আবারও রজনীকান্ত
জেলার ২ সিনেমার দৃশ্যে রজনীকান্ত
আলিফ তাসবির
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৭:৪৪
| প্রিন্ট সংস্করণ
সুপারস্টার রজনীকান্ত আবারও রুপালি পর্দা কাঁপাতে আসছেন। ২০২৩ সালে ভারতীয় চলচ্চিত্র জগতে আলোড়ন তোলা সিনেমা ‘জেলার’-এর সিকুয়াল নিয়ে এবার তিনি ভক্তদের সামনে হাজির হচ্ছেন। ডার্ক কমেডি ও হাই-ভোল্টেজ অ্যাকশনের নিখুঁত মিশ্রণে তৈরি এ সিনেমাটি বিশ্বজুড়ে বক্স অফিসে ৬০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল। সেই ব্লকবাস্টার সাফল্যের পর থেকে দর্শকমহলে একটাই প্রশ্ন ছিল–কবে আসবে এর সিকুয়াল? অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘জেলার ২’। দক্ষিণ ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি হিসেবে এই সিনেমা ঘিরে এরই মধ্যে উন্মাদনা তুঙ্গে।
‘জেলার’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় পর্বের কাহিনি। প্রথম পর্বে আমরা দেখেছি অবসরপ্রাপ্ত জেলার ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান (রজনীকান্ত) কীভাবে তাঁর পরিবারের সুরক্ষায় এবং ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে অপরাধ জগতের মুখোমুখি হয়েছিলেন। ‘জেলার ২’ ছবিতে গল্প আরও বড় ক্যানভাসে ডানা মেলতে যাচ্ছে। এবার মুথুভেল পান্ডিয়ানকে শুধু স্থানীয় কোনো মাফিয়াচক্র নয়, বরং একটি আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। পারিবারিক আবেগ, প্রতিশোধের আগুন এবং তাঁর অতীত জীবনের কিছু গোপন অধ্যায় এবার গল্পের মূল চালিকাশক্তি। নেলসন দিলীপকুমারের চেনা ঘরানার ডার্ক হিউমার বা অন্ধকার রসাত্মক দৃশ্যের পাশাপাশি এতে থাকবে হাড় হিম করা অ্যাকশন সিকোয়েন্স, যা রজনী-ভক্তদের রোমাঞ্চিত করবে। ‘জেলার ২’-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সুবিশাল এবং শক্তিশালী তারকাবহর। সুপারস্টার রজনীকান্ত তো থাকছেনই, এই সিকুয়ালে হাজির হয়েছেন আরও বেশ কয়েকজন ভারতীয় সিনেমার দিকপাল।
এবার রজনীকান্তের মুখোমুখি টক্কর দিতে দেখা যাবে তুখোড় অভিনেতা এস জে সূর্য-কে। তাঁর সাইকোটিক ভিলেন অবতার সিনেমাটিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। বলিউডের মহাতারকা মিঠুন চক্রবর্তী এবং জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী বিদ্যা বালান এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন, যা সিনেমাটিকে সত্যিকারের একটি প্যান ইন্ডিয়ান রূপ দিয়েছে। প্রথম পর্বের মতো এবারও বিশেষ চরিত্রে দেখা যাবে মালয়ালম সুপারস্টার মোহনলাল এবং কন্নড় সিনেমার কিংবদন্তি শিব রাজকুমারকে। এ ছাড়া হৃতিক রোশন, জ্যাকি শ্রফ, বিজয় সেতুপতি, বিনায়কান, বসন্ত রবি, পূর্ণা ও রাজেশ মাধবনকে অতিথি চরিত্রে পর্দায় একঝলক দেখা যাবে। রম্যা কৃষ্ণন ও যোগী বাবু তাদের আগের চরিত্রে ফিরছেন।
‘জেলার’-এর সাফল্যের পেছনে পরিচালক নেলসন দিলীপকুমার এবং সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর জুটির অবদান ছিল উল্লেখ করার মতো। ‘জেলার ২’ ছবিতেও এই সফল জুটি একসঙ্গে কাজ করছেন। নেলসনের পরিচালনার সিগনেচার স্টাইল হলো–খুব গম্ভীর বা ভীতিজনক পরিস্থিতিতেও সূক্ষ্ম রসবোধ তৈরি করা। ট্রেইলার ও প্রোমো দেখে স্পষ্ট যে, এবারও তিনি সেই ধারা বজায় রেখেছেন। অন্যদিকে, অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড স্কোর যে কোনো সাধারণ দৃশ্যকেও অসাধারণ করে তুলতে পারে। প্রথম পর্বের ‘হুকুম’ গানটি যেভাবে চার্টব্লাস্টার হয়েছিল, ঠিক তেমনি দ্বিতীয় পর্বেও তিনি বেশ কিছু চমকপ্রদ গান উপহার দিতে চলেছেন, যা দর্শকদের মুগ্ধ করবে। এ পর্বে নোরা ফাতেহিকে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। নিজের ভূমিকায় অবতীর্ণ হয়ে তাঁকে ‘বিন্দাস’ নামে একটি গান গাইতে দেখা যাবে।
মুক্তির আগেই ‘জেলার ২’ ভারতীয় সিনেমা বাজারে ঝড় তুলেছে। অগ্রিম টিকিট বুকিং শুরু হতেই বিশ্বব্যাপী সিনেমাটি প্রায় ৪০ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে, যা এর ব্লকবাস্টার হওয়ার স্পষ্ট ইঙ্গিত। তামিল, হিন্দি, তেলুগু, মালয়ালম ও কন্নড়–এই পাঁচটি ভাষায় প্যান ইন্ডিয়ান রিলিজ হিসেবে সিনেমাটি মুক্তি পাওয়ায় এর দর্শক পরিধি এবার অনেক বেশি। ‘জেলার ২’ শুধু একটি সাধারণ অ্যাকশন সিনেমা নয়; এটি হলো বড়পর্দায় ভারতীয় সিনেমার মহাতারকাদের এক মহা-উৎসব। রজনীকান্তের স্টাইল, এস জে সূর্যের পাগলামি, অনিরুদ্ধের বিদ্যুৎগতির সংগীত এবং নেলসনের টানটান স্ক্রিপ্ট–সব মিলিয়ে এই ছবি দর্শকদের চোখ ও মন ধাঁধিয়ে দেবে। সিনেমা বিশ্লেষকদের মতে, প্রথম সপ্তাহের শেষে এটি শতকোটির ক্লাব পার করে অনন্য রেকর্ড গড়তে পারে।
- বিষয় :
- সিনেমা