একটা আদিখ্যেতা
উম্মে ফারহানা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ | ০৮:৪৫
| প্রিন্ট সংস্করণ
রোজকার মতন সেদিনও সকালে উঠে আদা-হলুদের জুস খেয়ে এক বান্ধবীর দেওয়া জন্মদিনের উপহার শাড়ি পরে লিপস্টিক-কাজল-পারফিউম মেখে অফিসের বাস ধরার উদ্দেশ্যে বেরোলাম। মন-মেজাজ বেশ ভালো, কারণ আগের রাতে আমার অন্যতম প্রিয় গায়ক আদনান ধুল আমার পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তার উত্তর দিয়েছেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন ফ্যানদের ভালোবাসাই শিল্পী হিসেবে তাঁর অনুপ্রেরণা। কলেজে পড়ার সময় একবার নগরবাউল জেমসের মোবাইল ফোনে কল করেছিলাম বড় বোনের বাসার ল্যান্ডফোন থেকে। এ ছাড়া কোনো গায়ক-নায়ক-খেলোয়াড় বা কোনো সেলিব্রিটির সঙ্গেই যোগাযোগ করার আগ্রহ হয়নি। ইদানীং হয়তো বন্ধুবান্ধব সব দূরে দূরে চলে গেছে বলে, বাচ্চারা বড় হয়ে নিজেদের লেখাপড়া, ফুটবল খেলা কিংবা যে যার পছন্দের টিভি শো দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বলে স্বামী ইন্তেকাল করার পর সংসারের বিভিন্ন আয়োজন কমে গেছে বলে আমি জীবনের বোরডম কাটাতে রকস্টারদের ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম পেজগুলোকে ফলো করি এখন।
বাসার গলিতে রিকশা প্রায়ই পাওয়া যায় না, হেঁটে বাসস্ট্যান্ড পর্যন্ত যাওয়া খুবই সম্ভব, দশ মিনিট আগে বেরোলে আরামসে যাওয়া যায়, কিন্তু আমি রিকশা নিয়ে যাই নির্বিঘ্নে যাবার জন্য। রেলক্রসিং বাজারে প্রায়ই মাছের ট্রাকের পানি পড়ে সয়লাব হয়ে থাকে রাস্তা, বেমক্কা কোনো বাইকের চাকায় আটকে যেতে পারে শখের শাড়ির আঁচলে লাগানো ট্যাসেল। এর চেয়ে রিকশা নেওয়া নিরাপদ। ফুরফুরে মেজাজে রিকশায় বসে কানে হেডফোন গুঁজে দিলাম, স্পটিফাইতে আমার প্লেলিস্টের শুরুতেই কোক স্টুডিও সিজন ফোরটিনে আদনান ধুলের গাওয়া এক পাঞ্জাবি গান ‘নেরে নেরে ভাস ভে ঢোলা’ শুরু হয়ে গেল, কিন্তু ইয়ারবাডসে আওয়াজ নেই কেন? চেক করতে গিয়ে দেখি পাওয়ার সেভ করার জন্য ব্লুটুথ অফ করা ছিল। ঝড়ের গতিতে চলা ব্যাটারি রিকশায় বসে ব্যাগপত্র সামলে এসব ডিভাইস ম্যানেজ করা বেশ কঠিন। ব্লুটুথ অন করে গুছিয়ে বসতে বসতে রেল ক্রসিং বাজার চলে আসল। যে দোকান থেকে মুরগি কিনি, সেই দোকানের ছেলেটা রোজ হাসিমুখে সালাম দেয় আমি রিকশা দিয়ে যাবার সময়। তার আসল নাম জানা থাকলেও তাকে আমরা বাসায় ডাকি স্মাইলি বলে। কখনও আমাদের কুকুর-বিড়ালের জন্য মুরগির ঠ্যাং আর গিলা-কলিজার বস্তা বাসায়ও দিয়ে যায় সে। অভ্যাসবশেই স্মাইলির দোকানের দিকে চোখ চলে যায় আমার। অফিসে যাবার তাড়াহুড়ার পথে এই কিশোরের হাসিমুখ আমার জন্য একটা বাড়তি পাওয়া। কিন্তু সেদিন স্মাইলি ছিল না, আর ওদের দোকানের সামনেই এক পায়ের ওপর মাথা রেখে উদাস হয়ে তাকিয়ে ছিল একটা কুকুর। মাংসের দোকানের আশপাশে কুকুরদের শুয়ে-বসে থাকা খুবই স্বাভাবিক ব্যাপার। ময়মনসিংহ শহরের অনেক রাস্তার মোড়েও কুকুররা শাহেনশাহর মতন বসে থাকে, ভাবখানা যেন রাস্তাটাই তার সাম্রাজ্য; রিকশা, গাড়ি, মোটরবাইকগুলোও তাদের পাশ কাটিয়ে চলে যায়, তারা বসেই থাকে। কিন্তু এই কুকুরটা রাস্তার ঠিক পাশে মুরগির দোকানের সামনে শুয়ে আছে তার মৃত ছানাটিকে নিয়ে। ট্রেনের তলায় পড়েছিল নাকি কোনো উগ্র বাইকারের বাইকের চাকার তলায়– তা বুঝতে পারলাম না। বাচ্চাটার পুরো শরীর অক্ষত, শুধু মুখটা থ্যাতলানো, রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে। আমার ব্যাটারি রিকশা দ্রুতগতিতে চলে যেতে যেতে এক পলকের জন্য দেখলাম বাংলাদেশের যে কোনো লোকালয়ের যে কোনো সকালবেলার একটি স্বাভাবিক দৃশ্য। আদনান ধুল তখনও আমার কানে কানে বলছেন–‘তু মেরা পার্দা বান যাওয়ে, ম্যায় ব্যায়ঠা বাস তেরি ছায়ে।’
বলা হয়ে থাকে, পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হলো পিতার কাঁধে সন্তানের লাশ। তবে এ শুধু মানুষের সভ্যতার জন্য সৃষ্ট বয়ান। কারণ মায়েরা সন্তানকে নাড়ি ছিঁড়ে বের করেন, বুক নিংড়ে স্তন্য পান করান, কিন্তু সমাহিত করবার অধিকার তাদের থাকে না। পুরুষ পশুরা তো শুনেছি নিজের সন্তানকে খেয়েও ফেলে, মাদি পশুরা বুক দিয়ে আগলে রক্ষা করে নিজের নবজাতকদের। সন্তান হারানোতে পিতার শোক শুধুই মানব প্রজাতির জন্য। নিজের পেট থেকে বের হওয়া শিশুর মৃত্যুতে মায়ের যে শোক, তা মানবজাতির একান্ত নয়। রাস্তায় মরে পড়ে থাকা, ট্রাকের চাকার তলে পিষে যাওয়া কুকুরের শব আমি বহুবার দেখেছি, ত্রিশাল যাবার পথেও হাইওয়েতে প্রায়ই পড়ে থাকে এমন। আমার চোখে এখনও ভাসছে সেই মা কুকুরের শূন্য দৃষ্টি। বেশ নাদুসনুদুস ছানাটির মুখ থেকে গড়িয়ে পড়া রক্ত, যা হয়তো মানবজাতির নিষ্ঠুরতা আর অসংবেদনশীলতার প্রতি ধিক্কার জানিয়ে গড়িয়ে পড়ে ছিল রাস্তায়, ভয়াবহ করুণ ধারাটি নয়, বাকি দিন যা আমি ভুলতে পারিনি তা হলো, সেই মাদি কুকুরটির চোখ।
সন্তানহারা মায়ের সামনে যেতে আমার বরাবরই ভয় লাগে। আমাদের ইংরেজি বিভাগের প্রথম ব্যাচের ছাত্র মৃণাল কান্তি দে ওরফে সুজন মারা গেছিল ফুসফুসের ক্যান্সারে। নেত্রকোনায় তার বাড়ির উঠানে ছিল এক কালীমন্দির। সুজনের শবদেহ শ্মশানে নিয়ে যাবার আগে তার মা চিৎকার করে বলছিলেন এই মন্দির থেকে মা কালীকে সরিয়ে দিতে, সেখানে সুজনকে রাখতে, তিনি তাঁর ছেলেকে কোথাও নিয়ে যেতে দেবেন না। নিষ্ঠাবতী হিন্দু সুজনের মা, নিজের বাড়িতে দেবী কালীর পূজা করেন, কিন্তু পুত্রশোকে উন্মাদপ্রায় হয়ে গেছিলেন। বলছিলেন কালীকে আর তাঁর দরকার নেই। আমি তাঁর সামনে যাবার সাহস পাইনি। শুধু ভেতরের ঘরে বসে শুনছিলাম শোকাতুর মায়ের আহাজারি।
আমার স্বামী কাজী রুবায়েত ইসলাম তন্ময় নিহত হয়েছিলেন সড়ক দুর্ঘটনায়। তাঁর ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে তাঁকে নিয়ে যাবার সময় সবচেয়ে কঠিন দায়িত্ব ছিল আমাদের পুত্র কাজী রাফাকাত ফারহানকে জানানো যে তার পিতা আর এই পৃথিবীতে নেই। ৯ বছরের ছেলেকে কী বলব সেই কথা ভাবতে ভাবতেই সময় গেছে, তন্ময়ের গর্ভধারিণী মায়ের সামনে কীভাবে দাঁড়াব সেই কথা তখন আমার মনে ছিল না। আমার পুত্রের থামাতে আমার আরও মাস ছয়েক লেগেছে। সেদিন সেই কুকুরছানার সামনে শোয়া মাদি কুকুরটির চোখ দেখে আমার তন্ময়ের কপালে ট্রাকের আঘাতে সৃষ্ট গর্তের কথা মনে পড়েনি, মনে পড়েছিল আমার শাশুড়ির কথা। আম্মু খুবই ধার্মিক মানুষ। কখনও ভাগ্যের দোষ দেন না, চরম বিপদের সময়েও আল্লাহর ওপর আস্থা রাখার পরামর্শ দেন সকলকে, কখনও উত্তেজিত হন না, চিৎকার-চেঁচামেচি করতে কেউ তাঁকে দেখেনি। তাঁর উদারতায় বিরক্ত হয়ে আমি মাঝেমধ্যে বলতাম, ‘আপনি কি শাবানা? অমুক এই বলল, আপনি কিছু বলতে পারলেন না কেন?’ আম্মু শুধু পান চিবুতে চিবুতে হাসতেন। তন্ময়কে শেষবার দেখে নিয়ে বাড়ির মেয়েরা সবাই যখন ঘরে ফিরে এলো, আর তার বাবা-ভাইরা গোরস্তানের পথে রওনা করল, কে কে সেখানে ছিল আমার আর স্পষ্ট মনে পড়ে না। শুধু মনে আছে আম্মু শান্তভাবে বসে বলছেন, ‘আমার তন্ময় খুব বড় মনের মানুষ ছিল।’ শান্তভাবে হায়াত মউতের মালিক আল্লাহ এই অমোঘ বাণীতে বিশ্বাস করা আমার শাশুড়ির সঙ্গে সেই নিয়তির সামনে অসহায় মাদি কুকুরটির অন্তর্গত বেদনার আদতে কোনো পার্থক্য নেই।
বাস পর্যন্ত যেতে যেতে আমি চোখের পানি শুকিয়ে ফেলেছিলাম। যে দেশে মানুষের বাচ্চাদের গুলি করে মারা হয়, বাসের চাকার তলায় পিষে মারা হয়, ভ্যাকসিনের অভাবে, চিকিৎসার অভাবে মরে যাওয়া শিশুর সংখ্যা রেকর্ড তৈরি করে ফেলে, যে দেশে স্কুলের ওপর বিমান ধ্বংস হয়ে পুড়ে যায় শত শত শিশু–সেই দেশে বসে কুকুরছানার জন্য অশ্রু বিসর্জন এক ধরনের আদিখ্যেতা বৈকি!
আমার স্পটিফাইতে ততক্ষণে বাজছে পবন দাস বাউলের কণ্ঠ “দিন দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না?” আমি বাসে উঠে অফিসের উদ্দেশ্যে রওয়ানা হলাম। সারাদিনই চোখে ভাসতে থাকলো রেলক্রসিং বাজারের সারমেয়মাতার অশ্রুহীন চোখ।
- বিষয় :
- গল্প