অন্য এক তৌসিফ
তৌসিফ মাহবুব
এমদাদুল হক মিলটন
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
তৌসিফ মাহবুব দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ছোটপর্দায় নিজস্ব অবস্থান তৈরি করা এক নির্ভরযোগ্য মুখ। প্রেম, পারিবারিক টানাপোড়েন, আবেগ কিংবা ভিন্নধর্মী চরিত্র–বিভিন্ন ধরনের গল্পে অভিনয় করে নিজেকে বারবার নতুনভাবে তুলে ধরেছেন তিনি। সাম্প্রতিক সময়ে একের পর এক কাজের সাড়া বলছে, তৌসিফের ক্যারিয়ারে বৃহস্পতি এখন তুঙ্গে। এর সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ ‘আপন পর’। রোমান্টিক গল্পের বাইরে এ যেন অন্য এক তৌসিফ। মায়ের ভালোবাসা, স্নেহ ও সমাদর পাওয়ার আকাঙ্ক্ষায় একজন সন্তানের আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত নাটকটি প্রকাশের পর দর্শকের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নাটকে রিফাত চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ ।
ছোটবেলায় মাকে হারানো এবং পরবর্তী সময়ে সৎ মায়ের কাছ থেকে আপন সন্তানের মতো ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা–এই আবেগঘন যাত্রাকে পর্দায় তুলে ধরেছেন তিনি। নাটকের শেষ ভাগে মায়ের একটি চাওয়া পূরণ করতে গিয়ে রিফাত যে ত্যাগ স্বীকার করে, সেটিই গল্পের আবেগকে আরও গভীর করে তোলে। গত মাসের মাঝামাঝি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশের পর অল্প সময়ে নাটকটি বিপুল দর্শক টানে। দর্শকের মন্তব্যেও উঠে আসে আবেগের কথা। কেউ নিজের জীবনের সঙ্গে গল্পের মিল খুঁজেছেন, কেউ জানিয়েছেন নাটকটি দেখতে গিয়ে চোখে পানি চলে এসেছে। তৌসিফের অভিনয় নিয়েও এসেছে প্রশংসা।
দর্শকের এই ভালোবাসাকে নিজের অভিনয়জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তৌসিফ।
‘আপন পর’ নিয়ে অভিনেতার ভাষ্য, ‘নাটকটি প্রকাশের পর দর্শকের অনেক ভালোবাসা পাচ্ছি। সবাই অভিনয়ের প্রশংসা করছেন। প্রচুর মানুষ ফেসবুকে তাদের ভালোলাগার কথা জানাচ্ছে। আবার কেউ তাদের কষ্টের কথাও বলছেন, যা দেখে নিজেও কষ্ট পাচ্ছি। তবে ভালো লাগছে এই ভেবে যে, আমার অভিনয় দর্শকের মনে ছাপ ফেলতে পেরেছে। একজন অভিনেতা হিসেবে এর থেকে সার্থকতা আর কিছু নেই।’
২০১৩ সালে ভালোবাসা দিবসের নাটক ‘অল টাইম দৌড়ের উপর’ দিয়ে আলোচনায় আসার পর তৌসিফকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বড়পর্দার মতোই ছোটপর্দায়ও নিজের একটি দর্শকগোষ্ঠী তৈরি করেছেন। ‘আপন পর’-এর সাফল্যের পাশাপাশি সামনে রয়েছে একাধিক নতুন কাজ।
সময়ের সঙ্গে নতুন শিল্পীদের সঙ্গেও কাজ করছেন, নতুন গল্প ও চরিত্রে নিজেকে মেলে ধরছেন। ‘প্রাণভোমরা’ ওয়েব সিরিজে ভিকি জাহেদের পরিচালনায় শ্রেয়সী শ্রেয়ার সঙ্গে অভিনয় করছেন তিনি। ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকে তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে দর্শক আবারও দেখবেন তাঁর অভিনয়ের ঝলক। নাটকটি ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আগামীকাল শুক্রবার। তৌসিফের বর্তমান সময়টি সম্ভাবনায় ভরা। দীর্ঘ পথচলায় তৌসিফের ঝুলিতে জমেছে জনপ্রিয়তা, দর্শকের ভালোবাসা এবং বৈচিত্র্যময় চরিত্রে কাজের অভিজ্ঞতা। অপ্রাপ্তি হিসেবে থেকে গেছে হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ না করার আক্ষেপ। সেই আক্ষেপকে পেছনে রেখে সামনে এগিয়ে চলেছেন তিনি।
‘আপন পর’-এর মতো কাজ যখন দর্শকের চোখে পানি এনে দেয়, আর নতুন নতুন চরিত্র যখন তাঁর অভিনয়ের পরিসর বাড়ায়, তখন বলা যায়–তৌসিফ মাহবুবের ক্যারিয়ারে এখন সুসময় চলছে।
তৌসিফের অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য তাঁর স্বাভাবিকতা। পর্দায় তাঁকে দেখলে অনেক সময় মনে হয়, অভিনয় নয়; বরং নিজের পরিচিত কোনো গল্পই যেন বলছেন তিনি। এই সহজাত অভিনয়শৈলী তাঁকে তরুণ প্রজন্মের দর্শকের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করেছে। অভিনয়ের পাশাপাশি কাজের ক্ষেত্রে বেছে চলার প্রবণতাও রয়েছে তাঁর। একটি ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন তিনি। প্রতিটি নতুন কাজকে নিজের জন্য নতুন অভিজ্ঞতা ও শেখার সুযোগ হিসেবে দেখেন এই অভিনেতা। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে দর্শকের রুচি, বদলাচ্ছে নাটকের গল্প বলার ধরনও। সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে তৌসিফও এগিয়ে চলেছেন। জনপ্রিয়তার পাশাপাশি একজন পরিণত অভিনেতা হিসেবে নিজেকে আরও প্রতিষ্ঠিত করা এখন তাঁর লক্ষ্য। সেই পথচলায় নতুন নতুন চরিত্রে তৌসিফ মাহবুবকে আরও বৈচিত্র্যময়ভাবে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর দর্শক।
- বিষয় :
- বিনোদন