ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নেতাকর্মীদের আচরণ নিয়ন্ত্রণের নির্দেশ ঢাবি ছাত্রদল সভাপতির

নেতাকর্মীদের আচরণ নিয়ন্ত্রণের নির্দেশ ঢাবি ছাত্রদল সভাপতির
×

ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪ | ১৮:৫৮

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ফ্যাসিবাদের দোসররা ছাত্রদলের ইমেজকে সংকটে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। সে ফাঁদে পা দেওয়া যাবে না। আপনারা চাল-চলন ও আচার-আচরণ অবশ্যই নিয়ন্ত্রণ করবেন। কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরদের সুযোগ দেওয়া যাবে না।

রোববার দুপুর ২টার দিকে ‌‘অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তাকারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী এবং ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে’ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। এ সময় গণেশ চন্দ্র রায় এ সব কথা বলেন।   

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, রাজু ভাস্কর্য থেকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে যেভাবে গেস্টরুম-গণরুম সংস্কৃতি কায়েম করে জোর করে মিছিল-মিটিংয়ে নিয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করেছিল, সাধারণ শিক্ষার্থীরা মনে করছে, ছাত্রদলও তেমন করবে কিনা।

তিনি বলেন, শিক্ষার্থীদের বলতে চাই, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনীতি করবে। শিক্ষার্থীদের কোনো প্রকার বিরক্তি হয়, পড়াশোনায় ব্যাঘাত ঘটে, চাল-চলনে আঘাতপ্রাপ্ত হয়; এমন কোনো রাজনীতি ছাত্রদল অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রদলের রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে মনে প্রাণে ধারণ করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা দেখতে হবে। এসব দেখে কষ্ট শিকার করে কেউ যদি ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হতে চায়, আমরা তাকে স্বাগত জানাব। কিন্তু কেউ যদি মনে করে, পরিবর্তিত প্রেক্ষাপটে ছাত্রদলের পতাকাতলে এসে আরাম-আয়েশে জীবন যাপন করবে, সে বোকার স্বর্গে বাস করছে।

গণেশ চন্দ্র রায় সাহস আরও বলেন, ছাত্রদলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আমাদের সিনিয়র পার্সন। আমরা বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করে তারেক রহমানকে অভিহিত করি। সেই কর্মপরিকল্পনা যদি সমসাময়িক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, তাহলে অনুমতি দেন। সেটা অবশ্যই শিক্ষার্থীবান্ধব হয়।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ছাত্রদল অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর কোনো টর্চারসেল হবে না। গণরুম সংস্কৃতি তৈরি হবে না। ক্যাম্পাসে হবে মেধা ও জ্ঞানের চর্চা। ছাত্রদল এই ইতিবাচক চর্চার মধ্যে শিক্ষার্থীদের পক্ষে লড়াই সংগ্রাম জারি রাখবে।

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাবি শাখার সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন।

আরও পড়ুন

×