ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মঞ্চে লাইলি-মজনুর প্রেম

মঞ্চে লাইলি-মজনুর প্রেম
×

ছবি-সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ২০:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় মঞ্চস্থ হতে যাচ্ছে সুফিসাহিত্যের চিরায়ত প্রণয়োপাখ্যান লাইলি-মজনু। আগামী ১৮ থেকে ২১ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং ২২ মে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

মধ্যযুগীয় কবি দৌলত উজির বাহরাম খানের কাব্য অবলম্বনে নির্মিত এ নাটকের নাট্যরূপ, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান। এতে অভিনয় করছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতক তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা।

নাটকের কাহিনি আবর্তিত হয়েছে আরবের নজদ অঞ্চলের যুবক কয়েস ও রূপসী লাইলির গভীর প্রেমকে ঘিরে। শৈশব থেকেই তাদের মধ্যে জন্ম নেয় অকৃত্রিম ভালোবাসা। কিন্তু সামাজিক বাধা, পারিবারিক মর্যাদা ও লোকলজ্জার কারণে দুই পরিবারের বিরোধিতায় তাদের মিলন অসম্ভব হয়ে পড়ে। লাইলিকে গৃহবন্দি করা হলে বিরহে উন্মাদ হয়ে পড়ে কয়েস। তার এই উন্মাদনার কারণেই মানুষ তাকে ‘মজনু’ নামে ডাকতে শুরু করে। পরে অনিচ্ছা সত্ত্বেও অন্যত্র লাইলির বিয়ে হলেও হৃদয়ে সে আজীবন মজনুকেই ধারণ করে। দীর্ঘ বিরহ ও বেদনার শেষে লাইলির মৃত্যু হলে মজনুও তার কবরের পাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

নির্দেশক তানভীর নাহিদ খান বলেন, ‘লাইলি-মজনু শুধু একটি প্রেমকাহিনি নয়, এটি সামাজিক প্রতিকূলতার বিরুদ্ধে হৃদয়ের আর্তি ও আত্মত্যাগের এক শাশ্বত উপাখ্যান।’

তিনি আরও জানান, কাব্যের ধ্রুপদি ভাষা, সুর ও শরীরী প্রকাশের মাধ্যমে সমকালীন দর্শকের কাছে মধ্যযুগীয় সুফি ভাবধারাকে নতুনভাবে নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন

×