টাটকা সবজি নাকি ফ্রিজে রাখা সবজি, কোনটিতে পুষ্টিগুণ বেশি
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৫:১০
প্রতিদিন বাজার করা সম্ভব না হওয়ায় অনেকেই একসঙ্গে কয়েক দিনের সবজি কিনে ফ্রিজে রেখে দেন। এতে সবজি দ্রুত নষ্ট হয় না, সময়ও বাঁচে। তবে টাটকা সবজি রান্না করে খাওয়া আর কয়েক দিন ফ্রিজে রেখে খাওয়ার মধ্যে পুষ্টিগুণের পার্থক্য রয়েছে। তাই সবজি কীভাবে ও কত দিন সংরক্ষণ করছেন, সেদিকেও নজর দেওয়া জরুরি।
টাটকা সবজির পুষ্টিগুণ বেশি
সবজি তোলার পর থেকেই ধীরে ধীরে এর কিছু পুষ্টি উপাদান কমতে শুরু করে। বাজার থেকে কেনার পর দীর্ঘ সময় রেখে দিলে বিশেষ করে কিছু ভিটামিনের পরিমাণ কমে যেতে পারে। তাই বাজার থেকে সবজি আনার পর যত দ্রুত সম্ভব রান্না করে খেলে এর পুষ্টিগুণ বেশি পাওয়া যায়।
ফ্রিজে রাখলে কী হয়
ফ্রিজে রাখলে সবজির নষ্ট হওয়ার প্রক্রিয়া ধীর হয়ে যায়। ফলে সাধারণ তাপমাত্রায় রাখার তুলনায় সবজি বেশি দিন ভালো থাকে। তবে ফ্রিজে রাখলেই সবজির পুষ্টিগুণ পুরোপুরি অপরিবর্তিত থাকে না। সময় যত বাড়ে, কিছু পুষ্টি উপাদান ধীরে ধীরে কমতে পারে। বিশেষ করে ভিটামিন সি ও কিছু পানিতে দ্রবণীয় ভিটামিন দীর্ঘদিন সংরক্ষণের কারণে কমে যেতে পারে। তবে কয়েক দিন ফ্রিজে রাখলেই সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, এমনটা নয়।
কীভাবে ফ্রিজে রাখবেন
বাজার থেকে সবজি আনার পর নষ্ট বা পচা অংশ আলাদা করে ফেলুন। প্রয়োজন অনুযায়ী সবজি পরিষ্কার করে ভালোভাবে পানি ঝরিয়ে সংরক্ষণ করা ভালো। সবজি কেটে দীর্ঘদিন ফ্রিজে না রেখে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে রাখা যেতে পারে। পাতাজাতীয় সবজি দ্রুত নষ্ট হয়, তাই এগুলো বেশি দিন সংরক্ষণ না করাই ভালো। ফ্রিজে রাখার ক্ষেত্রেও সবজির ধরন অনুযায়ী আলাদা যত্ন প্রয়োজন।
সবজি কেনার পর দীর্ঘদিন ফ্রিজে রেখে খাওয়ার অভ্যাস না করে প্রয়োজন অনুযায়ী বাজার করা ভালো। টাটকা সবজি দ্রুত রান্না করে খেলে পুষ্টিগুণ ধরে রাখা সহজ হয়। তবে ব্যস্ততার কারণে কয়েক দিন ফ্রিজে রাখতে হলে সঠিকভাবে সংরক্ষণ করে খাওয়া যেতে পারে।
সূত্র: এনডিটিভি