খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ১২:৪৩ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ১২:৪৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ সাব্যস্ত করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার সকাল সাড়ে ৭টায় ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে কলা ভবন থেকে মিছিলটি শুরু হয়। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।
খোরশেদ আলম সোহেল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তার প্রতি ক্রমাগত কুৎসা রটানো হচ্ছে। শেখ হাসিনার মতো একজনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া সমগ্র জাতির জন্য লজ্জাজনক।
আরিফুল ইসলাম বলেন, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে শেখ হাসিনা যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, আমরা তার ধিক্কার জানাই। খালেদা জিয়াকে নিয়ে তামাশা বন্ধ না করলে জাতীয়তাবাদী ছাত্রদল ক্ষমতার মসনদ থেকে শেখ হাসিনাকে টেনেহিঁচড়ে নামিয়ে দেবে।
এ সময় ঢাবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইজাজুল কবির রুহেল, সহসভাপতি মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, মাহমুদ ইসলাম কাজল, কাজী আমজাদ আহমেদ রাজু, মাহফুজুর রহমান, সহ সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
