পদাবলি
অলংকরণ :: দেওয়ান আতিকুর রহমান
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৭:১৬
| প্রিন্ট সংস্করণ
ড. নিউম্যান
শামস আল মমীন
‘সেন্ট্রাল স্টেট ইউনিভার্সিটিতে’ প্রথম সেমিস্টারে প্রথম ক্লাস।
স্যুট-টাই পরা, তেমন লম্বা-চওড়া নন,
একটু এলোমেলো, আউটফিটে ম্যাচিং সমস্যাও চোখ এড়ানো দায়–
কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে তিনি, সকলের চোখে চোখ রেখে বললেন,
আমি ড. নিউম্যান। তোমাদের আমেরিকান কবিতা পড়াব। আমরা
সবাই নড়েচড়ে বসি। আমাদের করণীয় কী কী–
বলতে বলতে একটা মার্লবোরো ধরালেন তিনি।
অল্পক্ষণেই, ক্লাসরুমে ধোঁয়ার সাথে
হাওয়ায় উড়তে থাকে ওয়াল্ট হুইটম্যান, টি এস এলিয়ট আর খোলা বাতাসে নিঃশ্বাস নিতে গাছের গুঁড়িতে বসে আছেন রবার্ট ফ্রস্ট।
ক্লাস শেষে তাঁর ইশারায় আমরাও…আর
তখন গুচ্ছ গুচ্ছ
ধোঁয়ার কুণ্ডলী দরোজা জানালা ভেদ করে
খুঁজে ফিরে– কোন সে পৃথিবী।
প্রিয় দুপুরগুলি
সোহরাব পাশা
সে কাল আসেনি
গ্রহণ করে না কেউ প্রাণের প্রিয় সকল,
একাকী– সকলে দাঁড়িয়ে থাকে বসন্তের নিচে
দীর্ঘকাল নিঃস্ব দাহকাল;
অন্যপাশে
চাঁপার গন্ধ ভেসে আসে
অন্তরালে–
শুশ্রূষা নেই প্রিয় চোখের হাসির
যে-সুর বাঁশির আগে বাজে
‘গানের ওপারে’
গহিনের অন্তর বাজে অহর্নিশি
পা ‘বাড়ালে নদী টলমল,
চোখ ছুঁইছুঁই সন্ধ্যে নামে
সবুজ আঁধারে ডুবে যায় এই অচেনা শহর
–আবছায়া প্রিয়মুখ
রং করা টুকরো টুকরো হাসি–
দূরে কেউ কি মায়ায় ডাকে!
প্রিয় দুপুরগুলি রাত্রির গল্প
অপ্রাপ্তির স্বপ্ন দীর্ঘ হাঁটে নিরন্তর।
স্লিপিং পিল
উম্মে হাবীবা
ভুলে যাই
প্রেমিকের নাম
আখের গুছিয়ে রেখে
প্রভূত শব্দের থেকে দূরে
হেঁটে যেতে যেতে তবু মনে হয়
কোথাও একটা যাবার কথা ছিল
অনাদিকাল ধরে চাষ করা জমির সাথে
ফসলের বীজ যে ভাষায় কথা বলতে শেখে
সেরূপ গোপন প্রতিবেদন হয়ে যায় প্রেমাখ্যান
ছুটতে ছুটতে সীমান্ত প্রহরীর নজর এড়িয়ে
আরও দূর অন্ধকারের নিকটবর্তী হয়ে
ঘুম অথবা ঘুম-বিষয়ক কথার মধ্যে
ঢুকে পড়ে কৃষকের নতমুখী সুখ
বৃষ্টি নেই বৃষ্টি নেই আষাঢ়ের
সমস্ত মেঘে সাদা সাদা
ছোট ছোট গোলগাল
স্লিপিং পিলের
সমাহার।
কালের বুলটি
নীহার লিখন
প্রীতি থেকে সরে যাওয়া সময়ে, প্রেম মনে পড়ে
তার মুখ আজ যেন কোনো ডাহুকি, সন্ধ্যার
অজন্তার দিনে তাঁর সুগন্ধ পেয়েছিল পৃথিবী; আলোভুক শিরে যার জমেছিল সুতীব্র ভোরের যতন, কেঁপেছিল প্রাণের কেতন, অরণ্য গান্ধার
আজ তুমি ভীষণ তোমার, নিজের কোটরে রেখে স্নিগ্ধ বিহার, বাইরে হাসছো আগুনের মিথ
আমি গাইতে চাইছি গীত, কুয়াশার মাঠ আর পৌষের শীত
দূরে, পড়ে আছে আমার ছায়া, আর তোমার ফুলটি
কাছে গিয়ে দেখি নিজ্জলা নিমজ্জনে একটা সাবেকি মাছ, পোড়া রোদের দিকে তুলছে কালের বুলটি
- বিষয় :
- কবিতা
