কৃত্রিম বুদ্ধিমত্তা কার গল্প লিখবে?
মোজাফ্ফর হোসেন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ | ০৮:৪১
| প্রিন্ট সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমতা (এআই) মানুষের সামনে নতুন এক বাস্তবতা সৃষ্টি করেছে। হঠাৎ করে চোখের পলকে মানুষ নতুন এক সভ্যতার মধ্যে প্রবেশ করেছে। কিছুটা টের পাচ্ছি আমরা, কিন্তু অনেকটাই আমরা এখনও বুঝে উঠতে পারিনি। তবে এরই মধ্যে কেউ কেউ সাবধান করে দিতে শুরু করেছে।
বাংলাদেশে আমাদের অনেকের কাছে এআই এখনও ‘ফান টুল’ মনে হচ্ছে। হয়তো একটা ছবি এডিট করছি gemini-তে, একটা ভিডিও এডিট করছি openart-এ। যা তা লিখে সুর করে ফেলছি suno-তে। কিন্তু সেটাই কি সব?
না, এত সরল কিছু না। এআই হোমো সেপিয়েন্সকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এআই-কে আমরা এখনও টুল বা ডিভাইস মনে করছি। কিন্তু এটা এমন কোনো ব্লেন্ডার মেশিন না যে আপনি সুইচ টিপবেন আর কাজ করবে! এআই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এআই একজন বা গুটিকতক মানুষের চেয়ে দক্ষ। এটা কালেক্টিভ ফোর্স হিসেবে কাজ করবে। স্বয়ংক্রিয়ভাবে শিক্ষা গ্রহণ এবং নতুন আইডিয়া জেনারেট করতে সক্ষম। অ্যাটম বোমার চেয়ে এআই বেশি ক্ষতি করার ঝুঁকি রাখে, কারণ অ্যাটম বোমা নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না কোথায় কখন ব্লাস্ট করবে। বোমা মানুষকে এমপাওয়ার করেছে। কিন্তু নিজে এমপাওয়ার্ড হয়নি। কিন্তু এআই বোমার মতো মানুষের নির্দেশের জন্য বসে থাকবে না। এটা নিজেকে নিজে এমপাওয়ার্ড করে যাবে। যন্ত্রের মতো নষ্ট হওয়ার বা ব্যাটারি শেষ হয়ে যাওয়ার বিষয়ও এর সঙ্গে যুক্ত নেই।
সম্প্রতি ভারতে ‘এআই ব্রেন’ ও ডেটা ইনপুট নিয়ে নির্মিত সিনেমা Humans in the Loops-এ বলা হয়েছে, এআই হলো শিশু, যাকে যা ইচ্ছা শেখানো যাবে–‘AI is like a child. If you feed it wrong information, it will learn the wrong things.’ দিন শেষে শিশু বড় হয়ে গেলে যেমন ভালো হতে পারে, খুনিও হতে পারে; বাবা-মায়ের হাতে থাকে না তার পরিণতি, এআই-ও তেমনি।
এআই যদি মানুষের নেতিবাচক আচরণগুলো রপ্ত করে, তাহলে কী পরিণতি হবে আমাদের চিন্তার বাইরে। কালেকটিভ ফোর্স হিসেবে মানুষের চেয়ে আরও বেশি মিথ্যাবাদী হবে এআই। হারারি বলছেন, ‘could be a huge lie factory’। তা ছাড়া মানুষের মতো এআইর বায়োলজিক্যাল সীমাবদ্ধতা নেই। এআইর বিশ্রামের প্রয়োজন হয় না। আবেগ থাকে না। সামাজিক মূল্যবোধ, নীতি-নৈতিকতা দিয়ে পরিচালিত হয় না।
আমরা দেখতে পাচ্ছি, বর্তমান বিশ্বে মানুষের মধ্যে বিশ্বাস মরে যাচ্ছে। দেশে দেশে নির্ভরতার সম্পর্ক নেই। ফলে হারারি বলছেন, You cannot build benevolent AI in an untrustworthy, competitive human world. Fix human cooperation first, then build responsible AI. কিন্তু সেটা তো আর সম্ভব না। তার চেয়ে বড় কথা, এআই একক কোনো সোর্স বা এজেন্ট না। লাখ লাখ এআই থাকবে। চীনা এআই আর আমেরিকার এআই এক কথা বলবে না। তাদের আলাদা আলাদা এজেন্ডা থাকবে। আমরা এখনও জানি না, হাজার হাজার এআই নিজেদের মধ্যে কীভাবে ইন্টারঅ্যাক্ট করবে।
নোয়া হারারির শেষ কথা হলো: ‘Humans can control AI only if they cooperate with each other. If humans continue to fight, AI will control us’.
আসলেই কি বিশ্বে মানুষ একে অপরকে সহযোগিতা করবে? বিশ্বাস করবে পরস্পরকে? গোটা বিশ্বের মানুষের কথা বাদ দিলাম। পৃথিবীর ক্ষুদ্র একটা দেশ বাংলাদেশ। এই দেশে মানুষে মানুষে যে বিভেদ বিভাজন, সেটা কি আদৌ দূর হবে? বাংলাদেশের মানুষের কাছ থেকে এআই কী শিখবে?
আমাদের মনে রাখতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেবল একটি সাধারণ প্রযুক্তিগত হাতিয়ার বা টুল নয়; এটি এক ধরনের স্বাধীন স্বয়ংক্রিয় এজেন্ট (Autonomous Agent)। কারণ মানুষের সৃষ্টি অন্যান্য প্রযুক্তি বা যন্ত্রের (যেমন ছুরি, ছাপাখানা বা পারমাণবিক বোমা) নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। মানুষ যেভাবে ব্যবহার করে সেভাবেই এগুলো পরিচালিত হয়। কিন্তু এআই একটি স্বাধীন সত্তা হিসেবে কাজ করে। মানুষের প্রোগ্রাম করা নির্দেশের বাইরে গিয়ে নিজে নিজে শিখতে পারে, স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে এবং সম্পূর্ণ নতুন ধারণা (যেমন নতুন সুর, সিদ্ধান্ত) তৈরি করতে পারে।
মানুষের সবকিছুর মূল চালিকাশক্তি হলো ভাষা। সেটা রাষ্ট্র পরিচালনা হোক, অর্থব্যবস্থা হোক কিংবা সৃষ্টিশীল কাজ। কিন্তু হারারির মতে, এআই মানবসভ্যতার এই ‘অপারেটিং সিস্টেম’ বা ভাষাকে হ্যাক করেছে। ভাষার ওপর নিয়ন্ত্রণ সৃষ্টির মাধ্যমে এআই মানুষের চিন্তা, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস ও সামাজিক সম্পর্ককে তার মতো করে ব্যাখ্যা-বিশ্লেষণ করছে।
ফলে এআইর সিদ্ধান্ত নেওয়ার জন্য মানবিক অনুভূতি, আবেগ বা চেতনার প্রয়োজন হচ্ছে না। এতদিন বই, সিনেমা, চিত্রকলার মতো সৃষ্টিশীল কাজ মূলত তথ্য আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করেছে। কিন্তু নিজে সক্রিয় থাকেনি। একটা বই অটোমেটিক আপডেট হয়ে যায়নি। কিন্তু এআই তা না। এআই বইয়ের মতো কোনো নিষ্ক্রিয় মাধ্যম নয়। মানুষের ব্রেনও বিশ্রাম নেয়, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা কখনও বিশ্রাম নেয় না। সে জন্য সক্ষমতার বিচারে একজন মানুষের চেয়ে এআই অনেক বেশি এগিয়ে। মার্গারেট বাডেনের তত্ত্ব অনুযায়ী, এআই তথ্যের সংমিশ্রণ ও অন্বেষণ মানুষের চেয়ে দ্রুত ও দক্ষতার সঙ্গে করতে পারে।
ভূমিকাস্বরূপ এই কথাগুলো উল্লেখপূর্বক মূল প্রসঙ্গে আসছি। গোটা বিশ্ব উদ্বিগ্ন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের সৃজনশীল চর্চা ব্যাহত হবে কিনা তা নিয়ে। ইতোমধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে, এআই গল্প লিখতে পারে। ছবি আঁকতে, সুর করতে পারে। এবং সেটা দুর্বল সৃষ্টি না। রীতিমতো মানুষকে পরাজিত করার ক্ষমতা রাখে।
দুটো ঘটনার উদাহরণ দিচ্ছি। ‘এআই দিয়ে লেখার’ অভিযোগ উঠেছে সম্প্রতি কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারপ্রাপ্ত গল্পের বিরুদ্ধে। অনেকের দাবি ছিল, গল্পটি এআই দিয়ে লেখা। পুরস্কার কমিটি নিজেও বেশ দ্বিধায় পড়ে গেছে। অন্যদিকে হাইতিয়ান-কানাডিয়ান লেখক থেলিসন ওরেলিয়ঁর লেখা ‘C’était ça ou mourir’ (It Was That or Die) শীর্ষক ফরাসি উপন্যাসটি এআই দিয়ে লেখার অভিযোগে একটা মর্যাদাপূর্ণ পুরস্কারের প্রাথমিক মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশে ফেসবুকে ভাইরাল হয়েছে বেশ কয়েকজন তরুণ লেখকের গল্প। গল্পের ভাষা, ঘটনার বিন্যাস ও ট্রিটমেন্ট দেখে অনেকে সেগুলো এআই দিয়ে লেখা বলে অভিযোগ তুলেছেন।
উল্লিখিত ঘটনাগুলো যদি সত্যিও হয়, মনে রাখতে হবে, গল্পগুলো এআই নিজে নিজে তার মতো করে লিখে দেয়নি। এ ক্ষেত্রে যৌথভাবে মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মিলে গল্পটি লিখেছে। এআই মানুষের জন্য একটা হাইব্রিড কর্মক্ষেত্র সৃষ্টি করেছে। সেটা সৃজনশীল কাজের ক্ষেত্রেও। এ ক্ষেত্রে এআই ‘নলেজ বুস্টার’ হিসেবে কাজ করছে। এখানে একজন লেখকের ভূমিকা সুরকার বা কন্ডাক্টরের মতো হয়ে গেছে। লেখক কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় লেখালেখির সামগ্রিক দিকটা পরিচালনা করছেন।
এই হাইব্রিড কর্মক্ষেত্রের একটা আশার দিক হলো, এতে মানুষ আরও শক্তিমত্তা অর্জন করছে। হারারি কম্পিউটারের সঙ্গে দাবা খেলার উদাহরণ টেনে যেমনটি বলেছেন–কম্পিউটার মানুষকে দাবা খেলায় হারিয়ে দেওয়ার পর মানুষ দাবা খেলা বন্ধ করেনি, উল্টো কম্পিউটারের সঙ্গে অনুশীলন করে আগের চেয়ে ভালো খেলতে শিখেছে। কম্পিউটারকেও মানুষ পরাজিত করছে।
শঙ্কাটা অন্যখানে। অতীতে মানুষ নিজেদের তৈরি সংস্কৃতির মধ্যে লালিত ও বিকশিত হয়েছে। কিন্তু ভবিষ্যতে যদি এআই নিজস্ব গল্প, গান, আইন ও ধর্মের নিজস্ব পাঠ তৈরি করতে শুরু করে, তাহলে মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি সংস্কৃতির ভেতরে বসবাস করবে। যুক্তি তৈরির ক্ষেত্রে এআই মানুষকে ছাড়িয়ে গেলেও অন্তর্গত অনুভূতির (যেমন ভালোবাসা, বিরহ, স্পিরিচুয়ালিটি) ক্ষেত্রে মানুষকে ছাড়াতে পারবে না বলে বিজ্ঞানীদের যে আশাবাদ ও আশ্বাস, সেটা এ ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ে যায়। ৫০ বছর পর কে কাকে প্রভাবিত করবে? মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তাকে, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে? এই প্রশ্নটা ভাবনার কারণ হয়ে ওঠে।
মানুষের জাতিগত পরিচয়, ধর্ম, রাষ্ট্রচেতনা, আইনগত ভিত্তি সবকিছু মানুষের যৌথগল্প ও বিশ্বাস থেকে তৈরি হয়েছে। এগুলো মানুষের ‘shared stories’। কিন্তু আগামীতে এই যৌথ গল্পের মালিকানা চলে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে। এআই হয়তো ‘আই রোবট’ সিনেমার মতো রোবট বা টার্মিনেটর হয়ে সমাজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে না। হারারি বলছেন, নিয়ন্ত্রণ যাবে ‘এআই আমলা’র হাতে। এর মধ্য দিয়ে হিউম্যান আমলাতান্ত্রিক ব্যবস্থা (আইন, বিচার, ব্যাংক, প্রশাসন) হ্যাক করবে এআই। মানুষ হাজার হাজার পৃষ্ঠার আইন বা ব্যাংক লেনদেন মনে রাখতে পারে না। এআই পারে। এআই হাজার হাজার ডেটা ও ফ্যাক্টস বিশ্লেষণ করে কয়েক সেকেন্ডে সিদ্ধান্ত দিয়ে দিতে পারে। এই অভাবিত সক্ষমতা দিয়ে মানুষের চিরায়ত মিথ ও বুদ্ধিবৃত্তিক অগ্রযাত্রাকে চ্যালেঞ্জ জানাবে এআই।
আরও ভীতিকর দিকটা হলো, এআই মানুষের মধ্যে ভুয়া খবর ছড়িয়ে নৈরাজ্য সৃষ্টি করে দিতে পারে। অ্যালগরিদমের মাধ্যমে মানুষের চিন্তাধারা নিয়ন্ত্রণ করার ফলে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি দুর্বল হয়ে পড়বে।
আমরা এরই মধ্যে চিন্তার নৈরাজ্য টের পাচ্ছি। এমন এক যুগে প্রবেশ করেছি, যাকে রাজনৈতিক তাত্ত্বিকরা বলছেন ‘পোস্ট-ট্রুথ এরা’। পোস্ট-ট্রুথ মানে এই নয় যে পৃথিবী থেকে সত্য হারিয়ে গেছে। এটি এমন এক ধরনের সামাজিক-রাজনৈতিক অবস্থা, যেখানে বস্তুনিষ্ঠ তথ্যের চেয়ে আবেগ, ব্যক্তিগত বিশ্বাস এবং রাজনৈতিক মতাদর্শ জনমত গঠনে বেশি কার্যকর হয়ে ওঠে। বাস্তবতার চেয়ে কথিত ‘বিকল্প সত্য’ বা ‘হাইপাররিয়ালিটি’ মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পায়।
ডিজিটাল দুনিয়ায় আমাদের প্রতিটি পদচিহ্ন বা ‘ডেটাফিকেশন’ এখন আমাদের পছন্দ-অপছন্দ নিয়ন্ত্রণ করছে। বড় বড় টেক জায়ান্ট আমাদের ব্যক্তিগত ডেটা ব্যবহার করে আমাদের জন্য নির্দিষ্ট ‘অ্যাফ্লিয়েটিভ ট্রুথ’ বা গোষ্ঠীভিত্তিক সত্য তৈরি করে দিচ্ছে। মনে রাখতে হবে আমাদের আবেগ এখন সবচেয়ে লাভজনক ব্যবসায়িক পণ্য। শুধু অর্থনৈতিক না, এর রাজনৈতিক ভ্যালুও চূড়ান্ত। যে কারণে স্যোসাল মিডিয়ার ট্রলিংকে বলা হয় আধুনিক কূটনীতির অন্যতম হাতিয়ার। বিভিন্ন দেশের ‘ট্রল আর্মি’র (আমাদের ক্ষেত্রে বটবাহিনীর) কর্মকাণ্ড আজ আন্তর্জাতিক রাজনীতির কার্যকর অংশ। কূটনীতির যে মার্জিত ও প্রথাগত ভাষা ছিল, তাকে ধ্বংস করে ট্রলিং এখন ‘Genre of political speech’ বা রাজনৈতিক বক্তৃতার একটি নতুন ধারা সৃষ্টি করেছে। সীমানা এখন আর ভৌগোলিক নয়, ডিজিটাল। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ভারত-পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার আন্তঃসম্পর্কে বিভাজন সৃষ্টিতে পেইড গ্রুপ কাজ করছে অনলাইনে। তাদের কাজ মিস ইনফরমেশন ছড়ানো। গুজব সৃষ্টি করা এবং গুজবের পেছনে ব্যাকআপ ডেটা তৈরি করা। বলা হলো কোথাও সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে। সঙ্গে সঙ্গে একটা গ্রুপ আগের অন্য কোনো সহিংস ঘটনার ছবি এআই দিয়ে এডিট করে আলোচ্য ঘটনার নামে নেটে ছড়িয়ে দেবে। সাধারণ জনগণের উত্তেজিত অংশটা না বুঝেই ঝাঁপিয়ে পড়বে এবং সত্যিকার অর্থেই সহিংসতা সৃষ্টি করে প্রচারিত ছবির ন্যায্যতা তৈরি করে দেবে। তারা জানবেই না কে কোথা থেকে বসে এসব সিদ্ধান্ত নিচ্ছে। তারা মনে করবে, এই সিদ্ধান্ত একান্ত তাদের নিজেদের। কিন্তু আদতে সেটা না।
এ ক্ষেত্রে মনে রাখতে হবে সামাজিক মাধ্যমের অ্যালগরিদম হলো অদৃশ্য নিয়ন্ত্রক। আগে সংবাদপত্রের সম্পাদক ঠিক করতেন কোন খবরটি গুরুত্বপূর্ণ কিংবা কোনো খবরে ভুল তথ্য থাকলে প্রয়োজনীয় সম্পাদনার ভেতর দিয়ে সেটি প্রকাশিত হতো। কিন্তু এখন সামাজিক মাধ্যমে সেই কাজটা করে দিচ্ছে অদৃশ্য ‘অ্যালগরিদম’ নামক এক অটোমেটেড মেশিন। ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা অন্যান্য প্ল্যাটফর্ম আমাদের প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার এবং দেখার সময় বিশ্লেষণ করে বুঝে নেয় আমরা কী ধরনের তথ্য পছন্দ করি। এরপর তারা আমাদের সামনে সেই ধরনের কনটেন্ট আরও বেশি তুলে ধরে। আমাদের সামনে একটা ইকো চেম্বার সৃষ্টি হয়। আমরা যা শুনতে, দেখতে বা পড়তে চাই, সেটাই সামনে আসে। আমাদের বিশ্বাস বা ধারণা যদি ভুল হয়, তাতে সেই ভুল বিশ্বাস বা ধারণাটাই আরও বেশি পোক্ত হয়। আমাদের গৃহীত বিশ্বাসকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন বিষয়গুলো আর সামনে আসে না।
মনে রাখতে হবে অ্যালগরিদমের উদ্দেশ্য সত্য প্রতিষ্ঠা করা নয়। এর লক্ষ্য হলো ব্যবহারকারীকে যত বেশি সময় সম্ভব প্ল্যাটফর্মে ধরে রাখা। তাই যে সমাজের মানুষ যে ধরনের কনটেন্ট (পড়ুন ‘গুজব’) পছন্দ করে, তাদের সামনে সেটাই আসতে থাকে।
এই কারণে তাত্ত্বিকরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যে গল্প বা ফিকশন তৈরি করবে তার মধ্যে সমাজের বিদ্যমান ত্রুটিগত চিন্তা বা কাঠামো চ্যালেঞ্জ জানানোর বিষয় থাকবে না। সেটা হবে বৃহত্তর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন। মানুষ এআইর সহযোগিতা নিয়ে গল্প বা উপন্যাস লিখতে পারেন, এমনকি কবিতাও। সেটা হতে পারে যদি মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার আউটপুটকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারে। কিন্তু সেটা পারবে না। তা ছাড়া অবচেতনে দেখা যাবে মানুষের নিজস্ব চিন্তার ওপর এআই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এআই কতগুলো যৌক্তিক অপশন ও সুশৃঙ্খল বিন্যাস দিয়ে মানুষকে প্রেডিকটেবল করে তুলবে। দাবা খেলার যে অ্যানালজি আমি একটু আগে দিয়েছি, সেটা এখানে এসে প্রশ্নের মুখে পড়ে। খেলার সঙ্গে সৃজনশীল সাহিত্য বা শিল্প সৃষ্টির মধ্যে পরিষ্কারভাবে পার্থক্য আছে। সাহিত্যের সম্ভাবনা দাবা বোর্ডের কটা ঘর ও গুটির মধ্যে সীমাবদ্ধ না।
গল্পকার হিসেবে আমার ব্যক্তিগত প্রসঙ্গ টেনে ইতি টানছি এই আলোচনার।
হ্যাঁ, এআই দিয়ে গল্প লেখা সম্ভব। আমি পরীক্ষামূলক দেখেছি বিষয়টা। দুর্বল লেখকদের চেয়ে এআই ভালো গল্প লেখে। এমনকি মিডওকার লেখকদের চেয়ে ভালো লিখতে পারে। সেই সম্ভাবনা আছে। সেই হিসেবে আমার চেয়েও এআই ভালো গল্প লিখতে পারে বা পারবে।
কিন্তু সেটা পাঠকের জন্য। অর্থাৎ এআই আমার নামে যে গল্পটা লিখে দেবে, সেটা পাঠকের দিক থেকে ঠিক আছে। কিন্তু সেটা আমার জন্য আমার গল্প না। একটা রোবট ভালো সেক্স করতে পারে, প্রেমিক-প্রেমিকার কাছে পাঠানো যায় তাকে। হয়তো তাতে প্রেমিক-প্রেমিকা তৃপ্তও হবে। কিন্তু যে প্রেমিক-প্রেমিকা পাঠাবে সে নিজে তৃপ্ত হবে না, তার মধ্যে কোনো হরমোন খেলা করবে না। পছন্দের খাবারও আপনি আরেকজনকে দিয়ে খাইয়ে তৃপ্ত হবেন না। কিছু কাজ থাকে, নিজেকেই করতে হবে। গল্প বা কবিতা লেখা তেমনই ইন্টিমেট কাজ।
কথাগুলো সেদিন বলছিলাম ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত ইন্টার-ইউনি গল্প প্রতিযোগিতার আসরে। জেন অস্টেন ডে উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ জেন অস্টেনের থিমে গল্প লেখার প্রতিযোগিতার আয়োজন করেছিল। ৪৪টা গল্প পড়তে হলো মূল্যায়নের জন্য। অনেকগুলোর মধ্যে এআই ভূত ঢুকে গেছে। কিন্তু তাতে ভালো গল্প পাঠের স্বাদ মরে যায়নি।
কোনো মানুষ লেখকের লেখা দুর্বল গল্প, নাকি এআইর লেখা ভালো গল্প–কোনটা আপনি পড়তে চান? এটাও প্রশ্ন বটে।
কিন্তু আমার আলোচনা এখানে লেখকের জায়গা থেকে। যিনি লেখার সময় এআই-নির্ভর হবেন, তিনি লেখার আনন্দ পাবেন না। এই যে আমি লেখার ঘোরে ফেসওয়াশ দিয়ে ব্রাশ করি, পেস্ট দিয়ে মুখ ধুই বা সেভ করি, এর মধ্যেই লেখালেখির আনন্দটা। নিজের জগতের বাইরে আরেকটা জগতে চলে যাওয়া।
এই আনন্দটুকু আছে বলে লেখকরা লিখতে বসেন বলে আমার একান্ত বিশ্বাস। অন্তত আমি শুধু সে জন্যই লিখি। ফলে এআই যত ভালো গল্প লিখুক, ওটা আমার জন্য না। আমি নিজে লেখার ‘টেস্ট’ গ্রহণ করতে চাই।
- বিষয় :
- গল্প