ছাপচিত্রে সময়ের মেলবন্ধন
শিল্পকর্ম :: সফিউদ্দিন আহমেদ
নিসর্গ সনাতন
প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৭:১৩
| প্রিন্ট সংস্করণ
চলতি মে মাস ছাপচিত্রের অনুরাগীদের জন্যে উদযাপনীয় একটি মাস হতে চলেছে।
রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে, কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিও ও কলাকেন্দ্রের যৌথ আয়োজনে আজ থেকে শুরু হতে যাচ্ছে ছাপচিত্র প্রদর্শনী ‘ছাপাই ছবির পথিকৃৎ’। ফলে আলোর মুখ দেখতে যাচ্ছে মাসব্যাপী বিস্তৃত এক ছাপচিত্র উৎসব। বিকাল ৫টায় এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাপচিত্রের দুই পথিকৃৎ শিল্পী রফিকুন নবী ও মনিরুল ইসলাম। তাঁদের ছাপচিত্রকর্মের পাশাপাশি প্রদর্শিত হবে ছাপচিত্রের দুই প্রয়াত অগ্রপথিক শিল্পী সফিউদ্দিন আহমদ ও মোহাম্মদ কিবরিয়ার শিল্পকর্মও। প্রদর্শনী ২৩ মে পর্যন্ত চলবে। গ্যালারি উন্মুক্ত থাকবে প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত। একই স্থানে, কিবরিয়া প্রিন্ট স্টুডিওর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম ‘কিবরিয়া ছাপচিত্র মেলা’। এতে অংশ নিতে যাচ্ছে দেশের পনেরটি প্রতিষ্ঠান। মেলা চলবে ৯ মে পর্যন্ত। এছাড়া কলাকেন্দ্রের আয়োজনে আরো অনুষ্ঠিত হবে ‘সমকালীন ছাপচিত্র প্রদর্শনী’; ১২ মে থেকে শুরু হবে, এবং ‘ছাপাই ছবির পথিকৃৎ’ নামে প্রদর্শনীটির সঙ্গে একযোগে ২৩ মে শেষ হবে। বাংলাদেশি চিত্রকলার ইতিহাসের চার কিংবদন্তী প্রয়াত সফিউদ্দিন আহমেদ, প্রয়াত মোহাম্মদ কিবরিয়া, রফিকুন নবী ও মনিরুল ইসলাম। তাঁরা এদেশে ছাপচিত্রের চিত্রভাষা, শৈলী, দর্শন, ভবিষ্যতের ধারা নির্ধারণ করে দিয়েছেন। ক্রমশ একটি শক্তিশালী শিল্পমাধ্যম হিসেবে ছাপচিত্র আত্মপ্রকাশ করেছে, বিকশিত হয়েছে, উত্তরসূরী তৈরি হয়েছে, প্রশংসিত হয়েছে সারাবিশ্বে। কলাকেন্দ্রের স্বত্বাধিকারী শিল্পী ওয়াকিলুর রহমান জানান, প্রদর্শনীতে উপস্থাপিত অধিকাংশ কাজই শিল্পীদের শুরুর দিককার। কাজগুলো ইতিহাসের অংশ। প্রারম্ভিক এই কাজগুলো নবীন শিল্পীদের জন্যে অনুপ্রাণন হিসেবে কাজ করবে ও শিল্পানুরাগী দর্শকদের জন্যেও এটি ইতিহাসের সাক্ষী হওয়ার অনন্য সুযোগ এনে দেবে বলে তিনি মনে করেন।
কিবরিয়া প্রিন্ট স্টুডিওর আয়োজনে মেলার ১৪তম আসর বাংলাদেশের কলা-অঙ্গণে উল্লেখযোগ্য সংযোজন বলে মনে করা হচ্ছে। জানা যায়, বিগত বছরগুলোয় এই মেলায় দক্ষিণ এশিয়া ও ইউরোপের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ছাপচিত্র স্টুডিও অংশ নিয়েছিল। এবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগ অংশ নিচ্ছে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের প্রভাষক ফাইয়াজ হোসেন
১২ মে থেকে অনুষ্ঠিতব্য সমকালীন ছাপচিত্র প্রদর্শনীতে একাধিক শিল্পীর উপস্থাপিত কাজে নবীন ও প্রবীণ প্রজন্মের শিল্পীদের মেলবন্ধন রচিত হবে বলে মনে করেন শিল্পী ওয়াকিলুর রহমান।
- বিষয় :
- গল্প
