কাদের ডাবের পানি খাওয়া ঠিক নয়
ডাবের পানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬ | ১২:০৪
সব ঋতুতেই ডাবের পানি খাওয়া যায়। পুষ্টিগুণে ভরপুর প্রাকৃতিক এই পানীয়টির উপকারিতার শেষ নেই। বিশেষ করে গরমের দিনে ডাবের বেশি জনপ্রিয়। এটি শরীরকে হাইড্রেটেড রাখে। নিয়মিত এই পানি খেলে ত্বক হয়ে ওঠে দাগহীন এবং উজ্জ্বল। কিন্তু অনেকেই হয়তো জানেন উপকারী এই পানীয়টি নিয়মিত খেলে কারও কারও জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিনের এক প্রতিবেদনে এমনই কিছু তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় পুষ্টিবিদ আমন পুরী বলেছেন ডাবের পানি খুবই পুষ্টিকর। বহু খাদ্যগুণে ভরপুর। শরীরকে হাইড্রেটেড রাখে। কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে এটি শরীরের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে। ওই পুষ্টিবিদ আরও বলেছেন, ডাবের পানিতে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় এটি শরীরে ইলেকট্রোলাইটসের ভারসাম্য নষ্ট করতে পারে। এমনকী নিয়মিত ডাবের পানি খাওয়ার অভ্যাস অনিয়মিত হৃৎস্পন্দন এবং কিডনির সমস্যাও বাড়িয়ে তুলতে পারে। এ কারণে কিডনির সমস্যা থাকলে এই পানীয় এড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
পুষ্টিবিদ আমন পুরীর মতে,যাদের উচ্চ রক্তচাপ আছে তাদেরও প্রতিদিন ডাবের পানি খাওয়া ঠিক নয়। কারণ এই পানীয়ের অতিরিক্ত সোডিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাধা দেবে। আবার ডাবের পানিতে থাকা অতিরিক্ত পটাশিয়াম উচ্চ রক্তচাপ দ্রুত হারে কমিয়েও দিতে পারে।
এক কাপ ডাবের পানিতে ৬.২৬ গ্রাম শর্করা থাকে। এ কারণে ডায়াবেটিস রোগীদেরও নিয়মিত এই পানীয় খাওয়া ঠিক নয়।
অনেকসময় বদহজম, গ্যাস, পেট ফেঁপে ওঠার মতো সমস্যার কারণও হতে পারে ডাবের পানি। শরীরচর্চার পরও ডাবের পানির তুলনায় বেশি স্বাস্থ্যকর সাধারণ পানি। কারণ ডাবের পানিতে লবণের পরিমাণ বেশি থাকে।
- বিষয় :
- ডাবের পানি
