ্য হলো দুনিয়ার সেরা পাঁচটি মিউজিয়ামের একটি ( আমেরিকার সর্বসেরা ) মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট পরিদর্শন করা। এর আগে দুনিয়ার এক নম্বর মিউজিয়াম ল্যুভ (Louvre) দেখেছি প্যারিসে যেখানে লিওনার্দো দ্য ভিঞ্চির মাস্টারপিস মোনালিসার হাসি প্রদর্শিত হয়ে আসছে, দ্বিতীয় বৃহত্তম হলো রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এর হার্মিটিস মিউজিয়াম , তৃতীয় বৃহত্তম হলো বৃটিশ মিউজিয়াম যা ২০১৪ সালে লন্ডনে দেখেছি, চতুর্থ বৃহত্তম হলো চায়না ন্যাশনাল মিউজিয়াম যা ২০১৬ সালে বেইজিং এ দেখেছি। তবে সত্যিকার অর্থে ল্যুভ , বৃটিশ মিউজিয়াম এবং নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম (MET) দেখার আনন্দ এবং তৃপ্তি অনন্যসাধারণ।
নিউ ইয়র্ক শহরে গাড়ি পার্কিং করা দুরূহ ব্যাপার। তাই আমাদের গাড়ি রাব্বীর বাসার সামনে রাস্তার উপর রেখে নিকটস্থ ব্রায়ারউড সাবওয়ে রেল স্টেশনে মাত্র তিন ডলার দিয়ে টিকেট কিনে এফ নামের  ট্রেনে চেপে বসলাম। মাটির নীচে পাঁচতলা বিল্ডিং এর বেশি গভীরতায় বিস্তৃত এই সাবওয়ে নেটওয়ার্ক । কয়েক মিনিটের মধ্যে আমরা ম্যানহাটানের ৫৯ স্ট্রিট/ফিফথ এভিনিউতে চলে এলাম। এই ৫৯ স্ট্রিট হলো সেন্ট্রাল পার্কের দক্ষিণ সীমা। এখান থেকে পায়ে হেঁটে পার্কের জীবনযাত্রা দেখতে দেখতে মেট্রো মিউজিয়ামে চলে এলাম। বিশাল ক্যাম্পাস। সেন্ট্রাল পার্কেরই অংশ । যারা নিই ইয়র্ক, নিউ জার্সি  বা কানেকটিকাটের অধিবাসী তাদের জন্য প্রবেশ মূল্য বাধ্যতামূলক নয়। এক ডলার দিলেও প্রবেশাধিকার পাবে। আমরা যেহেতু মেরিল্যান্ড থেকে এসেছি তাই প্রত্যেকে ৩০ ডলার গুনে ঢুকতে হলো।
ভেতরে এক এলাহী কাণ্ড। মিশরীয় সভ্যতা, গ্রীক ও রোমান সভ্যতা, আফ্রিকান সভ্যতা, ভারতীয় সভ্যতা, চায়নীজ সভ্যতা। তারপর প্রাচীন যুগ, মধ্য যুগ এবং আধুনিক যুগ। সারা সপ্তাহ জুড়ে ঘুরলেও শেষ হবে না।
যেহেতু রসগোল্লা টার্গেট তাই আম জাম কলা দই সন্দেশ টপকে সরাসরি রসগোল্লায় অর্থাৎ সরাসরি ইউরোপিয়ান পেইন্টিং এ ঢুকে পড়লাম। এত অল্প সময়ে এত রূপ এত রস আর এত গন্ধ কীভাবে হজম করব সেটা একটা বড় সমস্যা হয়ে দেখা দিল।
যাই হোক যার জন্য এত টান সেই ভ্যান গঁগে প্রথমে ডুব দিলাম। তাঁর তুলির আঁচড় বুকের মধ্যে খচখচ করে বেদনার দাগ কেটে দেয়। তাঁর পুরু ঘন গাঢ় রঙ জীবনের কষ্টিপাথর হয়ে আমার দিকে স্থির তাকিয়ে রয়। তাঁর নীলরঙের আইরিস গুল্ম নীল কষ্টের প্রতিভূ হয়ে যায়, তাঁর সূর্যমুখী সূর্যের দিকে না তাকিয়ে গভীর  বেদনায় আমার দিকে তাকায়, তাঁর শৈশবের একপাটি জুতো নিঃস্বতার প্রতীক হয়ে রয়, তাঁর অলিভ গাছের ছায়ায় ক্রীড়ারত শিশু যেন শৈশবের আমি, তাঁর রন্ধনরত মায়ের পাংশু বদন যেন আমারই মায়ের মুখ, তাঁর হলুদ রঙের গাঢ় দাগ যেন শুকিয়ে যাওয়া ব্যর্থ প্রেম হয়ে নিস্তব্ধ হল ঘরের ভেতর হাহাকারের ঢেউ তুলে যায়!
আরেক ফরাসী মাস্টার ক্লদ মনের শাপলা ফুলের দলে সূর্যের নিক্ষিপ্ত বর্ণালীর ছটায় চিত্ত ও দৃষ্টি থমকে দাঁড়ায়। ফ্রেমের এদিক দিয়ে দেখলে একরকম মনে হয়, আবার অন্যদিক দিয়ে তাকালে দৃষ্টিভ্রম তৈরী হয়। এই সমস্যার সমাধানে তিনি দুদিক সংযুক্ত করে একটি জাপানী ব্রিজ তৈরী করে দিয়েছেন। অতঃপর সেই ব্রিজের রেলিং ধরে মাঝবরাবর গিয়ে দাঁড়াতেই সবকিছু ভেঙ্গেচূড়ে মাঝদরিয়ায় নিমজ্জিত হলাম। ভাগ্যিস সেই রূপসাগরের তলদেশে রবীন্দ্রনাথ ছিলেন!
একজীবনে সবকিছু পাওয়া যাবে না। তাই বাকীটুকু জন্মান্তরের হাতে ছেড়ে দিয়ে গ্রীক সভ্যতায় রওনা দিলাম।
আধুনিক সভ্যতার সূতিকাগার হলো গ্রীস। গ্রীক সভ্যতা মনে এলেই ভাবি সক্রেটিস , এরিস্টটল , প্লেটো প্রমুখদের নাম। নিঃসন্দেহে তাঁরা পৃথিবীর জ্ঞানের গুরু, দার্শনিকদের দার্শনিক। দেখা আর দর্শনে যে বিপুল পার্থক্য আছে তা তাঁদের কাছেই প্রথম শিখি। বাইরের দেখার বাইরেও যে অন্য এক অন্তর্জগৎ আছে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করবার দিকনির্দেশ দার্শনিকরাই দেন। সেই যে পথ তাকে চর্চার মাধ্যমে আবিষ্কার করতে হয়। সেই পথের পথিকৃত নিঃসন্দেহে সক্রেটিস , এরিস্টটল এবং প্লেটো। কিন্তু তাঁদের জন্মেরও অন্তত ২০০০ বছর আগে গ্রীসে জ্ঞান বিজ্ঞানের চর্চার প্রভূত উন্নতি সাধিত হয় । তার জ্বলজ্যান্ত সাক্ষর হলো তখনকার নিঃখুঁত কারুকার্যময় ভাস্কর্য এবং বিভিন্ন স্থাপনা, এম্পিথিয়েটার ইত্যাদি ।
বিকেল পাঁচ টায় মেট এর ফটক বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত মিশরীয় সভ্যতায় পৌঁছে যাই। সেখানে আগে থেকেই বন্ধু রাব্বী আমাদের জন্য অপেক্ষারত আছে।
সাত হাজার বছরের সভ্যতার জ্বলজ্যান্ত প্রমাণ আমাদের চোখের সামনে! একটি নীল নদ যে কীভাবে একটি সভ্যতার সৃষ্টি করতে পারে তার প্রমাণ হলো মিশরীয় সভ্যতা। মিশর মানেই হলো ফারাও ডাইনেষ্টি ( আমাদের কাছে পাপিষ্ঠ ফেরাউন!) । অথচ ইতিহাস বলে পিরামিড সহ অত্যাশ্চার্য স্থাপত্যশৈলী বিনির্মাণে কী নিপুণ দক্ষতা এবং সৌন্দর্যের সমণ্বয় করেছিলেন তারা। ইসলামের আবির্ভাবের  অন্তত ৫,৬০০ বছর আগে থেকেই জ্ঞানে বিজ্ঞানে ঐতিহ্য উৎকর্ষতায় মিশর পৌঁছেছিল বিস্ময়ের শীর্ষে। তাদের সৃষ্ট মমি আজো নৃবিজ্ঞানীদের গবেষণার বিষয়। তাদের আবিষ্কার কাগজ প্যাপিরাসে আজও আমরা লিখে যাচ্ছি। অন্তত ৪,০০০ বছর আগের পরিধেয় বস্ত্র এত নিঃখুত যে তা আমাদের মসলিনের কথা মনে করিয়ে দেয়। তাদের ব্যবহৃত গহনা ডিজাইনে , নকশার উৎকর্ষতায় অভিনব।
মানুষ অনন্তকাল বেঁচে থাকতে চায়। এই নশ্বর
জীবন একদিন শেষ হবে তা সে নিশ্চিত জানে।
তাই পরকালের পাথেয় হিসেবে সোনাদানা, হীরা জহরত সহ মূল্যবান জিনিসপত্র মৃতের সাথে দিয়ে দেয়া হত।
শুধু কি ৭,০০০ বছর আগের ফারাও রাজারা পরকালের যাত্রাকে ইহকালের রত্ন দিয়ে সাজাতেন? ১৯৫৫ সালে রাশিয়ার সুঙ্গীর এলাকায় ৩০,০০০ বছর আগের কবরখানায় ম্যামথ শিকারের প্রমাণ পাওয়া গেছে! সেখানে একটি ১২ বছরের বালক এবং ১০ বছরের বালিকার কংকাল পাওয়া গেছে। বালকের শরীর ৫,০০০টি  এবং বালিকার শরীর ৫,২৫০ টি আইভরির দানা দিয়ে আবৃত। এটি কোন ফিকশন নয়, নিতান্ত ফ্যাক্টস। ( সূত্রঃ Sapiens:  A brief history of Mankind by Yuval Noah Harari)।
ইতিহাস, দর্শন ও শিল্পের নিপুণতায় আর ধর্মের যাঁতাকলে আমাদের মস্তিষ্ক প্রায় বিগড়ে যাবার উপক্রম। রাব্বী বলল, চল ব্রডওয়েতে মলা রুজ ( Moulin Rouge) এর গীতিনৃত্যনাট্য দেখি!
নীতু আম্বানীর নেকলেস বিষয়ে বিস্তর  মতান্তর থাকলেও মলা রুজ বিষয়ে
আমরা সমস্বরে বললাম, চল চল !

আরও পড়ুন

×