ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হঠাৎ দেখা পথের মাঝে

এই কথা না জেনেই মৃত্যু হবে

এই কথা না জেনেই মৃত্যু হবে
×
×

অলংকরণ :: আনিসুজ্জামান সোহেল

শোয়াইব জিবরান

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ | ০৮:৪৬

| প্রিন্ট সংস্করণ

একখানা শাদা হাত, কয়টি আঙুল,
আংটির হীরার ঝলক,
মণিবদ্ধে সরু এউলি, ম্লান-নীল আলো,
–চোখের পলক।

আবার দু-চোখ ভ’রে ঘুম জ’মে এলো,
সকল পৃথিবী অন্ধকার;
–এই কথা না-জেনেই মৃত্যু হবে মোর
হাতখানা কার।

–একখানা হাত, বুদ্ধদেব বসু

এ জগৎ প্রকৃতপক্ষে এক অনন্তহীন পথ। শুরু হয়েছে এক অজানা স্থান থেকে আর ছুটে চলেছে এক অসীমের দিকে। আমরা সকলে এই পথে হেঁটে চলেছি। ক্ষণিক সময়ের জন্য। এ অনন্ত পথের তুলনায় এ পথিকের সময় খুবই সামান্য সময়ের। কিন্তু পথিকের জন্য তো এক জীবন। 
বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪) সারাজীবন বহন করে চলেছিলেন একখানা হাত দেখার স্মৃতি। তার দেখা হাতখানার আঙুলে ছিল হীরার আংটি পরা। কবজিতে কাঁকন। আর তিনি দেখেছিলেন রাতের নীল আলোর ভেতর। আর সম্ভবত দেখেছিলেন পুরান ঢাকার কোনো গলিতে। সে বাড়িখানা তার পক্ষে আবার খোঁজে পাওয়া সম্ভব ছিল। কিন্তু আমার দেখা হাতখানার আঙুলগুলোর সে নারী? আমি আর এ জীবনে কোথায় পাব তারে? সে পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে। চিরতরে।
আচ্ছা, সে গল্প পরে।
তার আগে সেই শীতের হঠাৎ দেখা সকালটির কথাই বলি।
গ্রামের ইটভাটায় আগুন জ্বলছে। ভাটার পাশে ইটখোলার শ্রমিকরা সকালের আয়োজন করছে। তারা নানা কাজে তৎপর। এর মাঝে একজন মানুষের কোনো কাজ নেই। কুঁজো হয়ে বসে আছেন কুয়াশার ভেতর। সম্ভবত আগুনের তাপ নিচ্ছেন। হয়তো এ ভাটারই কোনো বৃদ্ধ শ্রমিক বা শ্রমিকের গরিব আত্মীয়। কেননা, তার পরনের শতচ্ছিন্ন চাদর আর অর্ধ হাঁটু ঢাকা ধুতি, রুক্ষ, খড়িওঠা শীর্ণ হাত এ পলকে দেখে তাই অনুমান করা যায়। আমি শহর থেকে গ্রামে গিয়েছি শীতের ছুটিতে, সেও অনেক দিন পর। শহরের মানুষ হিসেবে গ্রামে খানিকটা কদরও তৈরি হয়েছে ততদিনে। আমার আসা দেখে শ্রমিকদের অনেকে হইচই করে উঠছেন। কেননা, তারা তো গ্রামের আমাদেরই প্রতিবেশী। শৈশবের পরিচিতজন। লাল ভাই আইছইন, লাল ভাই আইছইন– বলে তারা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তারা আমার বসা নিয়ে, কিছু একটা খাওয়া নিয়ে ব্যস্ত হলেন। কিন্তু পাশেই কুঁজো হয়ে বসে থাকা লোকটির প্রতি যেন কারও কোনো আগ্রহই নেই। যেন এই ইটের ভাটার ওমের পাশে জগতের সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষটি তিনি। একটা সময় তিনি তাঁর দুই হাঁটুর মাঝখান থেকে মাথাটি বের করেন। আমাকে ভালো করে দেখেন। তারপর অস্ফুট স্বরে বলেন, কিতাবা তুমি শোয়াইব নি? এবার তাঁর ম্রিয়মাণ মুখের দিকে তাকিয়ে আমার আর চিনতে ভুল হয় না। পিতা যেমন পুত্রকে চিনে, পুত্র পিতাকে। এ তেমনি চিনে নেওয়া। আরে। এ তো আমার ছোটবেলার ঋষি স্যার।
সে শীতের সকালগুলোতে তিনি আসতেন। কুয়াশা ভেদ করে। দুই পাশে সুপারি বাগানের সারি ভেদ করে নারীর সিঁথির মতো ফকিরবাড়িতে ঢুকে গেছে যে পথ, সে পথ ধরে তিনি আসতেন। কুঁজো হয়ে। মাথা নিচু করে ঝুঁকে ঝুঁকে। কাঁধের বুলাটি মাটি ছুঁইছুঁই করত। এসে পুবের ঘরের জানালার পাশের টেবিলে কিছু একটা নিয়ে বসতেন। মনোযোগ দিয়ে পড়তেন। হয়তো গীতা, হয়তো ‘অভিজ্ঞান শকুন্তলম’ কিংবা ‘সীতার বনবাস’। এখন অনুমান করি। আমরা পড়তে এলে তিনি সেটা আলগোছে আবার ঝুলায় ঢুকিয়ে রাখতেন। আমরা পাঠ্যপুস্তকগুলো খুলতে শুরু করতাম। আর তখনই নাশতা আসত। চা পানি হলে তিনি কোনো প্রতিক্রিয়া ছাড়াই গ্রহণ করতেন। কিন্তু প্রায় দিনই ঘ্রাণভরা বিরনভাত, মাছ ভাজি এ রকম ভারী খাবার আসত। সে দিন ঋষিস্যারের দ্বিধাভাব ফুটে উঠত তিনি ছিলেন সনাতন ধর্মপ্রাণ। ফলক মুসলমানের বাড়িতে অন্নগ্রহণের পাপ নিয়ে তাঁর সংস্কারী সত্তা আর ক্ষুধাসত্তার মধ্যে লড়াই শুরু হতো শীতের সকাল বেলা। শেষ পর্যন্ত ক্ষুধারই জয় হতো। জগতে ক্ষুধা ধর্মের চেয়ে শক্তিশালী সে ক্ষুধাই। ধর্ম, সংস্কার সব তুচ্ছ তার কাছে। তিনি তখন দরোজার দিকে তাকাতেন। আমরা মানে বুঝতে পারতাম আমরা উঠে গিয়ে দরোজা আগলে দিতাম। তিনি এমন করে খেতেন যেন তিনি নিষিদ্ধ, গোপন কোনো কাজ সন্তর্পণে করছেন। খাওয়ার সময় তার থোবড়ানো গাল থেকে চপ চপ শব্দ হতো। আর এমন করে খেতেন যেন নিষিদ্ধ খাবারের আলাদা স্বাদ উপভোগ করছেন। খাওয়ার পর ভেজা হাতের পানি এমন করে ঝাড়তেন যেন কোথাও ছিটকে না পড়ে। সবশেষে সে ভেজা হাতে পুরো মুখখানা মুছে নিতেন। একটা সময় আমরা বুঝতে পারি তিনি আসলে সকালে নাশতা না করেই গৃহশিক্ষকতা করতে আসতেন। ফলত ক্ষুধার্ত থাকতেন। তাই প্রায় দিনই ভারী খাবার তাঁকে নাশতা হিসেবেই দেওয়া হতো।
কিন্তু তাঁর বাড়িতে বেড়াতে গেলে তিনি খুব লজ্জায় পড়তেন। উঠানের তিনপাশে বাঁশের বেড়ার তিনটি মাথানিচু ঘর। স্যারের মতোই। একটি ঘরে অবশ্য বেড়া নেই। মাটি লেপা বারান্দা। চাল কি টিনের ছিল? স্পষ্ট মনে পড়ছে না। খোলা ঘরটিতে দু’তিনটি চুলা জ্বলছে। চুলায় গুড় গরম জ্বাল দেওয়া হচ্ছে। আর গুড়ের সে ঘ্রাণ উঠান অবধি ম-ম করছে। ঋষি স্যার খুব ত্রস্ত হয়ে বলতেন, তোমরা আইছো, কুনখানো যে বইতে বইতাম দেই! তারপর কাউকে জলচৌকি নিয়ে আসতে বলতেন। আমরা জলচৌকিতে বসলে গরম গরম মোয়া, তিলের চাকি আর বড় কাচের গ্লাসে কেউ পানি দিয়ে যেত। গরম গরম তিলের চাকিগুলো আমার কাছে ছিল স্বর্গীয় কোনো খাবার। সেই তিলের চাকি এখনও এই নগরের সুপারমার্কেটগুলোতে গেলে খুঁজি। যদিও সেই স্বাদ আর পাই না। গ্রামের বাড়িগুলোতে সেই তিলের চাকি গোপাল কাকা পরে ধানের বিনিময়ে বিক্রি করে বেড়াতেন। মানুষেরা নষ্ট ধান দিয়ে সেগুলো কিনত ফলত ঋষি স্যারের পারিবারিক ব্যবসাটিও ছিল অসফল। কিন্তু স্যারের একটি পেশায়ই ছিল সত্যিকারের সফল। স্যার খুব যত্ন করে পড়াতেন। স্কুলের যাওয়ার আগের দিনগুলোতে স্যারের কাছে যে বাল্যশিক্ষা পেয়েছিলাম তা পরবর্তী পুরো পড়ালেখার শক্ত ভিত করে দিয়েছিল। ফলত তিনি ছিলেন আক্ষরিক অর্থেই আমার দ্বিতীয় জন্মদাতা।
আমি দ্রুত গিয়ে স্যারের ধুলো মলিন পা ছুঁয়ে সালাম করি। স্যার নড়েচড়ে বসেন। একসময় উঠে দাঁড়ান। আর তখন তিনিই হয়ে উঠেন সে ইটখোলার মাঠের সবচেয়ে মাথা উঁচু, গুরুত্বপূর্ণ ব্যক্তি।


 ঋষি স্যারের সাথে সেই হঠাৎ দেখা হওয়ার পর আর কখনও দেখা হয়নি। কিন্তু এখন প্রায় রাতে আমার ঋষি স্যার আমার শৈশবের বাড়ির পথের কুয়াশা ভেদ করতে করতে আসেন। যেন হিমালয় থেকে নেমে আসা কোনো দেবতা। পবিত্র গ্রন্থের মুনি, ঋষি।
তখন সবে পাখা গজাতে শুরু করেছে। পিউপার কুণ্ডলী ভেদ করে বাইরে বেরুতে শুরু করেছি। কিন্তু সে বেড়ানো কতদূর? সদ্য গজানো গোঁফের রেখার সাথে অ্যাডভেঞ্চার হিসেবে একটু দূরের বাজারের রেলস্টেশনে যাওয়ার সাহস তৈরি হয়েছে। এই সাহসে একদিন শমসের নগর স্টেশনে দাঁড়ানো লাল ট্রেনে উঠে পড়ি। সে সময়ের উঁচুশ্রেণির একদম রিজার্ভ কামরায়। বিনা টিকিটে। লক্ষ্য পরের ভানুগাছ স্টেশনে নেমে পড়া। উঠেই বিস্ময়ে অবাক। একটি মেয়ের হাতে বই। সে মুখবুজে পড়ছে। পাশে তার বাবা, হ্যাঁ বাবাই হবেন। আমার চোখ বইতে নয়, বই ধরা হাতের আঙুলগুলোতে আটকে যায়। সাদা, ফর্সা, পাণ্ডুর, অদ্ভুত সুন্দর আঙুল। এ রকম সুন্দর আঙুল এর আগে আর কখনও দেখিনি। মোহগ্রস্তের মতো আমি গিয়ে তার সামনে দাঁড়াই। ট্রেন ছাড়ে। আমি আর সরতে পারি না। তার পিতার চোখেমুখে বিরক্তি। কিন্তু মেয়েটির কোনো ভ্রুক্ষেপ না। সে মুখখানাও তুলে না। জানালার বাইরের চা বাগানের অপরূপ দৃশ্যগুলোকেও সে অবজ্ঞা করে। আমি তার বইধরা আঙুলগুলো দেখতে থাকি। ভানুগাছ স্টেশন এসে যায়। আমি আঙুলের দৃশ্য চোখে নিয়ে নেমে যাই। মেয়েটির মুখখানা কেমন ছিল? কেমন ছিল চোখের মণি? জানি না। আর জানার কোনো উপায় এ জীবনে নাই।
নীল চোখের মণির সে মেয়েটির সাথে দেখা হয় আরও অনেক বছর পরে। ততদিনে আমি ঢাকা কলেজে ভর্তি হয়েছি। সে ট্রেনে উঠেছিল কুলাউড়া স্টেশনে থেকে দাদার সাথে। আর আমি উঠেছি শ্রীমঙ্গল স্টেশনে। তখন এরশাদের আন্তঃনগর ঝকঝকে ট্রেনগুলো চলে এসেছে। নামও দারুণ দারুণ। পারাবত, উপবন। আমাদের সিট পড়েছে মুখোমুখি। আমার আসনের সামনের মেয়েটি চেহারায় একদমই আলাদা। চুলগুলো সোনালি। আর চোখ? অবাক করা নীল। এই প্রথম আমি নীল চোখের কোনো নারী সরাসরি দেখলাম। আর আশ্চর্য করা ঘটনা হলো মেয়েটি দেখতে ইউরোপীয় হলেও সে তার বাঙালি দাদার সাথে কথা বলছে সিলেটি ভাঙা ভাঙা আঞ্চলিক ভাষায়। একসময় আমার সাথেও কথা জমে যায়। আমরা পরিচিত হতে হতে জানতে থাকি তার জন্ম আয়ারল্যান্ডে। বাবা সিলেটি আর মা আইরিশ। ফলত তার মুখের গড়নে বাঙালি ছাপ থাকলেও চোখগুলো নীল। আমরা কথা বলতে থাকি আর সে তার নীল চোখে হারিয়ে যেতে থাকি। পুরো পথই আমাদের গল্প হয়। আয়ারল্যান্ডের গল্প। তার বাবা-মায়ের আলাদা হয়ে যাওয়ার কথা। তার পিতার শেকড়ের গল্প। ভালো লাগা, মন্দ লাগা। সে তার দাদাকে আর গুরুত্ব না দিয়ে আমার সাথেই কথায় মশগুল হয়ে যায়। ট্রেনটি একসময় কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছায়। আর অবাক করা বিষয় নীল চোখের মেয়েটি আমাকে বিদায় না বলেই তার দাদার পিছু পিছু নেমে যায়। ফিরেও তাকায় না। এবং একসময় প্ল্যাটফর্মের লোকারণ্যে হারিয়ে যায়। এই অপূর্ব আঙুল আর নীল চোখের নারীরা আমার জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে। এখন যদি তারা আমরা সামনেও এসে দাঁড়ায় আমি আর কোনোভাবেই চিনতে পারব না। এরাই সেই কিশোরী আর তরুণী। তারা যে আমার সেই হারানো। মানুষ ‘এই কথা না জেনেই মৃত্যু হবে মোর’।
তাদের স্মৃতি এখনও আমি হৃদয়ে বহন করে চলি। এ থেকে নির্বাণ নেই। একমাত্র মৃত্যুই এ স্মৃতি হয়তো মুছে দিতে পারে।
মৃত্যু নিয়ে আমার নিজস্ব এক কল্পনা আছে। আমি কল্পনা করি মৃত্যুর আগে লম্বা জ্বর হবে। রাতে জলপট্টি দিতে দিতে আমার সত্যিকারের পাশের মানুষটি একসময় ঘুমিয়ে পড়বে। আর তখনই মৃত্যু আমার কাছে আসবে আরব্য রমণীর রূপ ধরে। তার হাতের আঙুলগুলো হবে অমনি সুন্দর আর নেকাবের নিচের চোখ দুটি নীল। সে তার সে সুন্দর আঙুলে আমাকে ছুঁবে আর নেকাব খুলে নীল চোখে তাকাবে। আর উড়িয়ে নিয়ে যাবে সেই চিরতরের স্বপ্নের দেশে। ঘুমঘোরে।

আরও পড়ুন

×