ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শিল্পীর আদর্শ হবে ‘চির উন্নত মম শির’

শিল্পীর আদর্শ হবে ‘চির উন্নত মম শির’
×
×

শহিদ কবীর [জন্ম: ১৯৪৯]

আলাপনে হামিম কামাল

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ | ০৮:৪৩

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সমৃদ্ধ উত্তর-আধুনিক চিত্রকলায় পথিকৃৎ শিল্পীদের অন্যতম শহিদ কবীর। সম্প্রতি তাঁর স্টুডিওতে এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে কথা বলেছেন তাঁর চিত্রকলা-দর্শনসহ লালন, রবীন্দ্রনাথ ও নবীন শিল্পীদের প্রবণতা নিয়ে। আলাপনে হামিম কামাল

হামিম কামাল : দেশ ছেড়ে যাওয়ার আগে আপনি লালনের ওপর কিছু এগ টেম্পারা পেইন্টিংস নিয়ে কাজ করছিলেন [ডিমের কুসুমের সঙ্গে রঙ মিশিয়ে বিশেষ পদ্ধতিতে আঁকা ছবি]। লালনকে নিয়ে কাজের পরিকল্পনা কখন আপনার মনে এলো? 
শহিদ কবীর : হ্যাঁ, তখন এগ টেম্পারা নিয়ে কাজ করছিলাম, আশি সনে। এক্সিবিশন করছিলাম। লালনের ফিলোসফির ওপরে, ফোক আর্ট নিয়ে কাজ করছিলাম মূলত। তখন বেশ নাম হয়েছিল। তারপরে আমি দেশ থেকে চলে গেছি। 
আমি খুব গানের ভক্ত। লালনের ওপরে আমি প্রায় আট বছর এগ টেম্পারা করেছি। লালনকে আমি চিনতাম না। ফকির লালন সাঁইকে চিনতাম না। ফরিদা পারভীন যখন প্রথম গান গাওয়া শুরু করলেন, তাঁর কণ্ঠে মোহিত হয়ে আমি লালনগীতি তখন বুঝতে শুরু করি, কৌতূহলী হয়ে উঠি, লালন সম্পর্কে জানতে চাই।
l কত সালের কথা?
llবোধহয় আশির দিকে। সেভেন্টি এইট। যখন গানে মুগ্ধ হলাম, ভাবলাম যে কে লালন? এরপর লালন সম্পর্কে জানতে শুরু করলাম, জিজ্ঞেস করলাম তাদের, যারা পড়াশোনা করেছে তাঁকে নিয়ে। তখন জানতাম না যে লালনের কোনো ফটোগ্রাফ নেই। দুর্ভাগ্যবশত। ক্যামেরা আবিষ্কার হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত লালনের কোনো ছবি তোলা হয়নি। রবীন্দ্রনাথের ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর যখন কুষ্টিয়ায় এলেন, লালনের সঙ্গে দেখা করলেন। জ্যোতিরিন্দ্রনাথ বজরা নিয়ে এসেছিলেন, ওই বজরায় লালনকে ডেকেছিলেন।  পড়িনি, তবে পরে ‘মনের মানুষ’ ফিল্মে দেখেছি।
lসুনীলের লেখা উপন্যাস থেকে হয়েছিল। গৌতম ঘোষের পরিচালনায়। 
ll  হ্যাঁ। যাহোক, লালনকে ডেকেছিলেন এবং লালনের আখড়ার জায়গাটা লিখে দিয়েছিলেন। ওটা রবীন্দ্রনাথদের জমিদারির অধীনে ছিল। জ্যোতিরিন্দ্রনাথ ওটা লিখে দিয়েছিলেন। এবং সেই সময় চারকোল দিয়ে লালনের একটা ছবি এঁকেছিলেন। লালন বসে আছে, হাতে লাঠি নিয়ে। 
তখনও কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ছবি আঁকা শেখেননি ভালো করে। ঠাকুর পরিবারের সবাই কিন্তু ছবি আঁকত। রবীন্দ্রনাথ ছবি আঁকতেন।  আমার কাছে মনে হয়, রবীন্দ্রনাথ ইজ মোর ফিলোসফার অ্যান্ড পেইন্টার দ্যান পোয়েট। জার্মানি থেকে একটা জার্নাল বের হয়েছিল, ওখানে বিশ্বের ৩৮ না ৩৯ জন নামকরা আর্টিস্টের কথা উল্লেখ করা হয়েছিল, সেখানে ভারতীয় উপমহাদেশ থেকে রবীন্দ্রনাথের নামও ছিল। পরিচয়ে লেখা ছিল, ফিলোসফার অ্যান্ড পেইন্টার। দারুণ ব্যাপার যে, পৃথিবীর নামকরা মডার্ন পেইন্টার যারা তাদের মধ্যে একজন হিসেবে রবীন্দ্রনাথের নাম উল্লিখিত।
lমানবিক কোন আদর্শ বা দর্শনের সঙ্গে শিল্পীর ও শিল্পের সবচেয়ে ঘনিষ্ঠ যোগ আছে বলে মনে করেন?
ll আমি খুব পরিষ্কার করে বলি, আমার কোনো ভয় নেই। আমি বিশ্বাস করি যে শিল্পীর আদর্শ হবে চির উন্নত মম শির। আমি কিন্তু কোনো সময় কোনো পলিটিক্যাল পার্টির তোষামোদি করিনি। এটা আমার মনুষ্যত্ববোধের ভেতর পড়ে না। মার্কামারা কোনো পলিটিক্যাল পার্টির শিল্পী হতে চাইনি। শিল্পী নিজেই সম্পূর্ণ। তাঁর কোনো ছাপ দরকার নেই। আমি একজন শিল্পী। যা সত্য, তাই বলব। একই প্রাসঙ্গিক সত্য— আমাদের দেশের অনেক কর্তাব্যক্তিরই আর্ট কালচারের সঙ্গে সম্পর্ক নেই, হতে পারেন তাঁরা কি একাডেমিক কি রাজনৈতিক দিক থেকে ক্ষমতাবান মানুষ। আরেকটি সত্য— আমাদের রুচির অভাব। এই দিক থেকে আমাদের দেশ আত্মহত্যার মুখোমুখি। আমি এখনকার তরুণ শিল্পীদের কাজের বিষয়েও একটি সত্য মত ব্যক্ত করতে পারি। ইয়াং আর্টিস্টরা বলছেন, আমরা নতুন কিছু করছি। ইনস্টলেশন আর্ট, পারফরম্যান্স আর্ট। আমি বলি, নতুন বলে কিছু নেই। তুমি তোমার মতো করতে পারো। পৃথিবীর কেউ বলতে পারবে না আমি নতুন কিছু করছি। কেন? পৃথিবীর শুরুতেই সব সৃষ্টি হয়ে গেছে। এখন আমরা অনুকরণ করছি, ক্রমশ আবিষ্কার করছি মাত্র। যা ছিল, যা আছে, তাই আবিষ্কার করছি। এটা ডিসকভার করা মাত্র। 
lআবিষ্কার, আবিষ্কারগুলোকে সমন্বয়, এই করছি। এই যে কম্বাইন করা, সেটাকেই হয়তো একটা নতুন বলছে।
ll ঠিক। যেমন– একটা মেয়ে চীনে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কী করলে ওখানে? বলল, ‘নতুন ধরনের কাজ করছি।’ বললাম, ‘কী দিয়ে।’ বলে, ‘সুতো দিয়ে।’ আমি বললাম, ‘সুতো দিয়ে তো আমার দাদি অনেক আগে করছে। এটা নতুন কিছু না। তুমি আসলে তোমার মতো করে কিছু করতে চেষ্টা করেছ। চেষ্টা করতে পারো। এবং আমাদের এখানে জয়নুল আবেদিনও করতেন; ইউরোপেও দেখছি, ওরা অতীতকে খোঁজে। 


অতীত থেকে নতুন কিছু নিয়ে আসে। গত পরশু, গতকাল থেকেই তো আজ। অতীত থেকেই তো আসে বর্তমান। এটা সুতার মতো। আমি যদি অতীত না জানি, গতকাল কী হয়েছে তা না জানি, আজকেরটা আমি কীভাবে জানব? আর অতীতটা যদি আপনি স্বীকার না করেন, অতীতের প্রতি যদি আপনার ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, তাহলে আজ কেমন করে কাজ করবেন? আপনি তো আকাশ থেকে পড়েননি।
lঠিক তাই। এটাও একটা কারণ যে এ জন্য এখানকার  তরুণ রাজনীতিক থেকে শুরু করে তরুণ শিল্পীদের বেশির ভাগ গভীরে যেতে পারছেন না, তলিয়ে দেখতে পারছেন না। 
ll পারছে না, কারণ এখন কিছু আদর্শে তারা আর বিশ্বাস করেন না। এখন বিনয় কম। বিনয় মানুষের তখনই হয়, যখন নিজেকে ছোট মনে করেন, মনে করেন, আমি কেউ না। এখন তো বিনয় নেই। মনে করেন আমিই সব, আমিই গড, আমিই সৃষ্টি করব। না, না, না। সৃষ্টি অনেক আগেই হয়ে গেছে। কিন্তু সেখান থেকে সৃষ্টির রেশ চলে এসেছে।
lচমৎকার! বলছিলাম যে আপনার কণ্ঠ খুব সুন্দর, কথাগুলো এতো স্পষ্ট, বোল্ড যে অনেকের ভিড়ে আলাদা করে লক্ষ্য করা যায়। ছবি আঁকা ছাড়া আবৃত্তি বা গান করেছেন কি কখনো?  
ll আচ্ছা। আমি যখন দেশের বাইরে গেছি, তখন আমি তো বন্ধুদের সঙ্গে কথা বলতাম আর কি। স্প্যানিশ ভাষা শিখেছি। খুব লাউডলি কথা বলি। বন্ধুদের সঙ্গে একদিন অপেরার একটা মেয়ে এসেছে। বলল, ‘তুমি কিন্তু অপেরা গান গাইতে পারবে।’ আমি অবাক। ‘কেন?’ বলল, ‘তোমার কণ্ঠ খুব সুন্দর। অপেরার জন্য দারুণ লাগসই।’
lসাধারণত আঁকা ছবির চরিত্র বা দৃশ্যের সঙ্গে আপনার ঘনিষ্ঠ যোগ থাকে। আপনার কোনো একটি প্রিয় চিত্রকর্মে আঁকা চরিত্র নিয়ে বিশেষ কোনো স্মৃতির কথা শুনতে চাই। 
ll  ২০১৪ সালে একটা এক্সিবিশন হয়েছিল, বেঙ্গল গ্যালারিতে। বড় একটা এক্সিবিশন হয়েছিল। ওখানে একজনের ছবি এঁকেছিলাম। এর আগে আমি গ্রামে গিয়েছিলাম, বরিশালে। গ্রামের বাড়িতে দেখি এক বুড়ো চাচা বসে আছেন সিঁড়ির মধ্যে। গ্রামের বাড়িতে সিমেন্টের সিঁড়ি বানিয়ে রাখে, যেখানে হেলান দিয়ে বসাও যায়; সেখানে বসে আছেন, সবাই চা-টা দিচ্ছে। হি ওয়াজ সিক। অসুস্থ ছিলেন। সঙ্গে কাগজ ছিল না, আমি আমার ভাতিজির কাছ থেকে একটা অঙ্ক খাতা নিয়ে সেখানে তাঁর স্কেচ করছি। যখন স্কেচ করছি, খেয়াল করলাম তাঁর চোখ দুটো হলুদ হয়ে আছে। বললাম, ‘চাচা আপনি ভালো আছেন তো?’ বলেন, ‘না, বেশি ভালো না।’ বললাম, ‘আপনার ছবি আঁকছি। শেষ করে আপনাকে দেখাব।’ বলেন, ‘আমি আর কদিন বাঁচব।’ বললাম–‘আপনার বয়স হয়েছে কত?’ বলেন–‘না, বয়সের ব্যাপার না। আমার তো জন্ডিস।’ আমি দেখেই বুঝছি জন্ডিস। তিনি বলছেন, ‘প্রধানমন্ত্রী বলছিলেন যে আমাদের গ্রামে নাকি হাসপাতাল করে দেবেন। কিন্তু কোনো হাসপাতাল করেননি। তিনি নৌকা নিয়ে এসে এই কথা বলেছিলেন। হাসপাতাল করেননি এবং আমি মারা যাব। মারা গেলে ওনার দোষ। তাঁর হাসপাতাল করার কথা ছিল, আমি সেই আশাতেই ছিলাম।’ আমি যখন তাঁর পেইন্টিংটা করেছি, সেই পেইন্টিংয়ের নাম দিয়েছি, ‘রানী আমার ওষুধ কই।’ তারপর এক্সিবিশন যখন হয়, বেঙ্গল গ্যালারিতে, তখন এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করছে, ‘এখানে কী বলতে চান আপনি? রানী কে? এটা কেন লিখেছেন?’ আমি বললাম, ‘এই চাচা আমার মনে হয় বেঁচে নেই। এই চাচার আক্ষেপ ছিল এটা। রানী মানে প্রধানমন্ত্রী।’ এটা ২০১৪ সালের দিকের কথা। এ কথার সময় পাশে ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি বললেন, ‘তুমি যে এই কথা বলছ, কালো তালিকায় পড়ে যেতে পারো। কোনো স্বীকৃতিই পাবে না।’ আমি বললাম, ‘না পেলে কী করা যাবে। আমি পদকের জন্য ছবি আঁকি না।’ (ক্যাটালগ এনে দেখালেন) ছাপাটা এখানে খুব একটা ভালো আসেনি।
lছাপাটা ভালো আসেনি, কিন্তু তাঁর চোখের যে ক্রোধ, এটা দারুণ বোঝা যাচ্ছে!
ll হ্যাঁ, চোখের এক্সপ্রেশন বেশ বোঝা যাচ্ছে! 

আরও পড়ুন

×