সাহিত্য ও বিজ্ঞানের প্রিয়জন
পূরবী বসু (২১ সেপ্টেম্বর ১৯৪৯–১৪ নভেম্বর ২০২৬)
মোহিত কামাল
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ | ০৮:৪৪
| প্রিন্ট সংস্করণ
ব্যক্তিগত জানাশোনার চেয়েও পূরবী বসুর সঙ্গে আমার যোগাযোগ কিংবা ঘনিষ্ঠতা ‘শব্দ ও সাহিত্য’নির্ভর বেশি। তবে মোবাইল ফোনের যোগাযোগও কম গুরুত্বপূর্ণ ছিল না। শব্দঘর পত্রিকা সম্পাদনা করতে গিয়ে এই ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল। নির্দ্বিধায় বলতে পারি, এই মুগ্ধকর শব্দ-সম্পর্কের ভিতটা গড়ে উঠেছিল তাঁর উপন্যাস ‘অবিনাশী যাত্রা’ (অন্যপ্রকাশ ২০১৪) পড়ে। প্রবাস জীবনে নারীর একাকী বেঁচে থাকার সংগ্রামের আখ্যানটা মুগ্ধ করেছিল। একই প্রকাশনীর ‘সেরা দশ গল্প’ গ্রন্থটিও সাহিত্যিক-সম্পর্ক গড়ে তোলে। এক সিরিয়াস বইপোকা আমাকে বইটি পড়ার জন্য প্রলুব্ধ করে। গ্রামীণ নারী-জীবনের সংকট নিয়ে লেখা ‘সালেহার ইচ্ছা-অনিচ্ছা’ গল্পটি পড়ার জন্য বিশেষভাবে তাগাদা দেয়। কারণ কী? ধাপে ধাপে এই প্রশ্নের উত্তর দিয়ে মূল আলোচনা করব। তার আগে একটু ব্যক্তিগত যোগাযোগের কথা বলা প্রয়োজন মনে করছি। একাডেমিক এবং প্রফেশনাল জীবনে তিনি ছিলেন একজন পুষ্টিবিজ্ঞানী। একসময় ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই সূত্রে এক অনুষ্ঠানে আমার সঙ্গে দেখা। পাশাপাশি বসে আছি। কথা প্রসঙ্গে উঠে এলো শিশুর মানসিক স্বাস্থ্যের কথা। প্রশ্ন করলেন, ‘অতি দুরন্ত চঞ্চল কিংবা হাইপার অ্যাকটিভ বাচ্চাদের পুষ্টির দিকটা বিশেষজ্ঞ হিসেবে আপনারা কীভাবে দেখেন?’ এ বিষয়ে আমি প্রচুর লেখালিখি করেছি একসময়। তিনি এ ধরনের কিছু কিছু লেখা পড়েছেন। কিন্তু পুষ্টির দিকটা তেমন গুরুত্বের সঙ্গে তুলে ধরিনি। বিষয়টা মনে করিয়ে দিয়ে বললেন, ‘পুষ্টির সঙ্গেও কিন্তু এ ধরনের বাচ্চাদের একটা সম্পর্ক রয়েছে।’ ‘ঠিক বলেছেন।’ উত্তর দিয়েছিলাম। তখনই বুঝেছিলাম কেবল থিওরি পড়ে তিনি পিএইচডি করেননি। ক্লিনিক্যাল এবং ব্যবহারিক দিকেও ছিল তাঁর সমান দক্ষতা। কারণ এই ধরনের বাচ্চাকে আমরা প্রতিনিয়ত রক্ত পরীক্ষা করে থাকি– তাদের সেরাম লেকটেট এবং সেরাম অ্যামোনিয়া পরীক্ষা করিয়ে নিই। বিশেষ বিশেষ খাবার থেকে এই দুটো উপাদান বেড়ে যায়, যেতে পারে। সঙ্গে সঙ্গে বাচ্চাদের দুরন্তপনাও বেপরোয়া হতে থাকে। কিছু পুষ্টিকর খাবার নিয়ন্ত্রণ করলে এবং নতুন কিছু যোগ করলে দুরন্তপনার হাত থেকে বাবা-মায়েরা কিছুটা হলেও রেহাই পেয়ে যান। তাঁর এই ব্যবহারিক সূক্ষ্ম নলেজ আমাকে দারুণভাবে মুগ্ধ করে। একবার বইমেলার প্রাঙ্গণে দেখা হয়ে গেল। গেট পেরিয়ে দুরন্ত বেগে ছুটে যাচ্ছিলাম স্টলের দিকে। হঠাৎ দেখলাম অপরদিক থেকে আসতে থাকা পূরবীদি হাসিমুখে আমার দিকে তাকিয়ে আছেন। থমকে দাঁড়ালাম। ‘এত দ্রুত ছুটছেন কেন, মনোবিজ্ঞানী ও সাহিত্যিক সাহেব?’ দ্রুত যে ছুটছিলাম, নিজে টের পাইনি। যখন টের পেলাম কিছুটা লজ্জিত হয়েও হেসে হেসে প্রশ্ন করলাম, ‘এত দ্রুত মেলা থেকে বেরিয়ে যাচ্ছেন কেন, ‘পুষ্টিবিজ্ঞানী ও কথাসাহিত্যিক?’ আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটাই ছিল শেষ যোগাযোগ। তবে শেষ বলে কিছু নেই। ছেলেবেলা থেকে আমার আদর্শ ব্যক্তিত্ব কেন্দ্রীয় কচি-কাঁচা মেলার পরিচালক, রোকনুজ্জামান খান দাদাভাইয়ের মুখে শুনেছি, ‘একজন শক্তিমান লেখকের কখনও মৃত্যু হয় না। তিনি শব্দভেলায় যুগ থেকে যুগে ভ্রমণ করেন। বেঁচে থাকেন।’ আমাদের পূরবীদিও বেঁচে থাকবেন তাঁর অসাধারণ কিছু প্রবন্ধগ্রন্থ, গল্প এবং উপন্যাসের মাধ্যমে। বিশ্বাস আমার। ‘সালেহার ইচ্ছা-অনিচ্ছা’ গল্পের শিল্পরূপ ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ শুরুতে বলে রেখেছিলাম, গল্পটি নিয়ে আলোচনা করব। এই নির্মাণের কেন্দ্র থেকে প্রতিফলিত হয়েছে নারীর ব্যক্তিস্বাধীনতা, যৌন সম্মতি, আত্মমর্যাদা এবং নিজের শরীরের ওপর নিজের অধিকার প্রতিষ্ঠার জোরালো তাগিদ বা মনস্তাত্ত্বিক ইনার ফোর্স। গ্রামীণ সমাজের পটভূমিতে রচিত গল্পটির প্রোটাগনিস্ট সালেহা। নিজের ইচ্ছার বিরুদ্ধে যৌনসম্পর্কে বাধ্য হওয়ার প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে বাংলা সাহিত্যের উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে সে। সোবহানের যৌনাঙ্গে বঁটি দিয়ে আঘাত করে এই তরুণী। ঘটনাকে কেন্দ্র করে বসে গ্রাম্য সালিশ। এই গল্পের সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী দিক হলো, সোবহানের সঙ্গে অতীতের অন্তরঙ্গ ঘনিষ্ঠতা কিংবা সেই সম্পর্কের আনন্দময় অনুভূতি অস্বীকার করেনি সালেহা। কিন্তু অতীতে সম্মতি ছিল বলে বর্তমানেও সায় থাকতে হবে, যখন-তখন রাজি হতে বাধ্য থাকবে এমন নতজানু মেয়ে নয় সে।
ঘটনার দিন নিজের আগ্রহ না থাকায়, ভেতরের প্রতিবাদী শক্তির দাপটে সালেহা প্রত্যাখ্যান করে সোবহানকে। কিন্তু লালসা মেটানোর জন্য সে জোরপূর্বক চেষ্টা চালাতে থাকে। ফলে ভয়াবহ ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সালেহা আসামি হিসেবে হাজির হয় সালিশি বোর্ডে। ‘আমার হেদিন ইচ্ছা করে নাই’ সালেহার এই সহজ কথার মধ্য দিয়ে লেখক নারীর ব্যক্তিসত্তার অধিকার প্রতিষ্ঠা করেছেন। সালেহার অন্তর্গত প্রেষণাশক্তির মনস্তাত্ত্বিক দিকটা উন্মোচিত হয়ে যায় এই ঘটনার মধ্য দিয়ে। সাহিত্যমূল্যে বিষয়টা অসাধারণ শিল্পসম্মত। চারটি পর্বে গল্পটি বিন্যস্ত : ‘আয়োজন’, ‘বিচার’, ‘ইচ্ছার বৃক্ষ আরোহণ’ ও ‘জীবিত সালেহা’। প্রথম পর্বে গ্রামীণ পরিবেশ ও সালিশের আয়োজন, দ্বিতীয় পর্বে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে মূল দ্বন্দ্বের উন্মোচন, তৃতীয় পর্বে ইচ্ছার প্রতীকী ও সামষ্টিক বিস্তার এবং শেষ পর্বে সালেহার জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে বলে মনে করছি। এই নির্মাণে বাস্তববাদী বর্ণনা, নাটকীয়তা ও কাব্যিক প্রতীকী প্রকাশের সমন্বয় ঘটেছে। প্রথমে ঘটনার রহস্য, পরে জবানবন্দির মধ্য দিয়ে সত্যের উন্মোচন এবং শেষে মানবিক বেদনার প্রকাশ গল্পটিকে শিল্পসফল করে তোলে। সালেহা গল্পের প্রাণ। তার মধ্যে যৌন আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভয়, আত্মমর্যাদা ও প্রতিবাদী চেতনার সমন্বয় ঘটেছে। সে নিজের অতীত ইচ্ছার অনুভূতি গোপন করেনি, আবার ঘটনার দিন নিজের অনিচ্ছাকেও অস্বীকার করেনি। তার প্রতিবাদে শুধু প্রতিশোধ নয়; নিজের শরীর ও ব্যক্তিসত্তার ওপর অধিকার প্রতিষ্ঠার চেষ্টা রয়েছে। অপরদিকে সোবহান পুরুষতান্ত্রিক আধিপত্যের প্রতিনিধি। পূর্বের ঘনিষ্ঠতাকে সে বর্তমান কিংবা ভবিষ্যতের অধিকার বলে মনে করে। সালেহার অনিচ্ছাকে অগ্রাহ্য করার মধ্য দিয়ে তার মানসিকতা প্রকাশিত হয়, হিংস্র ও দাপুটে আধিপত্যর প্রকাশ ঘটে। সালেহার মা সামাজিক লজ্জা ও প্রচলিত মূল্যবোধের কাছে বন্দি। মেয়ের নির্যাতনের চেয়ে পরিবারের সম্মানহানিকে তিনি বড় করে দেখেন। তাঁর চরিত্র প্রমাণ করে নারীর মধ্যেও পিতৃতান্ত্রিক প্রভাব প্রোথিত হয়ে যায়, যেতে পারে। তা যথাযথভাবে ফুটে উঠেছে সালেহার মায়ের কথোপকথনের মধ্য দিয়ে। ইমাম ও সালিশের সদস্যদের প্রতিক্রিয়ায় সমাজের নৈতিক দ্বিচারিতা প্রকাশিত হয়েছে। অন্যদিকে খালেক-সেলিমার উপকাহিনিতে দাম্পত্য সম্পর্কের মধ্যেও নারীর সম্মতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। গল্পে তৃতীয় পুরুষের বর্ণনাভঙ্গি ব্যবহৃত হলেও বিভিন্ন পর্যায়ে কথনের ধরন বদলেছে। কোথাও গ্রামীণ জীবনের বাস্তব বর্ণনা, কোথাও নাটকীয় প্রশ্নোত্তর, আবার কোথাও কাব্যিক ও প্রতীকী প্রকাশ লক্ষ্য করা যায়। বর্ণনায় সাহিত্যিক ভাষা এবং সংলাপে বিক্রমপুর অঞ্চলের আঞ্চলিক ভাষার ব্যবহার গল্পের পরিবেশকে বিশ্বাসযোগ্য করেছে। সালেহার সংলাপের শক্তি তার সরলতায়। বিশেষ করে ‘আমার হেদিন ইচ্ছা করে নাই’ বাক্যটি গল্পের মূল বক্তব্যকে সুসংহত করেছে। গল্পটির প্রধান মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ‘ইচ্ছা ও অনিচ্ছা’কে ঘিরে। মানুষের আকাঙ্ক্ষা পরিবর্তনশীল। কোনো ব্যক্তির প্রতি আকর্ষণ থাকলেও সব সময় তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা নাও জাগতে পারে। সালেহার ক্ষেত্রে এই মনস্তাত্ত্বিক সত্য স্পষ্ট। তার যৌন আকাঙ্ক্ষার স্বীকারোক্তি গুরুত্বপূর্ণ। ‘নারীও স্বাভাবিক যৌন অনুভূতির অধিকারী’। লেখক এই সত্যকে চরিত্রের মাধ্যমে রূপায়ণ করেছেন, স্বীকার করেছেন। একই সঙ্গে আকাঙ্ক্ষা ও সম্মতি যে এক বিষয় নয়, তা প্রতিষ্ঠা করেছেন। সালেহার প্রতিবাদ আত্মমর্যাদা ও আত্মরক্ষার মনস্তত্ত্বের প্রকাশ। অন্যদিকে সোবহান ও খালেকের আচরণে পুরুষের যৌন আধিপত্যের প্রবণতা দেখা যায়। তাদের কাছে নারীর ইচ্ছার চেয়ে নিজেদের ভোগবাদী চাহিদা বেশি গুরুত্বপূর্ণ। সালেহার মা নিজেও সমাজের প্রচলিত মূল্যবোধের শিকার, আবার সেই মূল্যবোধই মেয়ের ওপর প্রয়োগ করছেন। গল্পের শেষাংশে সালেহার বেঁচে থাকার আকাঙ্ক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ। শারীরিক নির্যাতন ও সামাজিক অপমানের মধ্যেও সে জীবনের প্রতি আগ্রহ হারায় না। তার হাসি ও সুদিনের প্রত্যাশা প্রতিকূলতার বিরুদ্ধে অস্তিত্বের এক জীবনঘনিষ্ঠ রূপায়ণ। গল্পের ভেতরে আমরা একবার চোখ বোলাতে পারি: “শাড়ির আঁচলে চোখ মুছে (সালেহার মা) আবার বলে, ‘বংশের মুখে চুনকালি মাখাইলি। লোক হাসাইলি, সাত গেরামের লোকের সামনে এমন কইরা অপমান সইব, তারপরেও ক্যান মরতে পারলি না পোড়ামুখী। বিষ খাইয়া, গলায় দড়ি দিয়া মরলি না ক্যান্?’ সালেহা চোখ মেলে তাকায়। মায়ের মুখের প্রতিটি শব্দই তার কানে গিয়েছে। সে রাগ করে না। নিঃশব্দে হাসে। বলে, ‘ক্যান্ মরলাম না, জানস্ আম্মা?’ ‘না, জানি না। জানতে চাইও না। তোমারে আর নকরামি কইরতে অইব না। জানি তো কবি মইরতে ইচ্ছা করল না, হের লেইগ্যা মরি নাই। নাইলে কবি, তরে ছাইড়া যাইতে কষ্ট হইছিল আম্মা।’ প্রবল বিতৃষ্ণায় মা মুখ ঘুরিয়ে নেয়। সালেহা আবার হাসে। মাথাটা ঈষৎ নাড়ায় এপাশ-ওপাশ। ‘না লো মা। হেইটার কোনোটাই কমু না। মরি নাই ক্যান্ জানস্? রোজই ঘুম থেকে উইঠ্যা ভাবি কাউলকা থেইক্যা সুদিন আইব। আহে না। হের পরও ক্যান জানি বাঁইচ্যা থাকতে ইচ্ছা করে।’” কী মর্মান্তিক সত্য উচ্চারণ! কী জীবনঘনিষ্ঠ আহাজারি! কী অসাধারণ সাহিত্যশিল্প উপহার দিয়ে গেছেন আমাদের প্রিয় পূরবী বসু! ‘ইচ্ছার বৃক্ষ’ গল্পটির অন্যতম শক্তিশালী প্রতীক। সালেহার মুখে উচ্চারিত ‘ইচ্ছা’ শব্দটি ব্যক্তিগত অভিজ্ঞতার গণ্ডি ছাড়িয়ে গোটা জনপদে ছড়িয়ে পড়ে। এটি মানুষের স্বাধীন আকাঙ্ক্ষার সামষ্টিক বিস্তারের প্রতীক। সালিশের পর্দা নারীর কণ্ঠ ও ব্যক্তিসত্তাকে আড়াল করার সামাজিক ব্যবস্থার প্রতীক। সালেহার পর্দা সরিয়ে বেরিয়ে আসা আত্মপ্রকাশের ইঙ্গিত বহন করে। মাথা উঁচিয়ে হ্যাজাকের আলোয় তার দাঁড়ানো আঁধারে চাপা পড়ে থাকা সত্যের ঝলকবাতি। খালেক-সেলিমার উপকাহিনিতে শরীর, পানি ও ঢাকনির রূপক ব্যবহারের মধ্য দিয়ে নারীর শারীরিক সীমানা ও নিজস্ব ইচ্ছার বিষয়টি প্রতীকী মাত্রা পেয়েছে। ‘নারীর শরীরের ওপর অধিকার কার?’ গল্পটি এই মৌলিক প্রশ্ন সামনে এনেছে। সমাজ নারীর শরীরকে পরিবারের সম্মান, পুরুষের অধিকার ও প্রচলিত নৈতিকতার সঙ্গে যুক্ত করে দেখা হয়। ফলে নারীর নিজস্ব ইচ্ছা উপেক্ষিত হয়। সালিশের সদস্যরা সোবহানের জবরদস্তির চেয়ে সালেহার যৌন অনুভূতির স্বীকারোক্তিতে বেশি বিব্রত হন। এখানেই পুরুষতান্ত্রিক সমাজের নৈতিক দ্বিচারিতা স্পষ্ট। লেখক দেখিয়েছেন বিবাহিত কিংবা অবিবাহিত কোনো সম্পর্কই নারীর সম্মতি ছাড়া যৌনসম্পর্কের অধিকার দেয় না। ‘সালেহার ইচ্ছা-অনিচ্ছা’ শুধু একজন গ্রামীণ নারীর প্রতিবাদের গল্প নয়; মানুষের ব্যক্তিস্বাধীনতা, শরীরের সীমানা ও আত্মমর্যাদার গল্পও। সমাজ সালেহাকে অপরাধী ভাবলেও সে নিজের ইচ্ছা ও বেঁচে থাকার অধিকার অস্বীকার করে না। একজন নারীর ব্যক্তিগত ইচ্ছাকে সমগ্র সমাজের আয়নায় প্রতিফলিত করা হয়েছে। সালেহার প্রতিবাদ শুধু বঁটির আঘাতে নয়, নিজের ইচ্ছাকে নিজের বলে স্বীকার করার দৃঢ়তার উজ্জ্বল উদাহরণ।
- বিষয় :
- গল্প