ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাক্ষাৎকার

আঁকার সঙ্গে লেখার বেশি পার্থক্য নেই

আঁকার সঙ্গে লেখার বেশি পার্থক্য নেই
×
×

অ্যান কারসন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৮:২৪

| প্রিন্ট সংস্করণ

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি, প্রাবন্ধিক, অনুবাদক অ্যান কারসন। প্রাচীন গ্রিক সাহিত্য ও পৌরাণিক উপাখ্যানকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে পুনর্বিন্যাসের জন্য বিশ্বসাহিত্যে বিশেষভাবে পরিচিত তিনি। কারসনের কাছে শিল্প বা কবিতা কোনো নির্দিষ্ট ছকে বাঁধা বিষয় নয়। অ্যান কারসন তাঁর বই ফ্লোট [২০১৬] প্রকাশের পর ‘দ্য গার্ডিয়ান’কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। নিয়েছিলেন কেট কেলাওয়ে।   উঠে এসেছিল তাঁর কবিতা, শৈশব, শিল্পবোধ, ক্ল্যাসিকস পড়ানো এবং লেখালেখি নিয়ে নানা কথা। ভাষান্তর রিক্তা রিচি

আপনার নতুন বই প্রচলিত ধারণার তুলনায় বেশ ব্যতিক্রমী। বইটি সম্পর্কে কিছু জানতে চাই।
‘ফ্লোট’ স্বচ্ছ স্লিপকেসের ভেতরে রাখা ২২টি ছোট বই বা চ্যাপবুকের সমষ্টি। এগুলো পড়ার কোনো নির্দিষ্ট ক্রম নেই। বইটি যে কোনো ক্রমে পড়ার জন্যই তৈরি করা হয়েছে। বেশির ভাগ লেখাই মূলত মঞ্চে পরিবেশনের জন্য লেখা হয়েছিল। সেগুলো আলাদাভাবে লেখা ও মঞ্চায়ন করা হয়েছে। অনেক সময় অন্যদের সঙ্গে মিলেও তা মঞ্চে এসেছে। তাই বইটি আসলে একটি সংগ্রহ। কোনো একক বিষয় নয়। নির্দিষ্ট কোনো ক্রমে পড়তে হবে, এমন উদ্দেশ্যও ছিল না। বইটির দৃশ্যমান বিন্যাস কিংবা ভাবনার দিক থেকেও শুরু থেকে শেষ পর্যন্ত একটানা প্রবাহ তৈরির চেষ্টা করা হয়নি, যেমনটি আমার আগের বইগুলোতে ছিল। প্রতিটি লেখারই কোনো না কোনো অংশ আমার ভালো লাগে। আবার এমন কিছু লেখাও আছে, যার পুরোটা আমার ভালো লাগে।

আপনার কাজ কবিতার প্রচলিত ধারণাকে আরও বিস্তৃত করে। কবিতা কী, তার কোনো ব্যক্তিগত সংজ্ঞা কি আছে আপনার?
গদ্য যদি একটি বাড়ি হয়, তাহলে কবিতা হলো সেই বাড়ির ভেতর দিয়ে আগুনে জ্বলতে জ্বলতে খুব দ্রুত ছুটে চলা একজন মানুষ।

কবিরা কি ইচ্ছা করেই কবি হওয়ার সিদ্ধান্ত নেন, নাকি কবিতাই তাদের বেছে নেয়?
আমি আঁকতে বেশি পছন্দ করতাম, কিন্তু তাতে খুব একটা ভালো ছিলাম না। আঁকা ছবির শিরোনাম দেওয়ার সময় যে ভাবনাগুলো মাথায় আসত, সেগুলোই শেষ পর্যন্ত আমাকে লেখালেখির দিকে নিয়ে যায়। তবে সামগ্রিকভাবে আঁকার সঙ্গে লেখার খুব বেশি পার্থক্য নেই। দুটোই মন ভালো করার মাধ্যম। 

আপনি কোথায় বড় হয়েছেন? আপনার বাবা-মা কী করতেন?
আমি অন্টারিওর বিভিন্ন ছোট শহরে বড় হয়েছি। বাবা ব্যাংকে কাজ করতেন। মা বাড়িতেই থাকতেন।

আপনার শৈশবের কোনো স্মৃতি কি এখনও মনে পড়ে?
আমার যখন তিন বা চার বছর বয়স, একটি স্বপ্ন দেখেছিলাম। যে বাড়িতে আমরা থাকতাম, স্বপ্নটি সেই বাড়িকে ঘিরে। স্বপ্নে দেখলাম, আমি বাড়ির ওপরের তলার একটি ঘরে ঘুমিয়ে আছি। ঘুম থেকে উঠে নিচে নেমে বসার ঘরে গিয়ে দাঁড়ালাম। বাতি জ্বলছিল, চারপাশ নিস্তব্ধ, জনশূন্য। পরিচিত সেই গাঢ় সবুজ সোফা ও চেয়ারগুলো যথাস্থানে ছিল। দেয়ালগুলোও ছিল সেই চেনা ফ্যাকাশে সবুজ রঙের। সবকিছুই ছিল পরিচিত, আগের মতোই। অথচ ঘরটিকে একেবারে অন্যরকম লাগছিল। ঘরের ভেতরের সবুজ রঙটা ছিল পাগল করা।

আপনি একজন কবি। কবিজীবনের চেয়েও ক্ল্যাসিকসের অধ্যাপক হিসেবে আপনার জীবন কি তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য ছিল?
নির্ভরযোগ্যতা নিয়ে আমি কখনও ভাবিনি।

লন্ডন রিভিউ অব বুকসে স্টিফেন বার্ট আপনার সম্পর্কে লিখেছিলেন, ‘তাঁকে কোথাও স্বচ্ছন্দ মনে হয় না। নিজের মাথার ভেতরেও নয়, আমাদের সময়ের মধ্যেও নয়, এমনকি প্রাচীন জগতেও না।’ কথাটি কি সত্যি?
পানির নিচে আমি পুরোপুরি স্বচ্ছন্দ বোধ করি।

আপনি অস্কার ওয়াইল্ডের ভক্ত ছিলেন। এখনও কি আছেন?
সম্প্রতি আমি অন্য কয়েকজনের সঙ্গে মিলে আর্টঅ্যাঙ্গেলের জন্য একটি প্রকল্প শেষ করেছি। সেখানে কারাগার থেকে লেখা একজন বন্দির চিঠির আদলে একটি চিঠি লিখতে হয়েছিল। উদ্দেশ্য ছিল রিডিং জেলে অস্কার ওয়াইল্ডের কাটানো সময়কে স্মরণ করা।

কবিতা কি স্মৃতিচারণ বা কাউকে স্মরণ করার জন্য উপযুক্ত মাধ্যম?
আমি শিল্পকে থেরাপি হিসেবে বিশ্বাস করি না।

আপনি বক্সিং পছন্দ করেন। কেন?
সেটা ছিল সাময়িক একটা সময় বা ধাপ। সেই সময়টা পেরিয়ে গেছে।

আপনি এবং আপনার স্বামী যৌথভাবে শিক্ষার্থীদের শেখান। তারাও কি এ থেকে যৌথভাবে কিছু করা শিখতে পারে?
একে অন্যকে সহযোগিতা করার বিষয়টি কেবল শেখানো যায়। আমরা শিক্ষার্থীদের এমন কিছু কাজ দিই, যেগুলো তাদের যৌথভাবে করতে হয়।

শুনেছি, আগ্নেয়গিরির প্রতি আপনার দীর্ঘদিনের আকর্ষণ। কীভাবে এর শুরু?
একসময় ছবি আঁকতাম। তখন থেকেই। আগ্নেয়গিরি আঁকা খুব সহজ।

আপনি কি সচেতনভাবে এমন কোনো আবেগঘন বিষয় খুঁজে বেড়ান, যা থেকে একটি কবিতা তৈরি হতে পারে? 
‘সচেতনভাবে’ বলতে কী বোঝানো হচ্ছে, তা নিয়ে আমি নিশ্চিত নই। কারণ অন্তর্দৃষ্টিই হয়তো আমাদের জানার সবচেয়ে গভীর পদ্ধতি। 

আরও পড়ুন

×