মঞ্চে আজ সুজিত-মুনমুনের পরিবেশনা
সুজিত মোস্তফা ও মুনমুন আহমেদ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১৩:১৯
সংগীতশিল্পী সুজিত মোস্তফা এবং নৃত্যশিল্পী মুনমুন আহমেদ প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চে উঠতে যাচ্ছেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ ১৫ মে অনুষ্ঠিত হবে ‘এন ইভিনিং অব মিউজিক অ্যান্ড ড্যান্স’ শীর্ষক এই আয়োজন। অনুষ্ঠানের আয়োজক আর্টিস্ট ক্লাব।
দুই ঘণ্টার এই পরিবেশনায় প্রায় দেড় ঘণ্টা গান গাইবেন সুজিত মোস্তফা। অনুষ্ঠানে থাকবে তার মৌলিক গান, তার নিজের লেখা ও সুর করা সংগীত, তার বাবা আবু হেনা মোস্তফা কামালের লেখা জনপ্রিয় কিছু গান এবং হারানো দিনের নির্বাচিত সংগীত। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সুজিত-মুনমুন যুগলের যৌথ পরিবেশনা।
অনুষ্ঠানে আরও থাকছে কত্থক নৃত্য এবং নজরুলসংগীতের সঙ্গে মুনমুন আহমেদের নৃত্য পরিবেশনা। দীর্ঘ তিন দশকের বেশি দাম্পত্য জীবনের পর এই প্রথমবার শুধুমাত্র এই দম্পতিকে ঘিরে আলাদা আয়োজন হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে সুজিত মোস্তফা বলেন, দেশে সাধারণত আলাদা করে উচ্চাঙ্গ সংগীত বা নৃত্যানুষ্ঠানের আয়োজন বেশি হলেও যুগলভাবে সংগীত ও নৃত্যের সমন্বিত আয়োজন খুব কম দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিলেও শুধুমাত্র তাদের দুজনকে নিয়ে আলাদা মঞ্চায়ন এবারই প্রথম।
আর্টিস্ট ক্লাব সম্পর্কে তিনি বলেন, এটি দেশের শিল্পীদের নিয়ে গড়ে ওঠা একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। সংগীত, নৃত্যসহ বিভিন্ন সৃজনশীল অঙ্গনের মানুষকে একত্রিত করাই এই ক্লাবের লক্ষ্য। ভবিষ্যতে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য ক্লাবের জন্য তহবিল সংগ্রহ। সুজিত মোস্তফা জানান, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি ও মুনমুন আহমেদ কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। নিজেদের শিল্পচর্চার মাধ্যমে একটি ইতিবাচক উদাহরণ তৈরি করতে চান তারা।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে গুণগত ও সিরিয়াস সংগীতচর্চার আয়োজন তুলনামূলকভাবে কমে গেছে। তাই আন্তর্জাতিক অতিথিদের সামনে দেশের সংস্কৃতি তুলে ধরার সুযোগ হিসেবেও দেখছেন এই অনুষ্ঠানকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। পাঁচ দশকের বেশি সময় ধরে সংগীতচর্চায় যুক্ত আছেন সুজিত মোস্তফা। অন্যদিকে নৃত্যশিল্পেও প্রায় একই সময় ধরে সক্রিয় রয়েছেন মুনমুন আহমেদ।
- বিষয় :
- মুনমুন আহমেদ
- নৃত্যশিল্পী
