ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শ্রমজীবী নারীর সংগ্রামের গল্পে ‘রাইজ অ্যান্ড শাইন’ 

শ্রমজীবী নারীর সংগ্রামের গল্পে ‘রাইজ অ্যান্ড শাইন’ 
×

‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দৃশ্যে কাজী রোকসানা রুমা। ছবি: নাট্যদলের সৌজন্যে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৬ | ২০:২৪ | আপডেট: ১০ মে ২০২৬ | ২০:৩৩

বেশ বিরতির পর আবার মঞ্চে আসছে নাট্যদল বটতলার নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ১৯ মে সন্ধ্যা ৭টায় এর মঞ্চায়ন হবে। ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো ও ফ্র্যাঙ্কা রামের লেখা নাটকটি ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম, নির্দেশনা দিয়েছেন ম. সাঈদ।

বটতলা নাট্যদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাইজ অ্যান্ড শাইন’ মূলত একজন শ্রমজীবী নারীর দৈনন্দিন জীবনসংগ্রামের মোড়কে শোষিত, নিপীড়িত মানুষের গল্প। ক্ষমতাচর্চার বিবিধ সমীকরণে পিষ্ট মানুষ কীভাবে বাঁচে, তারই শিল্পিত উপস্থাপন এই নাটক। মঞ্চে একজন মরিয়মের মা প্রতিনিধিত্ব করেন দীপু চন্দ্র দাসের মতো যে কোনো শ্রমজীবী, প্রান্তিক, ভাগ্যাহত মানুষের।

নির্দেশক বলেন, ‘এটি আমাদের সবার গল্প। প্রায় সব নারীর, সব মায়ের, সব কর্মজীবী নারীর গাথা। মঞ্চে হয়তো শুধুই একজন অভিনেত্রীকে দেখা যাবে, কিন্তু আপনি আপনার চেনা যে কোনো নারীর সঙ্গে মিলিয়ে নিতে পারবেন তাঁর জীবন। এক নারীর সকাল থেকে শুরু হওয়া জীবনাচার, তাঁর রোজনামচা, সংসারের যন্ত্রণা চুপচাপ সয়ে যাওয়া জীবন, মাল্টিন্যাশনাল ক্রেতার জন্য তৈরি পোশাকের কারখানায় ওভারটাইম, স্বামীর বদমেজাজ এবং একদিন সব ছেড়ে জ্বলে ওঠার চেষ্টার নাম ‘রাইজ অ্যান্ড শাইন’।

এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, আশরাফুল অশ্রু, আফফান রহমান, মনিরা খাতুন সৃষ্টিসহ অনেকে।

কাজী রোকসানা রুমা বলেন, “জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটক এক নারীর গল্প নিয়ে রাইজ অ্যান্ড শাইন। এতে একজন পোশাকশ্রমিকের চরিত্রে অভিনয় করেছি। ‘মইরমের মা’ চরিত্রটিতে চেনা জানা মানুষের ছায়া খুঁজে পাবেন দর্শক।”

বটতলার অন্যতম আলোচিত নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’ প্রথম মঞ্চে আসে ২০২২ সালের জুনে। এরপর বিভিন্ন সময়ে এর মঞ্চায়ন হয়েছে।

আরও পড়ুন

×