ডেঙ্গু প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ
মুর্শেদুর রহমান রুপক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৭:৪৭
| প্রিন্ট সংস্করণ
সেপ্টেম্বর মাস এলেই বাংলাদেশে ডেঙ্গু এক পরিচিত আতঙ্কের নাম হয়ে ওঠে। কিন্তু এবারের চিত্র কিছুটা উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসের প্রথম ২২-২৩ দিনেই প্রাণ গেছে ১০৪ জনের, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ মাসিক মৃত্যুর রেকর্ড। গত ২৩ সেপ্টেম্বর ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় এক হাজার ৮৬৮ জন। রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের এক পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহগুলোতে ঢাকাসহ অন্তত ১৫টি জেলায় পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। এবারের সংক্রমণের একটি বৈশিষ্ট্য হলো, ভাইরাসের ধরন বদলে যাওয়া। গত তিন বছর দেশে ডেনভি-২ সেরোটাইপের প্রাধান্য ছিল। কিন্তু এবার ডেনভি-৩ সেরোটাইপ প্রাধান্য বিস্তার করছে বলে জানাচ্ছে আইইডিসিআর। ভিন্ন ধরনের ভাইরাসে দ্বিতীয়বার আক্রান্ত হলে তাদের ক্ষেত্রে জটিলতা ও মৃত্যুঝুঁকি অনেক বেশি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয়, অ্যান্টিবডিনির্ভর সংক্রমণ বৃদ্ধি। ফলে এবারের সংক্রমণকে শুধু সংখ্যার নিরিখে না দেখে এর জৈবিক চরিত্রের দিক থেকেও গুরুত্ব দেওয়া উচিত।
মহামারি চরমে ওঠার আগে প্রতিরোধমূলক কাজ, বিশেষত এডিস মশার প্রজননস্থল ধ্বংসের কাজটি কতটা কার্যকরভাবে হয়েছে? বছরের পর বছর একই অভিজ্ঞতা দেখা যাচ্ছে, বর্ষা শেষ হওয়ার আগে সংক্রমণ বাড়তে শুরু করে, তারপর সরকারি সংস্থাগুলো তোড়জোড় শুরু করে, আর ততক্ষণে ক্ষয়ক্ষতি অনেকখানি হয়ে যায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, কার্যকর ব্যবস্থা জোরদার না হলে নভেম্বর পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের এক গবেষণায় দেখা গেছে, এডিস মশা এখন শুধু পরিষ্কার জমা পানিতেই নয়, বরং কিছুটা ঘোলা ও কৃত্রিমভাবে জমে থাকা পানিতে প্রজননে সক্ষম হয়ে উঠেছে। বাসাবাড়ির ছাদবাগান, প্লাস্টিকের ড্রাম, কনস্ট্রাকশন সাইট কিংবা ডাবের খোসার মতো ছোট পাত্রে জমে থাকা পানি হয়ে উঠছে এডিস মশার মূল প্রজননক্ষেত্র। সঠিক সিদ্ধান্ত, বৈজ্ঞানিক উপায়ে মশক নিয়ন্ত্রণ এবং নাগরিক সমাজের সচেতনতাই পারে আমাদের এই বার্ষিক ভয়াবহতা থেকে রক্ষা করতে।
মুর্শেদুর রহমান রুপক: শিক্ষার্থী, ফারসি ভাষা ও সাহিত্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়
- বিষয় :
- ডেঙ্গু