ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভেসপার নবাবি রাইড

ভেসপার নবাবি রাইড
×

স্মৃতি আঁকড়ে ধরে এখনও যারা ভেসপা চালাচ্ছেন, তাদের জন্যই এই ‘নবাবি রাইড’-এর আয়োজন

আশরাফুল ইসলাম আকাশ

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫৭ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ | ১৭:০৪

| প্রিন্ট সংস্করণ

ভেসপা। কেউ কেউ চেনেন স্কুটি নামেও। ‘খাঁক-খাঁক’ বা ‘টুক-টুক’ শব্দ করে শহরের রাস্তায় ছুটে চলা এক টুকরো নস্টালজিয়া। ইতালিতে জন্ম নেওয়া এই ছোট্ট স্কুটারটা শুধু বাহন নয়, যেন স্বাধীনতার প্রতীক। সময় বদলেছে, পথ বদলেছে, বদলেছে মানুষের রুচিও। তবু ভেসপার ক্ল্যাসিক সৌন্দর্য, গোল হেডলাইট আর মসৃণ শব্দ যেন আজও ঐতিহ্য ও আভিজাত্যপ্রেমীদের টেনে নেয় এক অন্যরকম ভিনটেজ আবহে।

গত ২১ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৭টা, ঢাকার ৩০০ ফিটের সড়ক শ্বেতশুভ্র সাদায় ভরে ওঠে। কাশফুল নয়, শান্তির ঘুম ছেড়ে এখানে জোট বেঁধেছেন ঐতিহ্যপ্রেমীরা। ছেলেদের পরনে সাদা পাঞ্জাবি-লুঙ্গি আর রঙিন শাড়ি-অলংকারে সেজেছেন নারীরা। কেউ কেউ এসেছেন নবাবি পোশাকে। আয়োজকদের সবুজ সংকেত পেতেই নিজেদের ভেসপায় চেপে ছুটলেন গন্তব্যে। শৃঙ্খলা মেনে ইঞ্জিনের গর্জন তুলে ছুটছে সারি সারি ভেসপা। ইঞ্জিনগুলো বন্ধ হয় পূর্বাচল ক্লাবে। সেখানে দিনব্যাপী নানা আয়োজন শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সনদ ও স্যুভেনির।

‘নবাবি রাইড’ ঘিরেই মূলত এত আয়োজন। সংশ্লিষ্টরা জানালেন, প্রতিবছরের নভেম্বর এলেই ভেসপাপ্রেমীদের নিয়ে এই রাইডের আয়োজন করা হয়। এর আয়োজন করে বাংলাদেশ ভেসপা কমিউনিটি। সমন্বয় করেন সংগঠক দিদারুল ইসলাম সুজন।

আয়োজক এসএম ফিরোজ জানান, বাংলাদেশ ভেসপা কমিউনিটির প্রধান বাহন ভেসপা। পুরোনো স্মৃতিকে আঁকড়ে ধরে এখনও যারা এই বাহন চালাচ্ছেন, তাদের জন্যই এ রাইডের আয়োজন করা হয়। এবার নিয়ে চতুর্থবারের মতো আয়োজনটি করা হয়েছে; যেখানে অংশ নেন প্রায় এক হাজার ভেসপা রাইডার।

চাইলেই এ নবাবি রাইডে অংশ নেওয়া যাবে না। এ জন্য থাকতে হবে যে কোনো মডেলের ভেসপা। এর বাইরে ভিনটেজ মডেলের গাড়িচালকও অংশ নিতে পারেন। মানতে হয় ড্রেস কোড। ছেলেদের ক্ষেত্রে সাদা লুঙ্গি-পাঞ্জাবি এবং মেয়েদের ক্ষেত্রে শাড়ি। অনুষ্ঠানকে বাঙালিয়ানা সংস্কৃতির ছোঁয়া দিতেই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছিলেন নবাবি রাইডের আয়োজকরা। 

ফিরোজ হোসেন বলেন, ‘নবাবরা হয়তো ভেসপা চালাতেন না, হয়তো লুঙ্গি পরতেন না। কিন্তু সময়ের প্রয়োজনে পুরান ঢাকার ঐতিহ্য নিয়ে আমরা নবাবি মেজাজকে সম্মান জানাতেই নবাবি রাইডের আয়োজন করি।’

নবাবি রাইডে অংশ নেওয়া খালেদ নেওয়াজ জানান, বাবার ব্যবহার করা একটি পুরোনো স্কুটি থেকে এই বাহনের প্রতি তাঁর প্রেম। খালেদ বলেন, ‘১৯৯২ সাল থেকে আমি ভেসপা চালাই। সময়ের সঙ্গে সঙ্গে এখন আমার কাছে পাঁচটি ভেসপা আছে। এগুলোতে করেই দেশের নানা প্রান্তে ছুটে বেড়াই। বিভিন্ন কমিউনিটির সঙ্গে যুক্ত আছি। তাদের আয়োজনগুলোয় অংশ নেওয়ার মাধ্যমে চালকদের মধ্যে নৈকট্য তৈরি হয়।’

দেশের ভেসপাপ্রেমীদের নিয়ে সামাজিক মাধ্যমে গড়ে উঠেছে বিভিন্ন কমিউনিটি। এর মধ্যে ‘বাংলাদেশ ভেসপা কমিউনিটি’ ও ‘ভেসপা ক্লাব বাংলাদেশ’ অন্যতম। দুটি গ্রুপে ৩২ হাজারের বেশি সদস্য রয়েছেন। 

শুধু নবাবি রাইড নয়, বছরের নানা সময়ে এসব কমিউনিটির উদ্যোগে ‘জেন্টলম্যান রাইড’, ‘জেনারেশন অন হুইলস’-এর আয়োজন করছেন। এ ছাড়া প্রতিবছরের ১৫ ডিসেম্বর রাত ১২টার পর ‘বিজয় রাইড’ পরিচালনা করছে এসব কমিউনিটি। যাদের উদ্দেশ্য একটাই– ভেসপার শেষ স্মৃতি আগলে রাখা।

আরও পড়ুন

×