নারী নিপীড়নের বৈশ্বিক প্রতিচ্ছবি নিয়ে মঞ্চ নাটক
নাটকের দৃশ্যে সাফিয়া খন্দকার রেখা। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২৬ | ১৬:৩৩
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে থিয়েটার চারণিকের পঞ্চম প্রযোজনা ‘ঈশ্বর তুমি কোথায়’। আগামী ৭ ও ৮ মে, বৃহস্পতিবার ও শুক্রবার নাটকটির ২০তম ও ২১তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
একক অভিনয়নির্ভর এই নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন জুয়েল কবির। মঞ্চে একক অভিনয়ে থাকছেন সাফিয়া খন্দকার রেখা ও পলি পারভীন। নাটকের গানের সুর ও পরিবেশনায় রয়েছেন আন্দালিব মোস্তফা লালন। এছাড়া কস্টিউম ডিজাইনে রিবন খন্দকার, মিলনায়তন ব্যবস্থাপনায় সাজেদুল করিম সুজন এবং প্রপস পরিকল্পনায় অতনু সিংহ যুক্ত রয়েছেন। প্রযোজনা অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রেজাউল করিম রেজা।
নাটকটি মূলত নারীর প্রতি সহিংসতা, শোষণ ও দমন-পীড়নের একটি শক্তিশালী শিল্পিত উপস্থাপনা। সমাজ, রাষ্ট্র ও ধর্মীয় কাঠামোর আড়ালে চলমান নির্যাতনের চিত্র এতে প্রতিফলিত হয়েছে। নাটকের কেন্দ্রীয় চরিত্র তাসমিদা জহুর—যিনি এক প্রতীকী চরিত্র হিসেবে উঠে আসেন। তার জীবনের করুণ পরিণতি এবং মৃত্যুর পরও তার আত্মার প্রশ্নবোধক যাত্রা দর্শকদের সামনে এক গভীর বাস্তবতা তুলে ধরে।
কাহিনিতে দেখা যায়, তাসমিদাকে পণ্যসামগ্রীর মতো ব্যবহার করে সমুদ্রপথে পাচার করা হয়। জীবনের শেষ মুহূর্তে সে মুক্তির আশায় স্রষ্টার কাছে ঝড় প্রার্থনা করে। সেই ঝড়ই তার জীবন কেড়ে নেয়, তবে তার প্রশ্ন থেমে থাকে না। মৃত্যুর পর তার আত্মা যেন নতুনভাবে জেগে উঠে, যেখানে সে নিজের জীবনের দুঃখ, বঞ্চনা ও নির্যাতনের কথা তুলে ধরে।
নাটকটির প্রেক্ষাপট কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমায় আবদ্ধ নয়। বরং মিয়ানমার, বাংলাদেশ, ভারত থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন অঞ্চলে নারীর ওপর চলমান নির্যাতনের প্রতিফলন এতে দেখা যায়। ফলে এটি কেবল একটি ব্যক্তির গল্প নয়, বরং বিশ্বজুড়ে নিপীড়িত নারীদের সম্মিলিত কণ্ঠস্বর হয়ে ওঠে। এমনটিই জানিয়েছে থিয়েটার চারনিক।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করলে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট দৈর্ঘ্যের এই প্রযোজনাটি দর্শকদের সামনে একটি গভীর মানবিক ও সামাজিক প্রশ্ন উত্থাপন করে—‘ঈশ্বর তুমি কোথায়?’ যা ব্যক্তিগত বেদনার বাইরে গিয়ে একটি বৃহত্তর সামাজিক বাস্তবতাকে স্পর্শ করে।
- বিষয় :
- মঞ্চ নাটক
- শিল্পকলা একাডেমি
