নিজেকে ভীষণ একা লাগে? একাকীত্ব কাটিয়ে ওঠার ১০ উপায়
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ | ১১:৩৭
চারপাশে কত মানুষ, তারপরও অনেক সময় নিজেকে ভীষণ একা মনে হয়। কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। আবার মনের কথা বলার মতো কাউকে খুঁজেও পাওয়া যায় না। ব্যস্ত জীবন, কাজের চাপ, সম্পর্কের টানাপড়েন কিংবা জীবনের নানা পরিবর্তনের কারণেই আজকাল অনেকেরই এমন অনুভূতি তৈরি হচ্ছে। আবার সবসময় যে আপনার পাশে কেউ থাকবেই এমনটাও আশা করা ঠিক নয়। এর চেয়ে ভালো নিজের একাকীত্বকেই নিজের প্লাস পয়েন্ট হিসেবে গড়ে তোলা। ছোট ছোট কিছু অভ্যাসের মাধ্যমে নিজের একাকীত্বকে ‘মি টাইম’-এ পরিণত করুন। এজন্য যা করতে পারেন-
নিয়মিত নিজের সঙ্গে কথা বলুন
নিজের সঙ্গে প্রতিদিন কিছুটা সময় কথা বলার চেষ্টা করুন। সব সময় গভীর আলোচনা করতে হবে এমন কোনো কথা নেই। সাধারণ কথাবার্তা বলুন। নিজেই নিজের বন্ধু হন।
পছন্দের কাজকে সিরিয়াসলি নিন
বই পড়া, গান শোনা, ছবি আঁকা, বাগান করা, এক্সারসাইজ, যে কাজেই আনন্দ পান, তা বেশি বেশি করার চেষ্টা করুন। কাজের সময়টুকু বাদ দিয়ে এটাকে গুরুত্ব দিন। যেমন- কেউ যদি ছবি আঁকেন, চেষ্টা করুন নতুন ধরনের, আরও নতুন ধরনের ছবি আঁকার। এরকম যেই কাজ করতে ভালো লাগে সেদিকে মনোযোগ দিন।
শরীরচর্চা করুন
নিয়ম করে হাঁটতে বেরোন বা হালকা ব্যায়াম করুন। নিয়মিত শরীরচর্চা মন ভাল রাখতে এবং দৈনন্দিন কাজে উৎসাহ বাড়াতে সাহায্য করতে পারে।
নতুন কিছু শিখুন
রান্না করতে ভালো লাগলে নতুন কিছু করার চেষ্টা করুন। নতুন কোনও ভাষা বা কোনও বাদ্যযন্ত্র শেখার চেষ্টা করতে পারেন।
ঘরের বাইরে বের হন
সুযোগ পেলেই ঘর থেকে বেরিয়ে কাছাকাছি কোথাও হেঁটে আসুন। বাইক বা গাড়ি থাকলে কিছু সময়ে জন্য একটু রাইডে বেরিয়ে যেতে পারেন।
সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমান
অন্যের সাজানো জীবনের ছবি দেখে নিজের জীবনকে ছোট ভাববেন না। সবার জীবনেই ভালো-মন্দ আছে। অনলাইনে মানুষ শুধু নিজের সেরাটাই দেখায়। ছবি-ভিডিওতে কারও জীবন সুন্দর লাগলেও বাস্তবে তা সবসময় হয় না।
ঘুমের নিয়ম ঠিক রাখুন
প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। ঘুমের অনিয়ম হলে মনের উপর প্রভাব ফেলতে পারে। নিয়ম করে ৭-৮ ঘণ্টা ঘুমান। ঘুমকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ করে নিন।
ছোট ছোট লক্ষ্যমাত্রা সেট করুন
নিজের পেশা হোক বা শখ, সেখানে নিজের জন্য লক্ষ্যমাত্রা সেট করুন। নিজের দক্ষতা বাড়ান। সবসময় তার থেকে যে টাকা আয় করতে হবে, বিষয়টা তা নয়। কিন্তু আমাদের মস্তিষ্ক চ্যালেঞ্জ পছন্দ করে। সেই চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করলে মস্তিষ্ক ঠিক থাকে।
অন্যের পাশে দাঁড়ান
কাউকে সাহায্য করলে বা স্বেচ্ছাসেবামূলক কাজে যোগ দিলে দেখবেন মন ভালো লাগবে। অসহায়, দুর্বল প্রাণীদের সাহায্য করুন।
প্রয়োজন হলে সাহায্য চান
দীর্ঘদিন ধরে একাকীত্ব বোধ হলে বা দৈনন্দিন জীবন ব্যাহত হলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। সূত্র: আজতক